ছড়া-নয় কেউ দূরে-রঞ্জনকুমার বন্দ্যোপাধ্যায়-বর্ষা’২০২৬

এই কবির আগের ছড়া- অর্ধেক ভূত, আরে, ভূতের ইচ্ছে, লেজ হয়েছে মোটা, খাদ্য

কলকাতা, মুম্বই আছে একসাথে

গঙ্গা, ভলগা, নীল একটু তফাতে।

আন্দিস, ইউরাল, আল্পস হিমালয়,

টোকিও, বেজিং, ঢাকা, মস্কো, মালয়

সহাবস্থানে মিলে আছে তারা বটে,

মিসিসিপি, মিসৌরি তারাও নিকটে।

গোদাবরী, টাইগ্রিস,পদ্মা, ঝিলাম

বলে ওঠে, “সবাইকে সঙ্গে নিলাম।”

তিন মরুভূমি গোবি, থর ও সাহারা

পারে না থাকতে একে অপরকে ছাড়া।

শহরে ও বন্দরে বচসা তো নাই,

এক সুরে বলে তারা, “মোরা এক ঠাঁই।”

দুনিয়ার যত নদী, পর্বত, দেশ

একত্রে মিলেমিশে আছে তারা বেশ।

সাগর, মহাসাগর, দ্বীপ ছোটোবড়ো

সব্বাই কাছেপিঠে হয়ে থাকে জড়ো।

বিবাদ করে না কেউ থাকে কাছাকাছি,

নাচে গায়, বলে, “আয়,এই বেশ আছি।”

আসল কথাটি বলি শোনো গো সবাই

পৃথিবীর ম্যাপে জেনো সব ভাই ভাই।

একজোটে থাকে সব করে না বিবাদ,

এখানে ঝগড়াঝাঁটি একেবারে বাদ।

একই পৃষ্ঠায় আছে একসাথে জুড়ে

‘ওয়ার্ল্ড অ্যাটলাস’-এ পাবে, নয় কেউ দূরে।

Leave a Reply