
সরস্বতীর বাহন রাজহাঁস, হাতে থাকে বীণা
বলতে পারেন উনিই তোমার বিদ্যা হবে কি না।
লক্ষ্মীঠাকুর সুখেই থাকেন প্যাঁচা নিয়ে পাশে
টাকাপয়সা মনে রেখো ওঁর দয়াতেই আসে
কাঁধে রেখে তীরের বোঝা ধনুক নিয়ে হাতে
কার্তিকেয় যুদ্ধ করেন দুষ্টু লোকের সাথে
গণেশদাদার পেটটি নাদা নাকে বিরাট শুঁড়
পেল্লায় ওই গণেশদাদার বাহনটি ইঁদুর
দুর্গাঠাকুর এই চারটি ছেলেমেয়ে নিয়ে
অসুরটাকে বেজায় মারেন দশখানা হাত দিয়ে
দুর্গামায়ের দশখানা হাত বিশ্বাস না হলে
চন্ডীতলার মন্ডপেতে এক্ষুণি যাও চলে
এক এক করে হাতগুলো সব গুণে গুণে দেখো
সিংহটা খুব রাগী কিন্তু ওকে দূরেই রেখো
বদমায়েশি করলে পরে ফলখানা কী হয়
অসুরটাকে দেখে তুমি বুঝেছ নিশ্চয়
লেখাপড়া করব আমি হবই ভালো মেয়ে
সবকিছুতেই সেরা হব অন্য সবার চেয়ে
এসব কথা দুগ্গা মাকে বলো প্রণাম করে
মাথার থেকে দুষ্টুমিটা যায় মা যেন সরে
“বুঝেছি সব” মিষ্টি হেসে বলল সোনামণি
“দেরি হয়ে যাচ্ছে দাদু চলো না এক্ষুণি
বলছ যা সব বলব সবই ভুলব নাকো জেনো
সবার আগে এখন তুমি ক্যাডবেরিটা কেনো।
ছবিঃ সংঘমিত্রা