বই পড়া ইতিহাস গল্প বলে আলোচক মৌসুমী রায় বর্ষা ২০১৮

ইতিহাস গল্প বলে

সংকলন ও সম্পাদনা:
অশোক কুমার মিত্র
প্রকাশকঃ শিশু সাহিত্য সংসদ, প্রথম প্রকাশ- জানুয়ারি,২০১৮
প্রচ্ছদ ও অলংকরণঃ চন্দন বসু

ইতিহাস মানে কাহিনী। যারা ইতিহাস ভালবাসেন,আসলে তারা গল্প ভালবাসেন। সেই কোনযুগ থেকে মানুষের গল্পের শুরু।ক্রমাগত এগিয়ে চলা সময়ের পথে। হানাহানি,দুর্যোগ,সাম্রাজ্যের উত্থানপতনের  সমান্তরালে চলে ত্যাগ,জ্ঞান,মানবিকতার উতকর্ষের গল্প। ইতিহাস বইতে পড়ি সাল,তারিখ ও বড়বড় ঘটনার কথা। ইতিহাসের গল্প বলে ছোট ছোট ঘটনা,সাধারণ ও অসাধারণ মানুষের সাফল্য ও পরাজয়ের কাহিনী…কিছুটা যার সত্যের সূত্র ধরে আসা,কিছুটা শোনা আর অনেকটাই কল্পনার রঙ তুলিতে ডুবিয়ে ছবি আঁকা।মনে দাগ কেটে যায়। কোন এক অবচেতনে কিছু ভাল লাগা,কিছু আফসোস আর কিছু যন্ত্রণা রয়ে যায়।

 বইটিতে ইতিহাসের উপর চল্লিশটি ছোট গল্প সংকলিত হয়েছে কাল অনুসারে। শুরুতে রয়েছে প্রকাশক ও সংকলকের গুরুত্বপূর্ণ মতামত ও শেষে  সংক্ষিপ্ত লেখক পরিচিতি। লেখকদের মধ্যে রয়েছেন দীনেশচন্দ্র সেন,যদুনাথ সরকার,শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এ-যুগের শিশির বিশ্বাস, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত প্রমুখেরা। কিছু কিছু গল্প প্রকৃতই ইতিহাসের ঘটনা,কোনোটায় সূত্র এসেছে কোন সত্য ঘটনা থেকে,কেউ আবার সময়টাকে ধরে গল্প তৈরি করেছেন। প্রতিটি গল্পেই তাই  তার সময় ও সমকালীন পরিবেশ প্রতিফলিত হয়েছে।পরিবেশনের রকমফেরে কোন গল্প তাই শুনিয়েছে অস্ত্রের ঝনঝনা,কেউ দীর্ঘশ্বাস,কেউ বা এক আশ্চর্য সুখানুভূতি। প্রতিটি গল্পই সুনির্বাচিত,সুলিখিত ও সুপাঠ্য। সংকলক মহাশয় প্রথিতযশা।আলাদা করে তাই আর কিছু বলার নেই।প্রচ্ছদ ও অলংকরণ চমৎকার ।

এরকম একটি ইতিহাসের গল্প সঙ্কলনের অপেক্ষায় ছিলাম। পড়ে দেখুন। ছোটদের পড়ান। আলাদা করে ইতিহাস বই মুখস্ত করতে হবে না তাদের।

 বই পড়া সম্পূর্ণ লাইব্রেরি

Leave a Reply