ছড়ার পাতা-তিন বুড়ো-আবু হোসেন-জয়ঢাক৪৯-বর্ষা২০১৫

chhoratinburo

এপার নদী, ওপার নদী মধ্যিখানে চর
চরের ওপর বালির পাহাড় তিনটে বুড়োর ঘর
বড়কা বুড়ো সকালবেলায় বালির পাহাড় খোঁড়ে
মেজকা বুড়ো গর্ত বোজায় সমস্তদিন ধরে
ছোটকা বুড়ো, তিন নম্বর, সন্ধেবেলায় বসে
বালির ওপর ধপধপাধপ বাজনা বাজায় কষে
বালির ঢাকের শব্দ পেয়ে নদীর ভাঙে ঘুম
কলকলিয়ে ছলছলিয়ে ছুটে চলার ধুম
হাজার লাখো টুকরো চাঁদের গয়না মেখে গায়
হাসতে হাসতে ভাসতে ভাসতে কোথায় চলে যায়
জলের বুকে নৌকো তাতে তিনটে বুড়ো ভাসে
চাঁদের আলোয় ফোকলা দাঁতে খিলখিলিয়ে হাসে
হাসতে হাসতে ভাসতে ভাসতে রাত হলে নিঝঝুম
তিনটে বুড়ো বাজনা বাজায় ধিনতাকা পিন টুম
কাশ ধবধব তিনটে মাথায় চাঁদের অঢেল চুমো
রাত হল যে, তিনটে বুড়ো এবার তোরা ঘুমো
ঘুম আসে না, সকাল আসে ফিরবে ওরা বাড়ি
ধু ধু নদীর বুকের ওপর একলা বালিয়াড়ি
এপার নদী ওপার নদী মধ্যিখানে চর
চরের ওপর বালির পাহাড় তিনটে বুড়োর ঘর

ছবি- শিবশংকর ভট্টাচার্য

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply