শ্রী শিশির বিশ্বাসের লেখার সঙ্গে জয়ঢাকের পাঠক যথেষ্ট পরিচিত। জয়ঢাকের প্রায় প্রতি সংখ্যাতেই তাঁর লেখা গল্প বা উপন্যাস পড়ার সুযোগ পাই আমরা। দীর্ঘদিন ধরে ছোটোদের জন্য লিখে চলেছেন তিনি। আমি নিজে তো শিশিরবাবুর গল্পের বেজায় ভক্ত, পেলেই গোগ্রাসে পড়ে ফেলি। জানি আমার মতো আরও অনেকে আছে যারা তাঁর গল্প পড়তে ভালোবাসে। তাই তাদের জন্য কোথায় কোথায় এবং কোন কোন বইয়ে শিশির বিশ্বাসের লেখা গল্প-উপন্যাস পাওয়া যাবে এই লেখায় সে হদিশ দেওয়ার চেষ্টা করলাম।
শিশির বিশ্বাসের জন্ম ৫ জানুয়ারি ১৯৪৯ সনে। চাকরিজীবনে তিনি ছিলেন বি এস এন এল-এর উচ্চপদস্থ আধিকারিক, এখন অবসর নিয়েছেন। সাহিত্যচর্চায় হাতেখড়ি ছাত্রজীবনে, প্রথম প্রকাশিত গল্প ‘মৌচাক’ পত্রিকায়। কর্মক্ষেত্রে দায়িত্বপূর্ণ পদে ব্যস্ত থাকায় সাহিত্যচর্চায় হয়তো ভাটা পড়েছে মাঝেসাঝে, তবে তা বন্ধ হয়নি কখনও। যখনই সুযোগ হয়েছে তখনই তিনি কলম ধরেছেন ছোটোদের জন্য। আনন্দমেলা, শুকতারা, সন্দেশ, কিশোর ভারতী, শিশুমেলা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর গল্প-উপন্যাসের সংখ্যা শতাধিক। ‘বিক্রম সেনাপতি’ ছদ্মনামেও লিখে থাকেন তিনি। তাঁর প্রথম প্রকাশিত বই ‘বাঘবন্দী মন্তর’ প্রকাশিত হয়েছিল নিউস্ক্রিপ্ট থেকে, এখন অবশ্য আর পাওয়া যায় না সেটি।
শিশির বিশ্বাসের লেখা অনেক গল্প-উপন্যাসই আন্তর্জালে পাওয়া যাবে। দেখা যাচ্ছে এখন অবধি জয়ঢাকে তাঁর ১২টি গল্প বা উপন্যাস প্রকাশিত হয়েছে। একসঙ্গে সেই একডজন গল্পের হদিস পাওয়া যাবে জয়ঢাকের একটি পাতায়, নিচে তার লিংক দিলাম –
জয়ঢাকে প্রকাশিত শিশির বিশ্বাসের গল্প-উপন্যাস
এছাড়া আন্তর্জালে ‘শিশিরবিন্দু’ নামে স্বয়ং শিশিরবাবু পরিচালিত একটি ব্লগ সাইট আছে, সেখানে সাজানো আছে আরও অজস্র গল্প-উপন্যাস-প্রবন্ধ। সে সাইটের লিংকও রইল নিচে –
এবারে আসি শিশির বিশ্বাসের বইয়ের কথায়। তাঁর লেখা বহু বই আগে প্রকাশিত হয়েছে যার মধ্যে অনেকগুলিই হয়তো এখন আর পাওয়া যায় না। সেরকম কিছু বইয়ের নামঃ ১। বাঘবন্দী মন্তর, ২। সোনার মোহর, ৩। তুফানবাড়ির তিনমূর্তি, ৪। রোমাঞ্চ সব গল্পেই, ৫। জলে কুমির ডাঙ্গায় বাঘ, ৬। দার্জিলিংয়ে হৈ হৈ কাণ্ড, ৭। প্যাঙাদার পিকনিক, ৮। সোনার কাঠি, ৯। মাকুমামা দি গ্রেট, ১০। ভূত পেত্নী রাজপুত্তুর, ১১। কুড়িয়ে পাওয়া ছেলেবেলা।
এখন তাঁর লেখা যে সব বই পাওয়া যায়, এবং তার মধ্যে যেগুলি আমার সংগ্রহে আছে, সে সব বইয়ের খবর দিলাম নিচে। কোন বইয়ে কোন কোন গল্প আছে সে খবরও দেওয়া আছে, তার মধ্যে যে যে গল্প জয়ঢাকে প্রকাশিত হয়েছে সেগুলির অন্য রঙ দিয়ে, তাদের হাইপারলিংক লেখার শেষে দেয়া রইল, ক্লিক করলেই সটান পৌঁছে যাবে একদম গল্পের পাতায়।

আলোচনাঃ তাপস মৌলিক
জয়ঢাকের সমস্ত বুক রিভিউ একসাথে