ছড়ার পাতা-দুগ্গা মাগো সত্যি বলো -অচিন্ত্য সুরাল-পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

choradurgamagosotyibolo

দুগ্‌গাপুজোর একটা পিঠে রঙের আঁকিবুঁকি
কিন্তু যখন ঢাকের আওয়াজ থামে
উল্টোপিঠে গিয়ে আমি একটুকু দিই উঁকি
তখন দেখি আবছামত সারি সারি মুখ,
চোখগুলো সব ভিজে
আমার দিকে তাকিয়ে থাকে
কী যে হয় তখন আমার ঠিক জানি না কী যে
আবছামত ওদের কথা বলব আমি কাকে
ঢাকগুলো ফের বাজতে থাকে
পা দুটো ফের নাচতে থাকে
নাচের তাল-বেতালে
উল্টোপিঠের আবছামত মুখগুলো যাই ভুলে
বন্ধুরা সব নতুন সাজে
পুজোর রঙিন আলোয় আলো ফেলে
ঘুরতে থাকি খুশির ডানা মেলে
রাতের বেলায় যখন আমি
গা এলিয়ে নরম বিছানাতে
আবছামত মুখগুলো ফের ঘরের জানালাতে
উঁকি দিয়ে চেয়ে থাকে, নিজের কাছেই ধরা পড়ি
আমার তখন ছটফটানি, কী যে আমি করি
মনখারাপের নানান ভাঁজে
ঘোরাফেরা করতে থাকি, ঢাকের আওয়াজ
মাথার ভেতর ভিন্নসুরে বাজে
তুমি এলে সবাই ওঠে মেতে
সবাই নাকি থাকে আনন্দেতে
তবে তোমার এত আলো, শিউলি কাশের এমন এ উৎসবে
আবছামত যারা তাদের মুখগুলো সব আবছা কেন হবে
দুগ্‌গা মা গো, সত্যি বলো সবার ঘরেই
তোমার আসন পাতা?
তুমিই সর্বমঙ্গলা আর তুমিই জগৎ মাতা
সবাই যদি তোমার আপন সবাই তোমার চেনা
তবে তোমার ঝলমলানো আলোয় মাখা পিঠে
আবছামত ওরা কেন একবারও আসছে না?
ছবিঃ অন্তরা

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply