ভাষা শেখবার আসর-বোম ফেলেছে জাপানি– দোয়েল বন্দ্যোপাধ্যায়
কো মানে কন্যে তোমাদের জন্যে! তা বাপু তোমরা যে অ্যাদ্দিনে ঢের জাপানি শিখে ফেলেছ তা আর আমার বুঝতে বাকি নেই। এখন যদি জাপান থেকে আকিকো, সুমিকো আর মিচিকো এসে বলে ‘ওগেন কি দেস কা’ উত্তর দিতে পারবে তো?
ওই দেখো আবার হেঁচকি তোলে। ওরা কি আর সত্যি আসছে? আমি তো মিছিমিছি পরীক্ষা করছিলুম, যে তোমরা সত্যিই কিছু শিখেছ কিনা। কী বলছ? আকিকো, সুমিকো এরা ছেলে না মেয়ে কী করে বুঝবে?
শিখে রাখো জাপানিদের নামের শেষে কো থাকলে সেটা মেয়েদের নাম না হয়ে যায়না। এমনিতে জাপানিতে ‘কো’(子)শব্দের অর্থ ছোট বা infant । আমাদের দেশে যেমন বোশেখ মাসে জন্মালে মেয়েদের নাম হয় বৈশাখী, চৈত্র মাসে জন্মালে নাম হয় চৈতালি, পৌষ মাসে জন্মালে নাম হয় পৌষালী, জাপান দেশেও ঠিক তাই। কারও নাম আকিকো হলে বুঝে নিতে হবে সে মেয়ে নির্ঘাত হেমন্তকালে জন্মেছে। কারণ আকি(秋) শব্দের অর্থ হল হেমন্ত বা autumn। একই ভাবে কোনও ছেলে হেমন্তকালে জন্মালে তার নাম হতে পারে আকিহিতো। জানই তো ওদেশের সম্রাটেরও তাই নাম। আকি ছাড়াও জাপানের বাকি তিন ঋতু হল নাতসু (গ্রীষ্মকাল বা summer 夏) ,ফুয়ু(শীতকাল বা winter 冬) এবং হারু (বসন্তকাল বা spring 春)। হুঁহুঁ দেখলে তো কেমন বুদ্ধি করে ঋতুর নামগুলোও শিখিয়ে দিলুম।
প্রশ্ন করলে ‘কা’
একটু আগেই যেটা বললুম, সেই ‘ওগেন কি দেস কা (お元気ですか) বাক্যের মনে হল কেমন আছেন বা আছ। মনে রেখো ‘কা’ হল একটি প্রশ্নবাচক শব্দ। বাক্যের শেষে কা থাকলেই ধরে নিতে হবে কোনও একটা প্রশ্ন করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, হাইতে মো ই দেস কা(ভিতরে আসতে পারি?) বা মিজু ও নন্দে মো ই দেস কা(জল খেতে পারি?) ইত্যাদি। কা লিখলে ? চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা কেউ যদি তোমাকে ভালমানুষি করে কেমন আছো জানতে চায়, তার তো একটা উত্তরও দিতে হয় নাকি? ওই দেখো, শিখছে জাপানি এদিকে বাংলায় ভাল আছি বলে দিব্যি গটমট করে চলে যাচ্ছে! জাপানিতে উত্তর দিতে হলে বলবে ‘ওকাগে সামাদে গেনকি দেস’। মানে হল ঈশ্বরের কৃপায় আমি ভাল আছি। আবিশ্যি তুমি যদি মস্ত মানুষ হও আর বেজায় ব্যস্ত থাক তাহলে এত বড় কথা না বললেও চলে। তখন ছোট্ট করে বলবে ‘গেনকি দেস’। মানে ভাল।
আতারাশি
তা জাপানি যখন শেখা শুরুই করেছ নতুন-নতুন শব্দ না শিখলে কি চলে? তাই এই পর্ব থেকে আমরা কিছু-কিছু নতুন শব্দ শিখবো। জাপানিতে একে বলে আতারাশি (atarashii: 新しい>নতুন)কোতোবা (kotoba: 言葉>শব্দ)। শুরু করা যাক পরিবার দিয়ে।
বাবা- চিচি(Chichi: 父) নিজের বাবার কথা বলার সময় চিচি ব্যবহৃত হবে। অন্য কারও বাবার কথা বলতে গেলে ওতোসান শব্দটি ব্যবহার হবে।
তোমার বাড়িতে কে কে আছে?
১) ওয়াতাশি নো চিচি ওয়া সেনসেই দেস(watashi no chichi wa sensei desu): আমার বাবা একজন শিক্ষক।
২) আনাতানো ওতোসান ওয়া নানি ও সুরু নো দেশো কা(anata no otousan wa nani o suru no deshou ka): তোমার/আপনার বাবা কী করেন?
মা- হাহা (Haha: 母) বাবার মতই মার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অন্যের মার কথা বলার সময় ওকাসান (Okaasan) বলতে হবে।
বড় দাদা- আনিসান:Anisan(兄さん)
বড় দিদি- আনেসান:Anesan(姉さん)
ছোট ভাই- ওতোতো :Ototo(弟)> প্রথম তো এর পর সামান্য লম্বা টান দেবে যেমন ওতো-ও-তো।
ছোট বোন- ইমোতো: Imoto(妹)
দাদু-সোফু(sofu: 祖父)
দিদা/ঠাকুমা-সোবো(Sobo: 祖母)
কাকু/জেঠু-ওজিসান(Ojisan: 叔父)
কাকি/জেঠি/পিসি-ওবাসান(ওবাসান:叔母)
আইসাতসু
পরিবারের কথা যখন উঠলই তখন জিজ্ঞেস করি তোমরা যা লক্ষীসোনা ছেলে-মেয়ে, সক্কাল-সক্কাল উঠে বাবা-মাকে নিশ্চয়ই গুডমর্নিং বলে থাক? এইবার চুপিচুপি আমার কাছ থেকে জাপানিতে কয়েকটা গ্রীটিংস শিখে নাও। জাপানিরা সৌজন্যকে বলে আইসাত্সু। এই আইসাত্সুর ব্যপারে জাপানিরা একদম পাক্কা। কোনও অবস্থাতেই তারা এগুলো জানাতে ভোলে না। তাহলে? শুভস্য শীঘ্রম। তোমরাও কয়েকটা আইসাত্সু শিখে নাও ঝটপট।
Good Morning: ওহায়োগোজাইমাস (ohayogozaimasu) জ এর উচ্চারণ হবে ইংরিজি জেডএর মত। গোজাইমাস শব্দটি ভেরি(very) অর্থে বোঝায়। তোমার থেকে যাঁরা বয়সে বড় তারা তোমায় শুধু ওহায়ো বললে কোনও দোষের নেই।
I am home: তাদাইমা (tadaima) ইশকুল বা অফিস থেকে ফিরে পরিবারের লোকজনকে বলা যায়।
I am going: ইত্তেকিমাস
এগুলো ছাড়াও আরও অনেক আইসাত্সু আছে সেগুলো আস্তে-আস্তে শিখবো। কী? এখুনি বলতে হবে? উফফ বাপরে বাপ। তোমাদের সঙ্গে বকবক করে আমার ঘুম পেয়ে গেল। মস্ত হাইও উঠছে দেখছি। সামনের পর্বে আমরা দিনখন সময়ের হিসেব কষব জাপানিতে। কীভাবে? উহু, সেটি এখন বলছিনা মোটেও। ঘুমুতে চললুম। ওয়াসুমিনাসাই!
1 thought on “ভাষা শেখবার আসর-বোম ফেলেছে জাপানি– দোয়েল বন্দ্যোপাধ্যায়”