সৌমেন দাসের আগের ছড়া – ধবধবে চাঁদখানা,ইরিং বিরিং তিড়িং ছা, স্মৃতি যত, নেই শৈশব, মনকেমনের দিনে রাতভয়, বৃষ্টি পড়ে

সারাটা দিন মেঘ থমথম
বৃষ্টি গুঁড়ি-গুঁড়ি,
দুষ্টু হেসে মেঘ বললে,
“রোদ করেছি চুরি!
রোদ হয়েছে বন্দি এখন
আর দেবে না হানা!
মনে রেখো, রোদের কথা
বলতে সবার মানা!”
মেঘের কথায় অমনি সবার
বুকটি হাহাকার-
এক পলকে হাসির ছুটি
মুখটি করে ভার।
নিষেধ ভুলে যেই না দেখি
হাসল খোকা-খুকি
ঝুপ্ করে ওই মেঘের আড়ে
সূয্যি দিলে উঁকি।
ফিকে আলোয় কাটল আঁধার
থামল বাদল ভেলা-
এবার বুঝি দুষ্টু মেঘের
বিদায় নেবার পালা।
জয়ঢাকের ছড়া সংগ্রহ