বই পড়া

নতুন বই-চতুষ্পাঠী

boi01বইটা কিনেছিলাম গত বইমেলায়। দেখে সন্দেশের রাহুল মজুমদার বললেন, “এই একজন লেখক দেখলাম, যিনি চেষ্টা করলেও কোনোদিন বাজে লেখা লিখতে পারবেন না।”

      কোনও লেখক সত্যি সত্যি নিজে থেকে বাজে লেখার চেষ্টা করেন কিনা, সেটা অবিশ্যি রাহুলদাকে জিগ্যেস করা হয় নি! তবে অরুণিমা রায়চৌধুরীর ব্যাপারে রাহুলদার কথাটা একেবারে সত্যি।

    সন্দেশে অরুণিমা রায়চৌধুরীর অনেক গল্প পড়েছি ও মুগ্ধ হয়েছি। তাঁর বই ‘বংশীধর বাগাল’ আর ‘বন-পাহাড়ের রাজা’ পড়ে খুব ভালো লেগেছিল। ছোট্টদের জন্য লেখা তাঁর বই ‘কাক হরিণ আর শেয়াল’ও পড়েছি। এবারে পড়লাম ‘চতুষ্পাঠী’।

    বইটির প্রথমেই আছে ‘চতুষ্পাঠী’ নামে একটি ছোট ঐতিহাসিক উপন্যাস। তারপর আছে দশটি ছোট গল্প। ‘চতুষ্পাঠী’ উপন্যাসে আছে, পাহাড়ের কোলে অরণ্যসংকুল এক ছোট্ট রাজ্য করঙ্কের কথা। সেখানে এক উদার আচার্যের টোল বা চতুষ্পাঠীতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শবর সব জাতি একসাথে শিক্ষালাভ করত। আচার্যের আদর্শে দীক্ষিত হয়ে কেমন করে শবরেরা বিদ্রোহ ঘোষণা করে অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করল, সে গল্প একটানে পড়ে ফেলতে হয়।

গল্পগুলির বেশির ভাগই বাংলার গ্রামগঞ্জ জলাজঙ্গলের গরীব মানুষদের নিয়ে লেখা। অযোধ্যা পাহাড়ের একরত্তি দুঃখী মেয়ে পুনিয়া, পুরুলিয়ার কিশোর মানিক শবর, দুই গরীব ভাইবোন বিনু আর পূর্ণিমা, অন্ধ ছেলে মংলু – এদের নিয়ে গল্প। আছে চোর বনমালী পাড়ুই আর জগু ডাকাতের গল্পও।

 bookreviewChatuspathi (Small)

বই:চতুষ্পাঠী

লেখক:অরুণিমা রায়চৌধুরী

প্রকাশক:মেইনস্ট্রিম পাবলিকেশন, ১২ কলেজ রো, কলকাতা ৭০০০০৯

পৃষ্ঠাসংখ্যা:৯৬; দাম:৮০ টাকা

mainstreampublication@gmail.com

  আমার তো সবচেয়ে ভালো লেগেছে ‘ডুবো মানুষ’ গল্পটা। খুব ভালো লেগেছে ‘আয়ীবুড়ি’, ‘বনমালী পাড়ুই’, ‘মানিক শবর’, ‘পুণ্যি’ আর ‘চোখের আলোয়’। অন্যরকম গল্পও কিছু আছে বৈকি! যেমন সিংহের গল্প ‘উজালা’ বা কলকাতার ছেলে রঞ্জুর বাড়িবদলের গল্প।

মোট কথা সব গল্পই ভালো। তবে ‘কেশকলাপ’ গল্পটা এ বইয়ে সংকলন করাটা মোটেই ঠিক হয়নি। ওটা ঠিক ছোটদের গল্প নয়, আর অন্য গল্পগুলির সাথেও একেবারেই খাপ খায়নি।

বইটিতে ছাপার ভুল-টুল একেবারেই নেই; প্রচ্ছদ ভালো, অলঙ্করণও বেশ, কিন্তু প্রচ্ছদ বা ছবিগুলি কে এঁকেছেন সে কথা কোথাও লেখা নেই।

    অরুণিমা রায়চৌধুরীর ভাষা তরতরে, পড়তে কোথাও কোনও হোঁচট লাগে না। তাঁর গল্পের পৃথিবীও বহুবর্ণ, নানা রঙের চরিত্র সেখানে। শুধু ভালো ভালো লোকজন আর সুন্দর সুন্দর দৃশ্য গেঁথে তার গল্পমালা গড়া নয়। বাস্তবের এই পৃথিবীর মতোই তাঁর গল্পের জগতেও আনন্দের সাথে হাত ধরাধরি করে আছে দুঃখকষ্ট, একই লোকের ভেতরে দোষত্রুটির সাথে সহাবস্থান করে সদ্‌গুণ। দেখার চোখ আছে তাঁর। রাহুলদা ঠিকই বলেন। অবিশ্যি এমনি এমনি কী আর উনি এত পুরস্কার-টুরস্কার পেয়েছেন!

তাপস মৌলিক

আগের পর্বগুলো একত্রে এইখানে