ছড়ার পাতা- আবার শিমূলতলা -শান্তনু বন্দ্যোপাধ্যায়- শীত ২০২৩

এই লেখকের আগের ছড়া-  লবঙ্গ, দিনরাত, বোঝো, ঘুরতে যাবে, দেবতা, নেই, যুদ্ধযাত্রা, ভূতের দেখা,ঘুমকাতুরে, খাদ্যতালিকা, সপ্তাহান্ত, শিমূলতলা 

chhorashimultala

সে এক গল্প বলি শোনো
অনেকদিনের কথা,
কিসসা যাহার, সে ছিল ঘরকুনো!
দলবেঁধে সব গেছে শিমুলতলা
বোঁচকাবুচকি বাঁধা
র‍্যাপার মোড়া আগা ও পাশতলা।
দ্বিতীয় দিনে জলখাবারের পর
মিথ্যেতো নয়
ঘরকুনোকে করল কী যে ভর!
বলল হেঁকে, পাহাড় বেয়ে যাব
ভেবলে গেলাম
রুদ্র মূর্তি, কে আর আটকাব?
রৌদ্র চড়ে, চড়ে যে ঘরকুনো
ঠাকুর জপি
এযাত্রা মা প্রার্থনাটা শুনো!
মুখ তুলেছি যেই, চূড়ার খানিক নীচে
আঁতকে দেখি
হনুর দলে দাঁতচোখমুখ খিঁচে!
ঠিক যেখানে লটকে আছে কুনো
রঙ চড়াইনি
মাইরি বলছি, দোষ নিও না যেন!
কুনোর তখন ভিরমি দশা, আমরা বেবাক থম
কে যে ছিল!
ও হ্যাঁ হ্যাঁ সেই সাধুবাবা, গাঁজায় দিয়ে দম
ফিরিয়ে আনে কুনোয় নীচে পাতকুয়োটার পাশে
নেতিয়ে কিনা!
জল ছিটোলে কুনো তখন একটু উঠে বসে।
ভাঙল হাঁটে হাঁড়ি তখন, কে সে মনে নেই
মিশিয়ে ছিল চায়ের সাথে সিদ্ধিবাটা লেই।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply