
নীলবসনা নামটি তার,
ভূতের কথা শুনলে যার
হাত-পা সেঁধোয় পেটের ভেতর
চক্ষে নামে অন্ধকার।
.
এই তো সেদিন বারান্দায়
কাপড় শুকোচ্ছে সন্ধ্যায়,
আঁতকে উঠে নীলবসনা
বলল, “দিদি, শিগ্রি আয়!”
.
ফাল্গুনে ওই বাঁশবনে
ছুটলে হাওয়া শনশনে
কোলবালিশে মুখ লুকিয়ে
চোখ বুজে রাম নাম গোনে!
.
জুটছিল না পাত্র তার,
এমন ভিতু বউ কে আর
সাধ করে নেয় বরণ করে,
করবে লোকে ছিছিক্কার!
.
কিন্তু সবাই বলছে তার
রান্নাতে হাত চমৎকার,
দেখতে শুনতে নয়কো মন্দ,
একটুও নেই অহংকার।
.
সেই শুনে এক ভূতের ছা-য়
বাঁধল তাকে গাঁটছড়ায়,
ভূতকে বিয়ে করলে ভূতের
ভয়টা নাকি ঘুচবে হায়!
—————————-
এবারে তবে গানটা শোনো😁নীচের ইউটিউব লিংকে
ছবি- অগ্নিভ