ঘুর্ঘুটি
জানলাতে কার ভিরকুটি!!
ওরে, কে আছিস, দৌড়ে আয়,
পড়ে গেছি দাঁত ছরকুটি!!
আন গোটা কয় ডেয়ারি মিল্ক,
কেন নিয়ে এলি জলপটি!!
লালকমল আর নীলকমল!
ঘুরতে গেল শপিং মল।
এসকালেটর দেখেই অবাক,
এ আবার কী আজব কল!
মানুষরা সব দাঁড়িয়ে ঠায়
নিজের মতো সিঁড়িই যায়
ওপর নীচে, যেমন তেমন,
থেমে গেলেই গণ্ডগোল!
চাদ্দিকে কী দোকানপাট!
রোশনাই আর বাজারহাট!
দোকানেতে লোক বেশি নেই
বাইরে মেলা হট্টগোল!
জামার দোকান, উরিব্বাস!
কুচকুচে, কী সর্বনাশ!
নির্ঘাত সেই রাক্ষসটা
লুকিয়ে আছে,পালটে ভোল!
বার করে তাই তরোয়াল
ঢুকল দু’জন-সব সামাল!
হাঁউ মাউ খাঁউ রাক্ষসটা
লুকিয়ে আছে কোথায় বল!
তাপ্পরে খুব ভিড় হলো,
রাক্ষস তো খুব মলো,
কান মুলে ফের রাস্তাতে
আসলো দু’জন,ফের বিফল,
লালকমল আর নীলকমল!
ছবিঃ সঙ্ঘমিত্রা


1 thought on “ছড়ার পাতা-জোড়া ছড়া প্রকল্প ভট্টাচার্য”