‘কেল্লাফতে’, দুর্গজয়ের কাছাকাছি
রিভিউ করলেন জয়দীপ চক্রবর্তী
কেল্লাফতে
দেবব্রত দাশ
মডার্ন কলাম। দাম ১২০ টাকা
দেবব্রত দাশ বাংলা শিশু কিশোর সাহিত্যে পরিচিত নাম। ছোটদের জন্যে দীর্ঘদিন ধরে সচল তাঁর কলম। নিজের কর্মজগতের ব্যস্ততার পাশাপাশি সাহিত্য রচনায় তিনি নিরলস। ‘কেল্লাফতে’ তাঁর সাম্প্রতিকতম কিশোর গল্পগ্রন্থ। এই গ্রন্থটিতে লেখক তাঁর ছোট্ট পাঠকদের জন্যে যত্ন করে সাজিয়ে দিয়েছেন ভিন্ন স্বাদের পনেরোটি গল্প। গল্পগুলির রচনাকাল প্রায় চার দশক। সত্তরের দশকের এক্কেবারে শেষে প্রকাশিত গল্পের পাশাপাশি এই গ্রন্থে সংকলিত হয়েছে লেখকের সদ্য প্রকাশিত গল্পও। সেই কারনেই গল্পের পরিপার্শ্বএর বর্ননায় এই বিস্তৃত সময়ের ভিন্নতার ছাপ পড়েছে।
এই বইটির অনেকগুলি গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন একজন বয়স্ক মানুষ সঙ্গে তাঁর নাতি অথবা নাতনি। লেখকের বয়েস এবং তাঁর ব্যক্তিজীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এই গল্পগুলিতে বাস্তবানুগ হয়ে উঠেছে বার বার। এখানে শিশুমনস্তত্ব ও একজন স্নেহপরায়ন দাদুর মন ভারি সুন্দর ফুটে উঠেছে। গল্পের প্রায় সব ক্ষেত্রেই লেখক থার্ড পারসন ন্যারেটিভ ব্যবহার করেছেন। কিন্তু তা ক্লান্তিকর হয়ে ওঠেনি। তাঁর ভাষা ব্যবহার সহজ ও গতিময়। প্রায় প্রতিটি লেখাই মানুষ, প্রকৃতি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত পশু পাখিদের জন্যে ভালোবাসায় পরিপূর্ণ। বইটির কাগজ, বাঁধাই ও অলংকরণ খুব সুন্দর। প্রচ্ছদও পাঠকদের আকর্ষণ করে। বইটিতে মুদ্রণপ্রমাদও খুব একটা চোখে পড়ে না। শুধু গল্পগুলি পড়তে পড়তে একটি অতৃপ্তি কাজ করে মাঝে মধ্যে। মনে হয় লেখাগুলির মধ্যে যদি আরো একটু গল্প থাকত তাহলে ভালো হত। এমনও মনে হয়েছে যাহ, লেখাটা যেন বড তাড়াতাড়ি ফুরিয়ে গেল।
দেবব্রত দাশের আরো লেখা পড়ার ইচ্ছে তৈরি হল আমার এই বইটি পড়তে পড়তে। আমার মনে হয় এই বইটির যারা সত্যিকারের পাঠক, তাদেরও বইটা পড়তে মন্দ লাগবে না।
‘কেল্লাফতে’ এই নামকরণ সম্পর্কে লেখক নিজেই জানিয়েছেন শব্দবন্ধটির অর্থ দুর্গজয়। পাঠকমনের যে সুরক্ষিত দুর্গ, এই বইটি সেই দুর্গ কত সহজে জয় করতে পারবে তা জানি না। তবে আমার বইটি পড়ে মনে হল লেখক সেই দুর্গ হেলায় জয় করতে পারুন বা না পারুন, অন্তত দুর্গজয়ের কাছাকাছি নিশ্চিত পৌঁছে যেতে পারবেন।
আলোচনা করেছেনঃ জয়দীপ চক্রবর্তী