বইপড়া-মৌসুমী রায়-শীত’২০২৫

“দশ এক্কে দশ”

লেখক: গৌতম গঙ্গোপাধ্যায়

প্রকাশক: লালমাটি

প্রচ্ছদ ও অলঙ্করণ: লেখক(কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে)

দামঃ ২৫০ টাকা

একজন বিজ্ঞানী যখন ছোটদের জন্য কলম ধরেন, তখন গল্পগুলোতে অনেক কল্পনা আর অদ্ভুত চিন্তাভাবনার খোরাক মেলে। তার ওপরে ভাষা যদি সরস ও সরল হয়, তাতে লেখাগুলি আরো উপভোগ্য হয়ে ওঠে। বিজ্ঞানী- লেখক গৌতম গঙ্গোপাধ্যায় ঝরঝরে সহজ বাংলায় লেখেন, তা সে বিজ্ঞানের বই হোক আর ছোটদের বই হোক।

তাঁর লেখা “দশ এক্কে দশ” বইটিতে তিনি দশটি বিভিন্ন রসের নিটোল গল্প লিখেছেন তাঁর সহজ ভাষা, সরস ভঙ্গী এবং কল্পনা মিলিয়ে। এর মধ্যে যেমন ইতিহাস আশ্রয়ী গল্পে যুক্তিবাদ দেখিয়েছেন, একই সঙ্গে তিনটি অসাধারণ রূপকথা বা ফ্যান্টাসি ফিকশনে গল্পের শেষে ন্যায়ের জয় দেখিয়েছেন। এই সংকলনে দুটি খানিকটা সায়েন্স ফিকশন-ধর্মী চমৎকার গল্প রয়েছে, রয়েছে মজার গল্প “রোবু”। দুটি বুদ্ধিদীপ্ত গোয়েন্দা গল্প আছে। অধিকাংশ গল্পতেই লেখক যেন গল্প বলছেন ছোটদের, তাঁর এই ভঙ্গীটি খুব ভালো লাগে। শেষ গল্প “প্রাসাদে”র জাত অবশ্য আলাদা, পড়ে পাঠক খানিক ভাববেন।

প্রতিটি গল্পই সুস্বাদু ও উপভোগ্য, ছবিগুলোও খুব ভালো হয়েছে। বই এর ছাপা ও পৃষ্ঠার মান খুব ভালো। বইটি সংগ্রহ করে পড়ুন, মন ভালো হয়ে যাবে।