এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা, মুখ বন্ধ, সকরুণ কাহিনি,বনের খবর , এই ছড়াটা, রাত দুপুরে, ভূত ভূতুড়ে, পরিরা এসেছিল

রাত্রে নাকি বেড়ালগুলো
বলতে পারে কথা।
সকল মেনি সকল হুলো
জানায় মনের ব্যথা,
তাই,
রাত্তিরেতে ডাকলে বিড়াল,
কান পাততে নাই।
যদি পেতেই ফেলো তবে,
তাদের কথা শুনতে পাবে, আর
মানুষ থাকার হবে না দরকার।
গায়ে গজাবে, হাল্কা হলুদ লোম,
ছিড়ছিড়ানো গোঁপ,
তুমি বলবে চোপ,
লোকে শুনবে মিঁয়াও
এঁটো কাঁটা চিবিয়ে বলবে, ওয়াও।
পর দিন সকালে,
হলুদ রঙের নতুন বেড়াল,
বসে আছে পাঁচিলে,
হাসি হাসি মুখে,
আনন্দ আর সুখে।
সেই লোকটা গেল যে কোথায়
বাকিরা তখন সে গভীর চিন্তায়।