বই পড়া বাংলাদেশের বই-অভিশপ্ত মুকুট রিভিউ-মীম নোশিন নওয়াল খান শীত ২০১৬

bookreviewbangladeshচারশ বছর আগে হারিয়ে গেছে এক রাজমুকুট। সেটা আবার অভিশপ্ত। মুঘল সম্রাট হুমায়ূন পারস্য সম্রাটের কাছ থেকে উপহার পান সেটি। আটাশ বছর ধরে পারস্য কারিগররা তৈরি করেছিল সেই মুকুট। সম্রাট শাজাহানের শাসনকালে মুকুটটি চুরি করে বালাম নামের এক ব্যবসায়ী। কিন্তু নদী পার হওয়ার সময় ডাকাতদলের হাতে মারা পড়ে সে। তার কিছুক্ষণের মধ্যেই নদীতে ঝড় উঠে মারা পড়ে ডাকাতদলও। এরপর থেকে সেই মুকুটের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সম্রাট শাজাহান সেই মুকুট উদ্ধার করতে মোটা অংকের পুরস্কার ঘোষণা করেন। কিন্তু যারাই মুকুট খুঁজতে বেরোয়, প্রত্যেকেই মারা যায় অপঘাতে।

চারশ বছর পর রহস্যময় সেই অভিশপ্ত মুকুটের ছবি ডাকযোগে আসে সিভেতার কাছে, সঙ্গে ষাট ডলার। কিন্তু প্রেরকের নাম-ঠিকানা কিছুই নেই সাথে! একের পর এক নানা জায়গায় নানাভাবে ঘুরে ফিরে আসতে থাকে মুকুটটার ছবি। সিভেতা এবং পাবলো বুঝে যায়, কেউ তাদেরকে অনুসরণ করছে গভীরভাবে। কেউ চাইছে, চারশ বছর পর সেই মুকুট খুঁজে বের করতে। কিন্তু মুকুটটা তো বহু আগেই হারিয়ে গেছে। সেটার খোঁজ এখন কীভাবে পাওয়া সম্ভব?

রহস্যের গন্ধ পেয়ে সিভেতা, পাবলো এবং বিকাশ সত্যিই নেমে পড়ে মুকুট উদ্ধার অভিযানে। ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা।

কী সেই ঘটনা? সিভেতারা কি পেরেছিল মুকুটটা সত্যিই খুঁজে বের করতে? কে পাঠাচ্ছিল মুকুটের ছবি?

পুরো ঘটনাটা জানতে তোমাকে পড়তে হবে “অভিশপ্ত মুকুট” বইটি। এক বসায় পড়ে ফেলার মতো একটি বই এটি। পড়তে শুরু করলে শেষ না করে উঠতেই পারবে না। বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে চমক।

রোমাঞ্চকর এই কিশোর গোয়েন্দাকাহিনী লিখেছেন আহমেদ ফারুক, প্রচ্ছদটাও তাঁরই করা। প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। ২০১০ সালে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ১২৫ টাকা।

 বই পড়া -সমস্ত লেখার লাইব্রেরি

Leave a Reply