ছড়ার পাতা-বাবার মত-শংখ করভৌমিক-জয়ঢাক ৪৮

chhorababar moto

যখন আমি তোমার মত ছোটো,
ভেবেছিলাম একটু বড়ো হলে
খেলনাগুলো ফেলব কিনে সবই
পকেটভরা পয়সাকড়ি পেলে।
আমার বাবা, তোমার যিনি দাদু
ভেবেছিলেন অনেকদিন পরে
ছেলেটি তাঁর অনেক বড়ো হবে-
বয়েসে নয়, অন্য কোনো জোরে।
তাই তো তিনি নিজেই হাত ধরে
শিখিয়েছেন রাস্তা দিয়ে চলা।
সাঁতার কাটা, সাইকেলেও চড়া,
সময়মতো উচিত কথা বলা।
এখন থেকে অনেকদিন আগে
বাবারা হত বাঘের মত কড়া।
তবুও আমি ঠিক তোমারই মত
বাবার মুখে শুনেছি কত ছড়া।
আজকে দেখি সত্যি বড়ো হয়ে
এখন আছে পকেটটাতে টাকা।
খেলনা কেনা হয়নি তবু আজও,
বাবার কাছে হয়নি কথা রাখা।
আমার সাথে করলে তুমি আড়ি
ভাবটি করা হয় না খুব সোজা।
বাবার মতো বড় হওয়ার হ্যাপা
ঠেলায় পড়ে তখন যায় বোঝা।
আসলে বুঝি সব ছোটোরা ভাবে
বড়োই সোজা বাবার মত হওয়া।
সত্যি বড়ো হলেই যায় বোঝা
কঠিন কাজ- তেমন বোঝা বওয়া।
তাই তো বলি খেলার মাঠে হেরে
হতাশ হয়ে পালিয়ে যেও নাকো।
তবেই হবে বাবার চেয়ে বড়ো।
বরং তুমি নিজের মত থাকো।

ছবি-সঙ্ঘমিত্রা

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply