অর্ণবের আগের ছড়া- সব পেয়েছির দেশ, জমিদারবাড়ির কান্ডকারখানা, কেল্লাফতে

শোনো ভাই, গতকাল মনিহারি মিত্র,
সারারাত খাতা টেনে এঁকেছেন চিত্র।
রাস্তাতে ধরে তাই গোঁফখানা পাকিয়ে,
বলে দেন, “শোনো আমি, খুব বড়ো আঁকিয়ে।”
বলিহারি যাই বাপু, ঘেমে নেয়ে গ্রীষ্মে,
সাদা পাতা ভরে কেউ হাবিজাবি দৃশ্যে!
নানা রঙ, তুলি নিয়ে—সরু, মোটা, পাতলা,
এঁকেছেন চারাপোনা, তেলাপিয়া, কাতলা।
আর যত দিন আসে সোম থেকে রবিতে,
ততগুলো হাঁস দেখি ওইটুকু ছবিতে!
যদিও সে হাঁস যেন হাঙরের ভায়রা,
মাছ দেখে দ্বিধা জাগে—ব্যাঙাচি না পায়রা!
ছবিটার বাড়ি দেখে ব্যথা লাগে প্রাণে,
একতলা বসে তার দোতলার স্থানে!
বেশ বেশ ছবি ওটা, বেশি ভুল ধরিনে,
তাই বলে ঘাস খাবে, বাঘে আর হরিণে!
দেখে শুনে মাথা ভোঁ ভোঁ, কানে লাগে তালা রে,
ওরে বাবা, ফের আসে, পালা, পালা, পালা রে!
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে