
গুগলি খেতে হুগলি যাবার পথে
কাতলা মাছে মাতলা নদীর পাড়ে
ট্যাংরা কেন খ্যাংরা কাঠির সাথে
রাগবি খেলে রাতের অন্ধকারে।।
ফড়িং বলে বোরিং যখন লাগে
আকাশ পানে তাকাস দুএক বার
পারশে ছোটে জোরসে সবার আগে
নামতা পড়ে শোনায় বারংবার।।
চিংড়ি ভাবে ইংরিজিতে কথা
বিদেশ গেলে বলতে হতেই পারে
সাহেব, সুবো কায়দা কানুন প্রথা
গ্রামার তবে শিখবে পরের বারে।।
পাবদা সে তো জাবদা খাতায় লিখে
রাখছে দেখি অঙ্ক ভূগোল ছড়া
ইলিশ ঘুমে স্বপ্ন সাঁতার শিখে
ছুটির দিনে খাচ্ছে ডালের বড়া।।
ভাবছ বুঝি এসব ভীষণ সোজা
চিতল মাছে পিতল কানের দুল
মৌরলা ঠিক হাজার কাজের বোঝা
নিয়েই বলে আবার হিসেব ভুল।।
মাগুর শিঙি এলিট কেলাস বটে
ইচ্ছে মতো বেড়ায় তেপান্তরে
মিলছে নাতো এখন যেসব ঘটে
ঘুমিয়ে থাকে নেহাত পাতাল ঘরে।।
আগেই বলি সত্যি এসব খাঁটি
ভেজাল আমি মেশাই নিতো কোন
নইলে দেখ আনন্দটাই মাটি
মিথ্যে কথা বলবে না কক্ষনো।।
ছবিঃ সৌভিক