বই পড়া ডাইনি-দীপঙ্কর চৌধুরী মৌসুমী রায় বসন্ত ২০১৭

bookreviewnew60ডাইনী ও অন্যান্য গল্পঃ লেখক:  দীপঙ্কর চৌধুরীঃ  আলোচনা করলেনঃ মৌসুমী রায়

প্রকাশক: দাশগুপ্ত এন্ড কোম্পানী, প্রচ্ছদ ও অলংকরণঃ রাহুল মজুমদার, মূল্যঃ একশত কুড়ি টাকা

নয়ডার এক হাউসজিং কমপ্লেক্সে বেশ কিছু বাঙালি পরিবারের বাস।সবাই চাকরিসূত্রে প্রবাসী।তাঁদের মধ্যমণি বিজুদা।শ্রী বিজনবিহারী সরকার।পোশাকি পরিচয়ের বাইরে এক অসামান্য গল্পবলিয়ে।তাঁর মুখে বলা ছ’টি গল্পের সঙ্কলন এই বইটি। ই-পত্রিকা পরবাসের পাতায় বিজুদা সিরিজের এই গল্পগুলো প্রথম প্রকাশ পায়।পরে বই আকার নেয় ২০১১ সালে।

গল্পগুলোর নাম ডাইনী,কুম্ভক,নখদর্পণ,কামাখ্যা,কায়েন-বায়েত ও সিদ্ধেশ্বরী।নাম শুনেই বুঝতে পারছ যে এরা সেইসব অলৌকিক রহস্য রোমাঞ্চকর শ্রেণীর গল্প,যা পড়লে গা শিরশির করে,চোখ কপালে ওঠে আর বিশ্বাস-অবিশ্বাসের মধ্যখানের পর্দাটা কেমন করে জানি বেপাত্তা হয়ে যায়।

গল্পগুলোর সময়,প্রেক্ষাপট আর যুগের মধ্যে অনেক বৈচিত্র।লেখক সেইসব বৈচিত্রের মশলা দিয়ে রসসমৃদ্ধ করে চমৎকার একএকটি গল্পসৃষ্টি করেছেন, যা চেখে চেখে না পড়ে উপায় নেই।

“কুম্ভক” গল্প শুরু হয়েছে রণজিত সিংহ এর দরবারে এক আশ্চর্য ফকিরের খেল দিয়ে, শেষ হয়েছে মুর্শিদাবাদের এক গ্রামে এসে বিংশ শতাব্দীতে।

“কামাখ্যা” গল্পে কামরূপ-কামাখ্যার বশীকরণের সূত্র গিয়ে মিলেছে সেই পুর্ব জার্মানির ঠুরিঙ্গিয়ার এক প্রাশান প্রাসাদের অদ্ভুত বাসিন্দাদের গভীর ষড়যন্ত্রের সঙ্গে।

“কায়েন-বায়েত”এর পটভূমি তো আরো আশ্চর্য! বরাহনগরের সাবেকি বাড়ির রহস্যময় মানুষ মহীবাবু আর প্রয়াত ডাঃ তারকনাথের যাত্রাপথ সেই সুদূর শ্যামদেশের ঈসান প্রদেশ,মধ্যে আছে অলৌকিকত্বের নানা মশলার ঠাসবুনুনি।

আর “সিদ্ধেশ্বরী” গল্পে বিজুদা নিজে আর তাঁর  শ্রোতারা সবাই রহস্যে জড়িয়ে গিয়ে একাকার হয়ে গেছেন।বাকি গল্পগুলোর সূত্র আর নাই বা ধরে দিলাম।নিজেরাই বইটি জোগাড় করে পড়ে ফেলো।

বইটি এক দমে পড়ে ফেলার মতন।গল্পেরা এত  বৈচিত্রময় ও জমজমাট যে মনে হয় বিজুদার মুখে আরো অনেক গল্প শুনি।লেখকের কাছে আশা রাখি বিজুদা আরো গল্প বলবেন।

ছাপার ভুল চোখে পড়েনি।প্রচ্ছদ চমৎকার।বইএর সাইজ ও বাঁধানো বেশ।বইটি সবার জন্য সুখপাঠ্য।

জয়ঢাকের সমস্ত  বই পড়া  লাইব্রেরি 

 

 

Leave a Reply