বৈজ্ঞানিকের দপ্তর মাথা মে ট্রিক্‌স্-র‍্যান্ডম সংখ্যার খেলা ৩ সুর্য্য ভট্টাচার্য শরৎ ২০১৭

এই লেখার আগের সব এপিসোড একত্রে এই লিংকে

এক

পাশের আয়তাকার সারণীতে মোট বারোটা ঘর আছে—চারটে সারি, প্রতি সারিতে তিনটে করে। ঘরগুলোতে ১ থেকে ৯ সংখ্যাগুলো যেমন ইচ্ছে বসিয়ে ভরে দাও। বাকি থাকবে আরও তিনটে ঘর। সেগুলোতে ভরে দাও তিনটে ১ অথবা তিনটে ৪ কিংবা তিনটে ৭।

ওপরে যেভাবে সংখ্যাগুলো ভরা হয়েছে তা অন্য কোনওরকম ভাবেও হতে পারে। নীল সংখ্যাগুলো ১ থেকে ৯ আর লাল দিয়ে ভরা হয়েছে ৭ (ঘরগুলো ধূসর করা)। লাল সংখ্যাগুলো ১ অথবা ৪ হতেও পারতো।

এবার প্রত্যেক সারি এক একটা তিন-অংকের সংখ্যা ধরে চারটে সংখ্যা যোগ করে ফেল। এক্ষেত্রে—

৮৪৭ + ৭২৩ + ১৭৫ + ৬৭৯ = ২৪২৪।

এর অঙ্কগুলোর সমষ্টি হল ২ + ৪ + ২ + ৪ = ১২।

তার অঙ্কগুলোর সমষ্টি হল ১ + ২ = ৩।

শেষের যোগফল বার করে যেতে হবে যতক্ষণ না এক অংকের সমষ্টি পাওয়া যায়। মজাটা হল, সারণীটি যে ভাবেই ভরা হোক না কেন, এই অন্তিম সমষ্টি হবে ৩।

দুই

নীচের ত্রিভুজাকার সারণীর ভূমিগত দুই প্রান্তে আছে ৭ (ধূসর রঙের ঘর)। তলার সারির চারটে খালি ঘরে যে কোনও এক অংকের সংখ্যা বসাও। অর্থাৎ ০ থেকে ৯। একই সংখ্যা একাধিকবারও বসাতে পারো। এবার সারণীটি নীচ থেকে ওপরের দিকে সম্পূর্ণ করতে হবে এই নিয়মে—

যে কোনও দুটি পাশাপাশি ঘরের সংখ্যা যোগ করে, যোগফলকে ৫ দিয়ে ভাগ দিলে যা ভাগশেষ থাকে সেইটা তাদের ওপরের ঘরে বসাতে হবে। যেমন এক্ষেত্রে—

এখানে লাল রঙে ভরা হয়েছে তলার সারি। সংখ্যাগুলো অন্য রকমও হতে পারত। তার ওপরের সারিগুলো ভরা হয়েছে যেমন নিয়ম বলা হয়েছে। এই সংখ্যাগুলো দেখানো হয়েছে নীল রঙে। তাহলে শীর্ষের ঘরে কী পাওয়া গেল?

৪— এবং ৪-ই! তাই পাওয়া যাবে, নীচের সারিতে যেমন খুশী সংখ্যা ভরলেও!

তিন

একটা সুবিধেমতন মাপের বর্গাকার কাগজ নিয়ে তাকে দু’দিক থেকে দু’বার করে মুড়ে একটা ৪ × ৪ ছক তৈরি কর। ভাঁজগুলো কয়েকবার সামনে পেছনে করে বেশ নমনীয় করে নাও, যেন যেদিকে খুশী মোড়া যায়। এবার কাগজটা খুলে যে ষোলটা ঘর পাবে তাতে ১ থেকে ১৬ সংখ্যাগুলি পরপর বসিয়ে দাও। খোলা কাগজটা এইরকম দেখাবে—

এবার কাগজটা ঐ অনুভূমিক ও উল্লম্ব ভাঁজ বরাবর যে কোনও ক্রমে মুড়ে এক-খোপের মাপে এনে ফেল। র‍্যান্ডম ভাবে যে কোনও ক্রমে এই ভাঁজ করা যেতে পারে।

এইবার কাঁচি দিয়ে ঐ এক-খোপ মাপের মোড়া কাগজের চারটে ধার কেটে দাও। ষোলটা এক-খোপ মাপের বর্গাকার খন্ড পাবে। সেগুলো না পালটে পরপর টেবিলে মেলে দাও। দেখবে কয়েকটায় সংখ্যাগুলো দেখা যাচ্ছে। বাকিগুলোর সংখ্যা দেখা যাচ্ছে না, উল্টোদিকে আছে।

যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে তাদের সমষ্টি বার করে দেখো তো!

কাগজটা যেভাবে খুশী মোড়া হোক না কেন, এই সমষ্টি হবে ৬৮। পরীক্ষা করে দেখতে পারো।

জয়ঢাকের বৈজ্ঞানিকের দপ্তর 

1 thought on “বৈজ্ঞানিকের দপ্তর মাথা মে ট্রিক্‌স্-র‍্যান্ডম সংখ্যার খেলা ৩ সুর্য্য ভট্টাচার্য শরৎ ২০১৭

Leave a Reply