এবারে স্টিল ফটোগ্রাফি
কেমন আছ সবাই? গত সংখ্যায় তোমাদের স্টিল ফটোগ্রাফি সম্বন্ধে বলব বলেছিলাম। বর্ষাকাল আসছে। বাড়ি থেকে বেরোনোও মুশকিল। ঘরে বসেই একটা দুনিয়া তৈরি করতে পারবে। ঘরের যে জানালা দিয়ে আলো আসে সেখানে একটা টেবিলে আমরা নানান জিনিস সাজিয়ে ফটো তুলতে পারি। ফুল-ফল-কাপ ডিশ থেকে আরম্ভ করে যে কোন জিনিসেরই ফটো তোলা যেতে পারে। ফুলের ছবি মানে যে দামি ফুল কিনতে হবে তার কোন মানে নেই। বাড়ির টবে ফোটা ফুলও সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। ভাঙা কাপ, প্লেট ও পুরানো কোন জিনিস যেমন ঘড়ির ছবিও তুলতে পার।
আসলে তোমার চারদিকেই সাবজেক্ট রয়েছে। কোনভাবে জিনিসটিকে দেখা হছে তার ওপর ছবিটি কেমন হবে তা নির্ভর করছে। দিনের বেলা ছাড়াও রাতে টেবিলল্যাম্পের এর আলোতেও স্টিল ফোটোগ্রাফি করা যেতে পারে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। স্টিল ফোটোগ্রাফির মজাটা হল নিজের মতন করে সেট সাজিয়ে নেওয়া যায়। সেটাও একটা শিল্প।
ফুলদানিতে ফুল রেখেছ,এবার জানালাতে যদি একটা নেট-এর পরদা টাঙিয়ে দাও তা হলে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হবে। সাধারণ ফুলগুলোই তখন অসাধারণ হয়ে উঠবে। বাঁধানো বই নানাভাবে সাজিয়েও ছবি তোলা যেতে পারে। একটা কাঁটাচামচও subject হতে পারে। আঙুর, পাকা পেঁপে, ফলের বা আলুর ঝুড়িতে সাজিয়ে ছবি তোলা যেতে পারে। শীতকালে গাছের পাতা পড়ে গেলে আঁকাবাঁকা ডাল সংগ্রহ করে রেখে দেবে।
শুকনো ফুল আর শুকনো ডাল দিয়ে ফুলদানি অপূর্বভাবে সাজানো যায়। তুমি যে টেবিল সেট করবে তার ব্যাকগ্রাউন্ডটা নতুন ধরনের করার জন্য একটা আর্টপেপারে জলরং দিয়ে নিজের মনের মত সবুজ বা নীল বা অন্য যে কোন রং করে নেওয়া যেতে পারে। ভাঙা কাচের টুকরো,আয়না, কিছুই ফেলবে না,এমনকি পুরোনো বুটজুতোর ছবিও হয়ে যেতে পারে বিখ্যাত একটি স্টিল ফোটোগ্রাফি। যারা কম্পিউটারে অভ্যস্ত তারা ইনটারনেটে স্টিল ফোটোগ্রাফির উদাহরণ দেখে নিতে পার। তবে কখনোই তাকে নকল করবে না। ধারণাটা নেবে আর নিজের সৃজনশীলতাকে যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করবে।
এই প্রসঙ্গে ফটোশপিং সম্বন্ধে একটু বলি। শব্দটা এখন খুব চালু। ক্যামেরায় তোলা ছবিতে নানান পরিবর্তন আনা যায় ফটোশপ নামের সফটওয়ারটি দিয়ে। তোমরা নিশ্চয়ই ফটোশপ এডিটিং, এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। তাছাড়া এমন আরো অনেক সফটওয়ার দিয়েই কাজটা করা যায়। যেমন ধরো picasa।ইনটারনেট থেকে একে বিনিপয়সায় ডাউনলোড করে নেয়া যায়
তবে প্রকৃতির ছবি (ল্যান্ডস্কেপ)বা অন্য ফটোতে এডিট না করাই ভাল। কিন্তু, স্টিল ফোটোগ্রাফির ক্ষেত্রে তা করা যেতে পারে। একটি ফুলদানিতে ফুল রাখা আছে ধরো। picasa নামের সফটওয়ারটি ব্যবহার করে ছবিটাকে একটু soft করে দিলে তা আরও সুন্দর হয়ে উঠতে পারে। অবশ্য এগুলো ঠিক বলে বোঝানো যায় না। ছবি আঁকার মতন ব্যাপারটা। তোমার পছন্দ অনুযায়ী তুমি তোমার ছবিকে এডিট করে নেবে। অতি সাধারণ পেঁয়াজ বা রসুন এর ফটো ও artistic হতে পারে । চেষ্টা করে দেখতে পার। বাড়িতে প্যাস্টেল রং থাকলে একটা বান্ডিল করে নাও। এবারে তার ক্লোজ আপ নাও। এই ফটোটি picasa তে একটু soft করে দ্যাখো কি অপূর্ব লাগে। আমি যে উদাহরণগুলি দিলাম, এছাড়াও যে কোন জিনিসেরই ফটো তুলতে পার। একটা বই এমনভাবে খুলে রাখতে পার যে পাতাগুলি সোজাভাবে থাকবে। বাড়িতে ঝিনুক, শাঁখ থাকবেই এইগুলিকেও ব্যবহার করা যেতে পারে।
আমি যে ফটোগুলি তুলেছি সেই বস্তুগুলি সব বাড়িতেই পেয়ে যাবে। আমি কিছু উদাহরণ দিলাম। তোমরা আরও নতুন নতুন idea করার চেষ্টা কর। আশা করি আমার থেকেও অনেক ভাল টেবিলটপ সাজাতে পারবে।
আচ্ছা, অনেক ফটো তোলো আর খুব আনন্দে থাকো। পরের বার street photography নিয়ে আলোচনা করব।
ক্রমশ
ছবিঃ লেখক

