ছড়ার পাতা-কেল্লাফতে-অর্ণব ভট্টাচার্য-বসন্ত ২০২৪

অর্ণবের আগের ছড়া- সব পেয়েছির দেশ, জমিদারবাড়ির কান্ডকারখানা

chhorakellafateh88

মার দিয়া কেল্লা, কর লিয়া ফতে,
ঠিক বেলা বারোটায় তেত্রিশ গতে।
পাঁচজন সেনা আর চারখান হাতি,
এই নিয়ে লড়েছিল হারুদার নাতি।
ওইদিকে যারা ছিল, কম নয় কিছু,
তিনখানা বাঘে চড়ে নিয়েছিল পিছু।
আমিও তো খুব বীর, খুলে তরবারি,
কুংফুর কায়দায়, মশা-মাছি মারি।
তাই দেখে শত্রুরা দেওয়ালেতে সেঁটে,
হো হো করে হেসে হেসে, মরে পেট ফেটে।
আমাদের সেনাপতি দাড়িখানা নেড়ে,
দুর্গের দরজার দিকে যায় তেড়ে।
দরজার প্রহরীরা ভয়ে বলে,“পালা”
সেনাপতি ভেঙে ফেলে জংধরা তালা।
ভেতরেতে ঢুকে হায়, মাথা যায় ঘুরে,
একখানা মাঠ দেখি চরাচর জুড়ে।
কেল্লাটা খুঁজি যেই, দেখি খুব ঝুঁকে-
বুড়ি এক চলে আসে, লাঠিখান ঠুকে।
“কেল্লাতো নেই, বাছা” বলে সেই বুড়ি,
লড়াইয়ের সময়েতে হয়ে গেছে চুরি।

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

 

Leave a Reply