জয়ঢাকি বোল-আশুতোষ ভট্টাচার্য- শরৎ২০১৫

জয়ঢাকি বোল
joydhakibol
কেউ বলেছিল বড্ড বেড়েছে বাড়
হিন্দুধর্ম রসাতলে গেল বলে
টিটকিরি ছি ছি চোখ রাঙানি তো ছিলই
শাস্ত্রবিরোধী বলেছিল সক্কলে
শাস্ত্রবিরোধী মেয়েদের লেখাপড়া
পণ্ডিতজনে বিধান দিয়েছে শোনো
ঘর,সংসার,সন্তান, সন্ততি
অক্ষরজ্ঞানে প্রয়োজন নেই কোন
ফিরিঙ্গিটাও* লোকটার সাথে আছে
সহজ সরল বাংলা বর্ণমালা
শ্রীরামকৃষ্ণ ডেকেছে ম্লেচ্ছটাকে
নবজাগরণ নতুন যাত্রাপালা
এসব তুচ্ছ বিপদ ঝঞ্ঝা বাধা
কঠিন কোমল বাহিরে ও অন্তরে
এসো একবার , কত পথ চলা বাকি
বিদ্যাসাগর বাংলার ঘরে ঘরে।
সেপ্টেম্বর পবিত্র মাস, কারণ ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন আমাদের বাংলায়। মেয়েদের পড়াশোনা শেখানো, বিধবাবিবাহ থেকে শুরু করে বাংলা ভাষাটাকে শক্তপোক্তভাবে গড়ে তোলা এমন হাজারো কাজ করে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। এই সংখ্যার জয়ঢাকি বোল-এ তাই তাঁকে প্রণাম জানালেন তোমাদের আশুতোষ ভট্টাচার্য দাদা।
পুজো ভালো কাটুক সবার। আনন্দে থেকো।
ভালোবাসায় ,
তোমাদের জয়ঢাকি দাদারা

Leave a Reply