টাইম মেশিন-প্যারাডাইম শিফট (পর্ব ১)–দ্যুতি দাস, বুমা ব্যানার্জী দাস-শরৎ ’২৬

১৯০১ থেকে ২০২৬ অবধি ক্যালেন্ডারের প্রতিটি তারিখে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার সালতামামি থাকবে এই ধারাবাহিকে। প্রথম সংখ্যায় রইল জানুয়ারি ১ থেকে জানুয়ারি ২০। যেকোনো তারিখে ঘটা যে ঘটনাগুলো মানুষের ইতিহাসকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে সেই ঘটনাগুলোকে একত্র করার চেষ্টা করেছেন দুই সংগ্রাহক। কোনো পাঠকের যদি মনে হয় এতে তেমন কোনো ঘটোনা বাদ পড়ে গেছে, তাহলে কমেন্ট বক্সে সেইসব ঘটনার কথা  তারিখসহ উল্লেখ করতে পারেন।

ভূমিকা: দ্যুতি দাস

দুনিয়াজোড়া হরেক সমাজ ক্রমাগত নিজের নিজের দৃষ্টিকোণ থেকে নিজেদের বদলে আরও বেশি ভালো জায়গায় পৌঁছোতে চাইছে। কিন্তু ‘উন্নতি’ কাকে বলব, তার মাপকাঠিগুলো প্রায় প্রতিদিনই বদলে যায়। মাঝে মাঝে দেখা যায় যে দশকের পর দশক কেটে যায় কোনও উল্লেখযোগ্য বদল ছাড়াই, আবার মাঝে মাঝে দেখা যায় কয়েকটা সপ্তাহেই মানুষ কয়েক দশক এগিয়ে যাবার মতো বদল ঘটিয়ে ফেলেছে। প্রতি প্রজন্মেই আগের প্রজন্মের উত্তরসূরিদের একটা পুরোনো প্রশ্নের মোকাবিলা করতে হয়। সে প্রশ্ন হল, আর নতুন কী করবার আছে?

অথচ যে দুনিয়াটা আমার চেনা, তা কিন্তু নিজের অস্তিত্বের প্রতিটা মুহূর্তে বদলে চলেছে। কখনও ছোটো ছোটো পদক্ষেপে, কখনো-বা বিশাল বিশাল লাফে এগিয়ে চলে উন্নতির রথ। প্রতিটি বছর, সপ্তাহ, প্রতিটি ঘণ্টা বদল ঘটাবার সম্ভাবনাকে বুকে ধরে রাখে; সে বদল হতে পারে উন্নতি, কিংবা অবনমন; হয়তো মঙ্গলময় কিংবা অমঙ্গলসূচক।

আমাদের সামনে হয়তো কোনও বড়ো বদল আসছে, হয়তো আসছে না। কিন্তু ভবিষ্যতের গর্ভে কী আছে তা না জানতে পারলেও, মুখ ঘুরিয়ে আমাদের ফেলে আসা সোয়া শতাব্দীর দিকে তাকিয়ে দেখাটা সবসময়ই একঝলক তাজা হাওয়ার সুবাস বয়ে আনে। চলো দেখা যাক সে-বছরগুলোয় কীভাবে বদল এসেছে মানুষের সমাজে।

পর্যবেক্ষণ

হয়তো এই সময়রেখায় পৃথিবীর নানা কোণে আরও অনেক কিছু ঘটেছিল, কিন্তু খবরে উঠে এসেছিল নির্দিষ্ট কিছু দেশ। কত দেশের কথা সেভাবে জানাই যায় না; হয় কেবল তাদের মাতৃভাষাতেই খবরটা প্রকাশ পায়, অথবা প্রথম বিশ্বের ঝলমলে সংবাদের আড়ালে হারিয়ে যায় সেগুলো।

তবুও নানাধরনের উল্লেখযোগ্য খবরের মধ্যে আমরা সে-সব খবরই বেছে নিয়েছি যেগুলো মানবসভ্যতার ওপর সামগ্রিকভাবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

লিজেন্ড:

কালো: বিজ্ঞান/ প্রযুক্তি, নীল: ইতিহাস/ সমাজ

পয়লা জানুয়ারি

১৯০৯: ব্রিটেনে সত্তরোর্ধ্বদের পেনশন দেওয়া শুরু হয়।

১৯১২: রাজতন্ত্রের অবসান ঘটিয়ে চিনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯১৪: বেলজিয়ান চিকিৎসক ও বিজ্ঞানী আলবার্ট হাস্টিন সংরক্ষিত রক্তে সোডিয়াম সাইট্রেট মিশিয়ে রক্তের জমাট বেঁধে যাওয়া রোধ করেন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এটা মস্ত বড়ো ধাপ, কারণ এর আগে ব্লাড ট্রান্সফিউশনের জন্য দাতা ও গ্রহীতার দেহ যুক্ত থাকতে হত, না হলে রক্ত জমাট বেঁধে প্রক্রিয়াটি হত পণ্ড।

১৯২৫: মহাকাশ বিজ্ঞানী এডউইন হাবল আমেরিকান অ্যাসট্রোনমিক্যাল সোসাইটিতে (American Astronomical Society) তাঁর সাড়া জাগানো গবেষণাপত্র উপস্থাপন করেন। হাবল নিশ্চিতভাবে আমাদের পরিচিত আকাশগঙ্গার বাইরেও অন্যান্য ছায়াপথের (galaxy) অস্তিত্ব প্রমাণ করেছিলেন। স্বাভাবিকভাবেই মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণার আমূল পরিবর্তন ঘটেছিল এরপর।

১৯৮১: বিশ্বের সমস্ত মানুষের কাছে শুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা পৌঁছানোর উদ্দেশ্যে ইউনাইটেড নেশন পরবর্তী দশ বছরকে আন্তর্জাতিক পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন দশক (International Drinking Water Supply and Sanitation Decade) বলে ঘোষণা করে।

১৯৮৩: মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের নিজস্ব নেটওয়ার্ক আরপানেট (ARPANET) ব্যবহার করত। সেই নেটওয়ার্কে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয় থাকলেও আরপানেটের এনসিপি (NCP) বা নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল দিয়ে অন্য কোনও নেটওয়ার্কের সঙ্গে ডেটা বিনিময় করা যেত না। ১৯৮৩ সালের পয়লা জানুয়ারি তারা টিসিপি/আইপি (TCP/IP) বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল/ ইন্টারনেট প্রোটোকল চালু করে। এর ফলে আলাদা আলাদা নেটওয়ার্ক একসঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। এইভাবেই বর্তমান ইন্টারনেটের জন্ম হয়।

১৯৯৩: চেকোস্লোভাকিয়া কোনোরকম রক্তপাত ছাড়াই চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া দুটি আলাদা দেশে বিভক্ত হয়ে যায়।

১৯৯৫: ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পত্তন ঘটে আনুষ্ঠানিকভাবে।

১৯৯৯: ১১টি ইউরোপিয়ান দেশে ইউরো মুদ্রা চালু হয়।

 

২ জানুয়ারি

১৯৩৫: বৈমানিক চার্লস লিন্ডবার্গের শিশুপুত্রের বিয়োগান্তক অপহরণের ঘটনাটি বিখ্যাত। অভিযুক্ত ব্রুনো হপ্টম্যানের বিচার শুরু হয়েছিল এই দিনে। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপিং আইন প্রণয়নে এই মামলার বড়ো ভূমিকা ছিল।

১৯৫৪: ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নের প্রবর্তন করা হয়।

১৯৫৯: মুক্তিবেগ (escape velocity) অর্জন করে সূর্যকেন্দ্রিক (heliocentric) কক্ষপথে প্রবেশ করা মনুষ্যসৃষ্ট প্রথম যানটির নাম ‘লুনা ১’। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই মহাকাশযান পৃথিবী আর মঙ্গলগ্রহের মাঝখানে সূর্যকেন্দ্রিক কক্ষপথে নিজেকে স্থাপন করেছিল। যদিও ওর আসল গন্তব্য ছিল চাঁদ, কিন্তু হিসেবের গরমিলে চাঁদের সঙ্গে লুনা ১-এর দূরত্ব থেকে যায় ৫,৯০০ কিমি।

১৯৬৬: ১৪৯২ খ্রিস্টাব্দে ইহুদিদের স্পেন থেকে বহিষ্কার করা হয়। বিশ শতকের মাঝামাঝি তারা আবার ফিরতে শুরু করে, ১৯৬৬ সালের দোসরা জানুয়ারি স্পেনে ১৪৯২-এর পর প্রথম ইহুদি শিশুর আইনসিদ্ধ জন্ম হয়।

১৯৭৫: স্বনামধন্য বিল গেটস আর পল অ্যালেন নিজেদের কোম্পানির নাম রাখেন ‘মাইক্রোসফট’, আর মেক্সিকোর এক সংস্থাকে লেখা চিঠিতে সে-নাম উল্লেখও করেন তাঁরা।

৩ জানুয়ারি

১৯২৪: ব্রিটিশ ইজিপ্ট বিশেষজ্ঞ হাওয়ার্ড কার্টার লাক্সরের কাছে ভ্যালি অফ কিংস-এ বালক ফারাও তুতানখামুনের শবাধারের সন্ধান পান। পুরাতত্ত্বের দুনিয়ায় এটি অন্যতম বিশিষ্ট আবিষ্কার।

১৯৩৮: মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ‘ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফ্যান্টাইল প্যারালিসিস’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানই পরবর্তী সময়ে পোলিও ভ্যাকসিন তৈরির পুঁজি জুগিয়েছিল।

১৯৫৭: হ্যামিলটন ওয়াচ কোম্পানি পৃথিবীর প্রথম ব্যাটারিচালিত হাতঘড়ির প্রচলন করে।

১৯৯৩: মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ও রাশিয়ার তদানীন্তন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন উভয়পক্ষের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার হ্রাস করার উদ্দেশ্যে START II (Strategic Arms Reduction Treaty II)-তে স্বাক্ষর করেন।

২০১৮: রোমের বিজ্ঞানীরা শক্ত বা নরম বস্তু শনাক্ত করতে সক্ষম বায়োনিক হাতের (bionic hand) বহনযোগ্য সংস্করণ (portable version) জনসাধারণের সামনে উপস্থিত করেন।

২০১৯: চাঁদের উলটো পিঠ বা দূরবর্তী পিঠে প্রথমবার নামার কৃতিত্ব অর্জন করে চিনের চাং’আ ৪ (Chang’e 4)। অবশ্য এই যানে কোনও মানুষ ছিল না। ইউটু-২ নামের রোভারকে কাজে লাগিয়ে চাঁদের উলটো পিঠের মাটি আর পাথর সংগ্রহ করা হয়েছিল সফলভাবে।

৪ জানুয়ারি

১৯৪৮: বর্মা (তখন মিয়ানমারের এই নাম ছিল) ১২৪ বছরের ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে।

১৯৯৬: লস এঞ্জেলেস অটো শোতে জেনারেল মোটরস তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি জনসাধারণের জন্য প্রদর্শন করে। 

২০০৪: নাসার (NASA) অনুসন্ধানকারী রোভার স্পিরিট আর অপরচুনিটি মঙ্গলগ্রহে অবতরণ করে।

২০১০: বিশ্বের উচ্চতম ভবন, দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফার উদ্বোধন হয় এই দিন।

২০২১: ব্রিটেনের ব্রায়ান পিঙ্কার অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিডের টিকা নেন। তিনি এই টিকার প্রথম প্রাপক। তাঁর বয়স তখন বিরাশি বছর।

৫ জানুয়ারি

১৯১৪: ফোর্ড মোটর কোম্পানি তার কর্মীদের দৈনিক সর্বনিম্ন বেতন ২.৪ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করে। এছাড়া দৈনিক শ্রমের সময় ধার্য করা হয় ৮ ঘণ্টা। এর আগে ফোর্ডের কর্মীদের দৈনিক শ্রমের সময় নয় ঘণ্টা থাকলেও অন্যান্য কারখানায় দৈনিক ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত শ্রমদান করাটা স্বাভাবিক বলে ধরে নেওয়া হত।

১৯২৫: আমেরিকার ইতিহাসের প্রথম মহিলা গভর্নর নেলি রস ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৩৩: সান ফ্রান্সিসকো থেকে মারিন কাউন্টি পর্যন্ত বিস্তৃত ২.৭ কিমি লম্বা সুবিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছিল এই দিনে। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, স্থাপত্যবিদ্যার ক্ষেত্রেও এই ব্রিজের অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, ব্রিজ তৈরি হতে প্রায় সাড়ে চার বছর লেগেছিল।

১৯৭১: মেলবোর্নে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয় এই দিন।

১৯৭২: মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নাসার স্পেস-শাটল-প্রোগ্রামজনিত ব্যয় ও সময়সীমার খতিয়ান অনুমোদন করেছিলেন। এটা না হলে নাসার পক্ষে তার মহাকাশ-বিষয়ক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব হত না।

২০১৪: ভারতবর্ষ তার নিজস্ব ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করে GSAT-14 উপগ্রহের সফল উৎক্ষেপণ ঘটায়। নিঃসন্দেহে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) এবং সমগ্র ভারতবাসীর পক্ষে এই দিনটি পরম গর্বের।

৬ জানুয়ারি

১৯০৭: ডক্টর মারিয়া মন্টেসরি রোমে তাঁর প্রথম বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেখানে বাচ্চাদের দেখাশোনা করার ব্যবস্থাও ছিল। সেই থেকেই মন্টেসরি শিক্ষা ব্যবস্থার সূত্রপাত।

১৯১২: জার্মান জিওলজিক্যাল সোসাইটির অধিবেশনে আলফ্রেড ওয়েগনার তাঁর মহাদেশীয় সঞ্চালন (continental drift) মতবাদটি পেশ করেন। একসময় সমস্ত মহাদেশ মিলে প্যানজিয়া বা মহা-ভূখণ্ড ছিল, পরে তারা ধীরে ধীরে একে অন্যের থেকে সরে যেতে থাকে— ওয়েগনারের এই মতবাদ প্রথমে উপহাসের সম্মুখীন হলেও পরে এর থেকেই টেকটনিক পাত সঞ্চালন তত্ত্বের (plate tectonics) জন্ম হয়।

১৯২৯: সেন্ট মাদার টেরিজা কলকাতায় এসে পৌঁছান।

২০০০: পৃথিবীর শেষ পিরানিয়ান আইবেক্সটির মৃত্যু হয় গাছ পড়ে। এই প্রজাতি লুপ্ত হয় এরপর।

৭ জানুয়ারি

১৯১৩: উইলিয়াম বার্টন গ্যাসোলিন উৎপাদন করার পেটেন্ট অর্জন করেন।

১৯২৭: বাণিজ্যিক দূরভাষ পরিসেবা অ্যাটলান্টিক মহাসাগরের দুই প্রান্তের দুই শহরকে সংযুক্ত করে। সেই প্রথম নিউ ইয়র্কের বাসিন্দারা লন্ডনের মানুষজনের সঙ্গে দূরভাষে কথা বলার সুযোগ পায়। নর্থ আমেরিকার সঙ্গে ইউরোপের এই টেলিফোন যোগাযোগ কিন্তু মহার্ঘ্য ছিল, তিন মিনিট কথা বলার খরচা পড়ত পঁচাত্তর ডলার। সময় পেরিয়ে গেলে প্রতি মিনিটে খরচা আরও বেশি পড়ত।

১৯৫৪: আইবিএম তার মেইনফ্রেম কম্পিউটার IBM 701 ব্যবহার করে ষাটটির ওপর রাশিয়ান বাক্য নির্ভুল ইংরেজিতে অনুবাদ করে দেখায়। মাত্র আড়াইশোটি রাশিয়ান শব্দের ভাণ্ডার ছিল IBM 701-এর ম্যাগনেটিক ড্রামে। যান্ত্রিক অনুবাদের শুভ সূচনা হয় সেদিন।

১৯৭৯: ভিয়েতনামী সামরিক বাহিনীর আক্রমণে কম্বোডিয়ার কুখ্যাত খেম্ র্‌ রুজ সরকারের পতন।

৮ জানুয়ারি

১৯১২: সাউথ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে শুরু হয় বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই।

৯ জানুয়ারি

১৯০১: ধাতব নাট, বোল্ট, পাত ও প্লেট জুড়ে ছোটো গাড়ি, ক্রেন বা যন্ত্র তৈরি করার বিখ্যাত খেলনার সেট মেকানো তৈরির পেটেন্ট পান আবিষ্কারক ফ্র্যাঙ্ক হর্নবি। তখন অবশ্য এই খেলনার নাম ছিল ‘মেকানিক্স মেড ইজি’।

১৯১৫: মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে তাঁর সত্যাগ্রহ আন্দোলনের দর্শন নিয়ে ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন।

১৯৬৮: নাসার মনুষ্যহীন অনুসন্ধানকারী যান সারভেয়র ৭ (Surveyor 7) চাঁদের দক্ষিণ গোলার্ধে টাইকো ক্রেটারের কাছে অবতরণ করে। এই মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের মাটি পরীক্ষা করে দেখা।

২০০১: অ্যাপল ইনকর্পোরেটেড (Apple Inc) আইটিউনস (iTunes) নিয়ে এসে গান শোনার হালচাল আমূল পালটে দেয়।

২০০৫: কেনিয়ায় শান্তি চুক্তি সাক্ষরের মাধ্যমে সুদানের বাইশ বছর ব্যাপী দ্বিতীয় গৃহযুদ্ধের অবসান ঘটে। এই চুক্তিই পরবর্তী সময়ে দক্ষিণ সুদানকে স্বাধীনতা পেতে সাহায্য করে।

২০০৭: সান ফ্রান্সিসকোর এক সম্মেলনে স্টিভ জোবস সারা পৃথিবীর সঙ্গে আইফোনের পরিচয় ঘটান। মানুষের জীবনে এই ঘটনার বিপুল প্রভাব অনস্বীকার্য।

১০ জানুয়ারি

১৯০১: টেক্সাসের স্পিন্ডলটপ অয়েলফিল্ড নামক তৈলক্ষেত্র আবিষ্কার করেন ক্যাপ্টেন অ্যান্টনি লুকাস। ড্রিল করার পর তেলের ফোয়ারা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট ছিটকে ওঠে। প্রতিদিন এক লক্ষ ব্যারেল তেল বের হয়ে এই লুকাস গাশার আধুনিক পেট্রোলিয়াম শিল্পের জন্ম দেয়। নয় দিন ধরে এমন ফোয়ারা ছুটেছিল।

১৯৪৬: ইউনাইটেড নেশনের সাধারণ পরিষদের (General Assembly) প্রথম সভা বসেছিল লন্ডনে। ৫১টি দেশ এতে অংশগ্রহণ করেছিল।

১১ জানুয়ারি

১৯২২: জীবনদায়ী ইনসুলিন ইনজেকশন প্রথমবার কোনও মানুষকে দেওয়া হয়। প্রাপক ছিল ১৪ বছর বয়েসি লিওনার্ড থম্পসন। ইনজেকশন দেওয়ার সময়ে তার জীবনের আশা প্রায় ছিল না বললেই চলে। উল্লেখ্য, এই প্রথম ইনজেকশনে তার কিছু ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। কিছু রদবদল করে দ্বিতীয় ইনজেকশন দেওয়া হয় বারো দিন পর। থম্পসন আরও ১৩ বছরের জীবন ফিরে পেয়েছিল, যদিও ইনসুলিন ইনজেকশন ছিল তার নিত্যসঙ্গী।

১৯৫৫: মার্কিন রসায়নবিদ লয়েড কনোভার টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক তৈরির পেটেন্ট অর্জন করেছিলেন, যদিও মূল আবিষ্কারটি তিনি বছর তিনেক আগেই করেছিলেন।

১৯৬৪: মার্কিন সার্জন জেনারেল লুথার টেরি সরকারি প্রতিবেদনে ঘোষণা করেছিলেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ধূমপানের সঙ্গে ফুসফুসের ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে।

১৯৭২: পূর্ব পাকিস্তানের নাম সরকারিভাবে পরিবর্তন করে ‘বাংলাদেশ’ রাখা হয়।

১৯৮৫: পৃথিবীর অন্যতম বৃহৎ সংগীত সম্মেলন রক ইন রিও-র প্রথম অনুষ্ঠান ব্রাজিলে হয় এদিন। দর্শক সংখ্যা ছিল ১.৫ মিলিয়ন।

১২ জানুয়ারি

১৯০৮: প্রথমে ঠিক করা হয়েছিল আইফেল টাওয়ার কুড়ি বছরের জন্য থাকবে, তারপর ভেঙে ফেলা হবে। সেই ভাঙচুরের তোড়জোড় যখন চলছে, তখন পদার্থবিদ ও আবিষ্কারক লি দ্য ফরেস্ট ফরাসি সরকারের অনুমতি নিয়ে আইফেল টাওয়ার থেকে বেতারে গান সম্প্রচার করেন। পরীক্ষামূলক হলেও প্রায় ৮০০ কিমি দূর পর্যন্ত শ্রোতারা সে গান শুনতে পায়। ফরাসি সামরিক বাহিনীর তখন টনক নড়ে। টাওয়ার যে বেতার সম্প্রচারের জন্য আদর্শ, সেটা উপলব্ধি করতেই টাওয়ার ধ্বংসের মতলব বাতিল করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে টাওয়ারের ওপরে অ্যান্টেনা ও নীচে বেতার স্টেশন স্থাপন করে ফরাসি সেনা শত্রুপক্ষের গোপন বার্তা শুনতে সক্ষম হয়েছিল। এই ঘটনাকে আধুনিক বেতার যোগাযোগ ব্যবস্থার অন্যতম ধাপ হিসেবে গণ্য করা হয়।

১৯২৪: বিখ্যাত ‘হিস্ট্রি অফ সায়েন্স সোসাইটি’-র পত্তন ঘটেছিল বস্টনে।

১৯৩২: হেটি ক্যারাওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সেনেটর হিসেবে নির্বাচিত হন।

১৯৬৭: মনুষ্যদেহের প্রথম ক্রায়োনিক সংরক্ষণ সম্পন্ন করা হয়। ডক্টর জেমস বেডফোর্ডের মৃত্যুর পর তরল নাইট্রোজেনে ভরা ক্রায়োজেনিক চেম্বারে তাঁর দেহ ভরে ফেলা হয়, যদি ভবিষ্যতে কেউ ক্যান্সারের নিরাময় ঘটিয়ে তাঁকে আবার বাঁচিয়ে তুলতে পারে, সেই আশায়। অ্যারিজোনার অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে আজও তাঁর দেহ তেমনভাবেই রয়েছে।

১৯৯৮: চাঁদের গায়ে কোথায় কী আছে তার মানচিত্র বানানোর উদ্দেশ্যে নাসা লুনার প্রস্পেক্টরকে (Lunar Prospector) পাঠায়। এই যান তার কাজ সফলভাবেই সম্পন্ন করেছিল।

১৯৯৮: মানুষের অনুকৃতি উৎপাদন (Cloning) নিষিদ্ধ ঘোষণা করে উনিশটি ইউরোপিয়ান দেশ চুক্তিপত্রে সাক্ষর করে।

১৩ জানুয়ারি

১৯১০: নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরা হাউস থেকে এনরিকো কারুসোর অপেরা পরিবেশন বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। জনসাধারণের জন্য সরাসরি সম্প্রচার এই প্রথম।

১৯৩০: মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের কাগজে মিকি মাউসের প্রথম কার্টুন প্রকাশিত হয়েছিল। পৃথিবীটা নিঃসন্দেহে একটু পালটে গিয়েছিল সেদিন।

১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। একটা বিমানের প্রোটোটাইপ পরীক্ষা করতে গিয়ে মুশকিলে পড়ে গিয়েছিলেন জার্মান পাইলট হেলমুট শেঙ্ক। আচমকা প্রচণ্ড তুষারপাতের মধ্যে পড়ে বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। তখন বাধ্য হয়ে জরুরি বহিরাগমন আসন (Ejection seat) ব্যবহার করে নিজের জীবন রক্ষা করেন হেলমুট। এর আগে পরীক্ষানিরীক্ষা হলেও সত্যিকার বিপদে কাউকে ইজেকশন সিট ব্যবহার করতে হয়নি।

১৯৯০: ডগলাস ওয়াইল্ডার প্রথম আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন গভর্নর, তিনি এই দিনে ভার্জিনিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

২০২০: থাইল্যান্ডের এক পর্যটকের দেহে কোভিড-১৯ সংক্রমণের খোঁজ পাওয়া যায়। চিনের বাইরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) স্বীকৃত এটি প্রথম কোভিড সংক্রমণ।

১৪ জানুয়ারি

১৯৬৯: মাদ্রাজ প্রদেশের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়।

১৯৭৩: এলভিসের সেই কিংবদন্তি কনসার্ট, ‘আলোহা ফ্রম হাওয়াই ভায়া স্যাটেলাইট’ উপগ্রহের মাধ্যমে সারা পৃথিবীতে সম্প্রচারিত হয়েছিল। আজও শ্রোতা সংখ্যার নিরিখে এই কনসার্ট এক নম্বরে অবস্থান করছে।

১৯৯৮: ডালাসের গবেষকরা কোশের বার্ধক্য ও মৃত্যু হ্রাস করতে পারার উপযুক্ত উৎসেচকের (enzyme) সন্ধান পেয়েছেন বলে ঘোষণা করেন।

১৫ জানুয়ারি

১৯১৪: কলকাতার এশিয়াটিক সোসাইটিতে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (Indian Science Congress) প্রথম অধিবেশন বসেছিল। সভাপতি ছিলেন স্যর আশুতোষ মুখোপাধ্যায়। পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব ও রসায়নের মোট ১০৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছিল।

১৯৬৯: সোভিয়েত ইউনিয়নের মনুষ্যবাহী মহাকাশযান সয়ুজ ৪ আর সয়ুজ ৫ (Soyuz 4, Soyuz 5) প্রথমবার মহাশূন্যে ডকিং অর্থাৎ সংযোগ স্থাপন করে। মহাকাশচারীরা এক যান থেকে অন্য যানে যাতায়াত (space walk) করতেও সক্ষম হয়েছিলেন। স্পেস স্টেশন তৈরির প্রথম ধাপ ছিল এটা।

২০০১: উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল।

১৬ জানুয়ারি

১৯৯১: কুয়েতকে ইরাকের দখল থেকে মুক্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘অপরেশন ডেজার্ট স্টর্ম’ শুরু হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির ওপর সীমাহীন প্রভাব বিস্তার করেছিল।

১৯৭৯: ইরানের শেষ শাহের পতন ঘটে, ফলে আয়াতুল্লাহ খোমেইনির ক্ষমতায় আসার পথ তৈরি হয়।

১৭ জানুয়ারি

১৯২৯: নিউ ইয়র্ক জার্নালের বিখ্যাত ‘থিম্বল থিয়েটার’ কমিক স্ট্রিপে পপআই দ্য সেইলর (Popeye the sailor)-এর চরিত্র প্রথম আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে কমিক স্ট্রিপটার নাম পপআই হয়ে যায়।

১৯৪৫: সোভিয়েত আর পোল্যান্ডের সামরিক বাহিনী পোল্যান্ডের ওয়ারসকে নাৎসিদের হাত থেকে মুক্ত করে।

১৯৫৫: পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন ইউ.এস.এস নটিলাসকে (USS Nautilus) সফলভাবে চালু করা হয়।

১৮ জানুয়ারি

১৯৫৮: কানাডার উইলি ও’রি ন্যাশনাল হকি লিগের প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়। অবশ্য তিনি আমেরিকার এক টিমে খেলেছিলেন এদিন।

১৯৭৭: রহস্যময় লিজিওনেয়ার্স রোগের কারণ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, আতঙ্ক ছড়িয়ে পড়ছিল মানুষের মধ্যে। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (Centers for Disease Control and Prevention) বিজ্ঞানীরা ব্যাক্টেরিয়াটিকে শনাক্ত করতে সক্ষম হন।

২০০২: পশ্চিম আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত সিয়েরা লিওনের ১১ বছর ব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে ব্রিটিশ বাহিনীর মধ্যস্থতায়।

১৯ জানুয়ারি

১৯১৫: ফরাসি প্রযুক্তিবিদ জর্জ ক্লড নিয়ন লাইটিং টিউবের পেটেন্ট লাভ করেন। এর ফলে বিজ্ঞাপনের দুনিয়ার চেহারাই বদলে যায়।

১৯৫৪: মার্কিন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী ফ্রেডরিক ম্যাককিনলে জোনস মোবাইল কুলিং ইউনিট আবিষ্কার করেছিলেন। এর ফলে খাবার বা ওষুধ দূরে পাঠানোর সমস্যার সমাধান হয়েছিল, কারণ এর আগে বরফ আর নুন ব্যবহার করা হত। বলা বাহুল্য, জিনিসপত্র নষ্ট হয়ে যেত প্রায়শই। তবে কুলিং ইউনিটগুলোর কয়েলে তুষার জমত, কম্প্রেসর বেশিদিন টিকত না এর ফলে। সেই সমস্যারও সমাধান করেছিলেন জোনস এবং ডিফ্রস্টিং পদ্ধতির পেটেন্ট পেয়েছিলেন ১৯৫৪ সালের ১৯ জানুয়ারি।

১৯৬৬: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীরূপে ইন্দিরা গান্ধি নির্বাচিত হন, যদিও দায়িত্বভার গ্রহণ করেছিলেন আরও সপ্তাহ খানেক পর।

২০ জানুয়ারি

১৯২৮: কথা বলা চলচ্চিত্র, মানে টকি ততদিনে এসে গেলেও তার শুটিং হত সেটের ভেতরে দৃশ্য বানিয়ে। প্রথম সেটের বাইরে তোলা টকি মুক্তি পায় এই তারিখে। সিনেমার নাম ছিল ‘ইন ওল্ড অ্যারিজোনা’।

১৯৪২: বার্লিনে নাৎসিদের জনা পনেরো উচ্চপদস্থ অফিসার মিলে ভানসে সম্মেলনের আয়োজন করেছিল। হলকাস্ট তখন যদিও শুরু হয়েই গিয়েছে, সে মৃত্যুমিছিল আরও ব্যাপকভাবে আন্তর্জাতিক স্তরে কীভাবে নিয়ে যাওয়া যায়, তারই ব্লুপ্রিন্ট বানানো হয়েছিল সেই আলোচনা সভায়।

১৯৫৭: মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে (BARC) এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রি-অ্যাক্টরের উদ্বোধন করেন তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি রি-অ্যাক্টরটির নাম দিয়েছিলেন ‘অপ্সরা’।

২০০৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply