ছড়া-দুই বোন-দেবীস্মিতা দেব-শরৎ ২০২৩

দেবীস্মিতা দেব-এর আগের ছড়া- খামখেয়ালি, ছারপোকা, আইসক্রিম, মন্ত্র

chhoraduibon
হাঁটি হাঁটি পা পা, কারা হাঁটে দেখে যা
সমস্বরে ডাকে তারা কাক দেখে কা কা।
গোরুকে হাম্বা বলে, কুকুরকে ঘেউ ঘেউ
ভয় পেলে দু-বোনই কেঁদে ওঠে ভেউ ভেউ।
কোকিলের ডাক শুনে কু-উ কু-উ দেয় ডাক
ফেরিওয়ালা হেঁটে গেলে জোরে জোরে দেয় হাঁক।
ম্যাঁও ম্যাঁও ডাক পাড়ে বেড়ালকে দ্যাখে যেই
অল্পেতে খুশি হয় দেখি তারা দুজনেই।
মুখে হাসি দুজনেরই ফুল পাখি দেখলেই
মনে যাই আসে তা আঁকে মেঝে-দেয়ালেই।
জোনাকির আলো দেখে হয় খুশি দুজনেই
হাসি ফুটে ওঠে মুখে আকাশেতে তারা যেই।
মুখে ফোটে আধো আধো কত না রকম বুলি
আদরের দুই বোন—বুলবুলি, তুলতুলি।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply