এই লেখকের আগের ছড়া- নিপাতনে সিদ্ধ, ডানপিটে, কানাঘুষো, খানা খাজানা, দুই খুকি, পদ্য লেখা শেখা, মিলমিশ
একটা ছেলের চোখ।
যা কিছু যায় দেখতে পাওয়া,
তার সঙ্গে চাই ভিন্ন চাওয়া,
উলটে হিসাব পালটে দেওয়ার
খামখেয়ালি ঝোঁক।
সেই ছেলে সব শোনে।
বৃষ্টি ধোওয়া শব্দ লেগে,
গান ছোঁয়া সুর উঠলে জেগে,
দোখনো মিঠে হাওয়ার বেগে,
স্বপ্নালু তান বোনে।
আম মুকুলের ঘ্রাণ।
সেই ছেলেকেই মায়ায় বেঁধে,
‘আয় কাছে আয়’ বললে সেধে,
মান ভাঙানোর কান্না কেঁদে
জুড়ায় আকুল প্রাণ।
সেই সে ছেলের সাধে।
ফুল ফোটে আর নৌকা দোলে,
শ্যামলা দিঘির স্রোত মাদলে,
মন ঘেঁষে তার খুশির কোলে,
নিত্যনতুন স্বাদে।
চায় সে সবই ছুঁতে।
আকাশসীমা, সাগরবেলা,
ইচ্ছেডানায় ওড়ার মেলা,
ভরিয়ে নেওয়া প্রাণের ভেলা
সুখমাখা অশ্রুতে।
তার কাছে সব মেলে,
পাহাড়চূড়া, পাইন বাগান,
চাঁদনি রাতে বাঁধ ভাঙা গান,
সাধপূরণের রাজার সমান,
সব পাওয়া সেই ছেলে।