বই পড়া পুরোনো বই-উড়ে চলি দক্ষিণে পিয়ালি ব্যানার্জি শরৎ ২০১৬

boipurono (1) (Medium)

এক সারস আর তার বোন জন্মালো রাশিয়ার উত্তরের এক বিরাট জলাভূমি “দ্য গ্রেট ওস্তাস্কোভো মার্শেস’ এ।সেই মুহূর্ত থেকে সবকিছুই তার মনে আছে,আর তাই নিয়েই স্মৃতিকথা ১০৪ পাতার বইটায়।ভাবছ ,সারস কি লিখতে পারে নাকি!সে কথাও সে বলে গেছে,পড়েই দেখ না কেন।

বইটা যদিও সাদাকালো কিন্তু কখখনো তা মনে হবে না। পাতার পর পাতা জুড়ে খালি রঙ ।প্রথম জন্মেই সে দেখল ফুটিফাটা ডিমের টুকরোগুলো সবুজ সবুজ,গায়ে কটা দাগ।তারপর চারপাশ শ্যাওলা হলুদ সাদা ফুলে ঢাকা পাহাড়,ঘাস এ ঢাকা চত্বর। জানতে পারি বাচ্চা সারসের হলদে মুখ,তারা পোকা আর সবজে ব্যাং খায়  আর খায় শস্যদানা। তাদের গায়ে ছাই ছাই পালক,সাদা বুক,চকচকে কালো গলা আর লেজ। ভুরুর ওপর উজ্জ্বল লাল দাগ আর মাথায় ঝুঁটি। আঁকিয়ে বন্ধুরা বেশ এঁকে ফেলতে পার এই ছবি আর বানিয়ে ফেলতে পার ছবি গল্পের বই, অন্তত বইটা পড়তে গিয়ে আমার সেই ইচ্ছেই করছিল।

boipurono (2) (Medium)

সারসদের ঠিক যেন আমাদেরই মত পরিবার,সমাজ। বাবা,মা ,দাদু,প্রতিবেশী খুড়ো,ব্যচেলর ঠাকুর্দা। সন্ধে হলেই ওঁরা নাচেন। দলের কেউ পন্ডিত কেউ গুলবাজ ‘হামবড়া’ সেইসব নিয়ে জমে ওঠে গপ্পো। বাচ্চারা বড়ো হতে থাকে।

শীতের মুখে শুরু হয় দক্ষিণে ওড়ার প্রস্তুতি। সেই চলার পথের ছবি এমনই যে ওদের সঙ্গে আমরাও যেন উড়ে চলি ।

এই কাহিনীর রাচয়িতা এন কারাজিন আর সাবলীল অনুবাদ শ্রী শশিশেখর মজুমদারের। সঙ্গে চমৎকার স্কেচ । রাশিয়া থেকে উড়ে আসছে আফ্রিকায় ভিক্টোরিয়া লেকে,পথে যেন রহস্য রোমাঞ্চ সিরিজ। পথের ভূগোল ইতিহাস সদ্য যুবক সারস নায়ক জানছে, চিনছে। মানছে দলের নিয়মকানুন, শিখছে জীবনবোধ ,ভুল ঠিক দোষ গুণ, প্রেম ও ভালোবাসা। হয়ে উঠছে নায়ক।

মূল বইটির নাম ‘Cranes Flying South” প্রথম প্রকাশ ১৮৯৮। বাংলা অনুবাদ ‘উড়ে চলি দক্ষিণে” বইটি ২০১১-এ চিরায়ত প্রকাশনা থেকে। দাম ৫০ টাকা মাত্র। কী অনায়াসে লেখক ভারী ভারী সমাজতত্ত্বকে সহজ করে দিয়েছেন যে পড়তে গিয়ে ভার বোধ ত হয় ই না বরং মজা পেয়ে হেসেই ফেলি বেশিরভাগ সময়। হই হই করে পড়া হয়ে যায়-“জনম নিলাম,আমরা শিখলাম অনেক,মস্ত এক শহর কিয়েভ,সতর্ক প্রহরী,মটর কলাইয়ের দেশে,সে এক কাহিনি,প্রাচুর্যের দেশে,শিকারী শিকারী……ইত্যাদি অনুচ্ছেদগুলো।

এই বই যদিও ছোটদের কথা ভেবে লেখা তবু আমার মতে এ সবার পড়ার মত।

বইপড়া-র সব পাতা একত্রে

1 thought on “বই পড়া পুরোনো বই-উড়ে চলি দক্ষিণে পিয়ালি ব্যানার্জি শরৎ ২০১৬

  1. ছোটবেলায় স্কুলে পরীক্ষায় স্থানাধিকার করার জন্য এই বই উড়ে চলি দক্ষিণে পুরস্কার হিসাবে পেয়েছিলাম। আমার বাড়িতে বইটি এখনো রাখা আছে। এই লেখা পড়ে সেইসময়ের কথা মনে হয়ে ভারী ভালো লাগলো।

Leave a Reply