ছড়া- বদ্রুবুড়োর গান- আবু হোসেন-শরৎ ২০২৩

সমস্ত আবু হোসেনি ছড়া

লম্ফ হেনে বদ্রুবুড়োর বর
মিশকালো এক হিম ঝিমোনো রাতে
দড়বড়িয়ে জানপাহাড়ে চড়
হিলমিলানো ঢাল তরোয়াল হাতে।
জানপাহাড়ে আঙরা-কালো আঁধার
নেই শহুরে ঝিক-মেলানো বাতি
জানপাহাড়ে কালোর সাথে সাদার
হিমলে লড়াই চলছে সারা রাতই।
জানপাহাড়ের আঁধার-গোলা ঢালে
ফিসফিসিয়ে কাদের গলার স্বর
রূপ ঢেকে যায় বর্মে তরোয়ালে
আকাশ জুড়ে মেঘের আড়ম্বর।
থমকে গেল বদ্রুবুড়ো একা
ভল্ল দিল ঝিলিক আগুনবরন
(তখন) একশো আঁধার সেপাই দিল দেখা
এক পা এগো অমনি হবে মরণ।

হা:হা হিহি বদ্রুবুড়ো হাসে
ভয় কারে কয় মস্তকে নাই লেখা
রক্তখেকো ভল্লা যদি পাশে
হাজার বাঘের সামনা করি একা।

তখন শনশনিয়ে ছিটকে এল তির
ঝিকঝিকিয়ে ভল্লা দিল উড়ন
ঠাঁই ঠনঠন ঘুরল তরবারি
রক্ত মেখে পাহাড় অরুণ-বরণ।

রাত কেটে যায় আকাশ হল রাঙা
হাজার পাখি লক্ষ কূজন করে
পাহাড়-চূড়ায় রক্তনদীর পাশে
ফুল-কবরে বদ্রুবুড়ো পড়ে।

জানপাহাড়ে আর নামে না আঁধার
আলোয় ভরা দিঘল পাহাড়-চুড়ো
শ্বেতপাথরের ছোট্টো সমাধিতে
দেখবে গিয়ে ঘুমায় বদ্রুবুড়ো।

কেউ জানে না, কেউ জানে না তাকে
কেউ দেখে না, কেউ বাসে না ভালো
কেউ শোনেনি অন্ধকারের দেশে
কোন তলোয়ার ফিরিয়ে দিল আলো।

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

Leave a Reply