বই : গল্প সল্প
লেখক: শিবশংকর ভট্টাচার্য
প্রকাশক : একপর্ণিকা
পরিবেশক- জয়ঢাক প্রকাশন
মুদ্রিত মূল্য : ৪৭৫ টাকা
প্রতিক্রিয়া : রাহুল মজুমদার
হোয়াটস অ্যাপ অর্ডার- 9007284988

শিবশঙ্কর ভট্টাচার্যের বই নিয়ে কিছু লিখতে গেলে যে খানিকটা পক্ষপাতিত্ব হয়ে যাবে, জানতাম —কারণ শিবশঙ্কর আমার বহুদিনের প্রিয় বন্ধু শিবু; তুইতোকারির সম্পর্ক আমাদের। কিন্তু ব্যাটা আমাকে ভুল প্রমাণ করে দিল —পক্ষপাতিত্ব করার সুযোগই দিল না। ও যে দুর্দান্ত লেখে,জানতাম। ওর ছবিও যে দুর্ধর্ষ, তাও জানতাম। কিন্তু অনেকগুলো গল্প এক জায়গায় এনে, সেগুলোর ছবি এঁকে, মলাট এঁকে ব্যাটা আমায় পুরো পেড়ে ফেলল। লেখাকে বেশি নম্বর দেব,না ছবিকে, ঠিক করতে গিয়ে টাকটা আরও বড় হয়ে গেল।
শিবশঙ্কর ছবি লেখে, কথা আঁকে। লীলাদির (মজুমদার) পর এমন মরমী কলম খুবই কম চোখে পড়েছে। কখন যে গল্পের চরিত্র, ঘটনাগুলো বুকের ভেতর সেঁধিয়ে যায়, টেরই পাই না। প্রতিটা গল্প ধরে লিখতে বসলে যাচ্ছেতাই রকমের বড় হয়ে যাবে, তাই ও ধার মাড়াবই না। দু তিন রকম রসের লেখা রয়েছে এই সংকলনে; প্রতি ক্ষেত্রেই শিবু বলে বলে ছক্কা হাঁকিয়েছে। আর ছবি? স্বশিক্ষিত শিল্পী সত্যজিৎ রায়ের মতো অনুপ্রাণিত করার ব্যক্তির আশ্রয় পেলে কোন উচ্চতায় তার শিল্পকে নিয়ে যেতে পারে,শিবু তার সেরা উদাহরণ। লেখা, ছবি,ভূমিকা, মুখবন্ধ,মলাট —সব মিলিয়ে জমজমাট। কোনও ফুটোফাটা খোঁজা একরকম অসম্ভব ঠেকেছে আমার কাছে। বয়সে এক বছরের ছোট হলেও লেখা আঁকা, শিল্পনির্দেশনা সব ব্যাপারেই শিবশঙ্কর আমার থেকে অনেক বড়। বিশ্বাস না হলে বইটা পড়ে দেখুন।