
ইচ্ছে হলেই আমি চলে যেতে পারি
এ শহর ছেড়েছুড়ে,
ছেড়েছুড়ে চেনাশোনা বাড়ি
ইচ্ছে হলেই আমি চলে যেতে পারি
লোহার পাটিতে ঘোরে চাকা
কোথা যাও? দিল্লি বা ঢাকা
অথবা দূরের কোন দেশে
নামছাড়া কোন এক
সাগরপাড়ের গ্রামে এসে
ঘুমচোখে গাড়ি থেকে নেমে
দেখব সময় গেছে থেমে
জল জুড়ে সকালের
সোনামাখা আলো ঝিকমিক—
দেখে নিও একদিন
সেইখানে চলে যাব—
সেইখানে চলে যাব ঠিক।