লেখকের আগের ছড়া- চিঠি, শারদীয়ার বইপত্র

“এবার গরম বড্ড বেশি”
বলেন হরি দাদু।
“গতবারে ঠান্ডা ছিল?
হননি বুঝি কাবু?”
“সেবার আমি গিয়েছিলাম
আলাস্কাতে একা,
রোমশ ভালুক শিকার করে
চামড়াটি দিই ঢাকা।”
“মোতি বলেন আল্পসে তখন,
বরফ ঝুরো ঝুরো।
এপাশ থেকে ওপাশে লাফ,
অনেক পাহাড় চূড়ো।”
“এবার টিকিট কাটাই আছে
বুঝলে ওহে মোতি,
রকেট যাবে চাঁদের দেশে
দুরন্ত তার গতি।
বছর পাঁচেক কাটিয়ে সেথায়
ফিরব যখন ভাই,
মুড়িসহ তেলেভাজার
আড্ডাখানি চাই।”
মোতি হাসেন লজ্জা পেয়ে,
“আর বলোনা তুমি,
এবার নোবেল আমায় দেবে,
মেল এসেছে, আমি
বাক্স-প্যাঁটরা গুছিয়ে নিয়ে,
স্টকহোলমে যাব,
তোমার আসার খবর বলো,
কেমন করে পাব?
রাশিয়া আর আমেরিকা
করছে ডাকাডাকি,
দু’দেশেতেই ধরো যদি
বছর ছ’য়েক থাকি।”
“মিথ্যেবাদী মতিরে তোর
ধরব চুলের মুঠি?
নোবেল প্রাইজ!আহ্লাদ আর
ধরছে না যে দেখি!”
“আলাস্কাতে গুলবাজিটার
পথ দেখালে গুরু,
গুলের সঙ্গে গুল মিশে তাই
গল্প হল শুরু।”