
শহিদ ভূতের ভীষণ দুঃখ
কারণটা তার বড়োই সূক্ষ্ম
ভূত বলে কেউ মানতে তাকে চায় না,
অশেষ দুঃখ কষ্ট সয়ে
দেশের জন্য শহিদ হয়ে
এইটুকু মান,তাও কি পাওয়া যায় না?
সবাই বললে,যা তুই চলে
পুবের বনে বটের কোলে
হোথায় ভূতের মোড়ল বেম্মদত্যি,
দিব্যি আসর জমিয়েছে ভাই
সবাই তাকে খুব মানে,তাই
সে মানলেই ভূত হবি তুই সত্যি।
ভূতটা তখন কথায় মজে
ছুটল পুবে বটের খোঁজে
কেমন করে ভূত হবে তাই জানতে,
বেম্মদত্যি খুব রেগে চায়
বললে,ম’লেই ভূত হওয়া যায়?
অনেক কিছু নিয়ম হবে মানতে।
আর তা ছাড়া তুই তো ধন্য
প্রাণ দিয়েছিস দেশের জন্য
অমর হয়ে ভূত হওয়া কি যায় রে?
‘অর্ধেক ভূত’ এই যাত্রায়
করেই দিলাম। মন যদি চায় –
আচ্ছা করে মরেই তবে আয় রে।
বনে গিয়ে ভূত বলে তাই,
হে বাঘ মামা মরতে যে চাই
কড়মড়িয়ে করো আমায় ভক্ষণ।
বাঘ রেগে কয়,মানুষ তো নোস
দেহই তো নেই সেটাই যে দোষ
অখাদ্য তুই,ভালো নয় তোর লক্ষণ।
ভূতটা এবার কী আর করে?
আকাশপথে ঘুরেই মরে
এইভাবে সে পড়েই গেছে আটকা,
সেই থেকে সে সবার কাছে
‘অর্ধেক ভূত’ হয়েই আছে
অবস্থা তার ‘না ঘরকা না ঘাটকা’।
ছবি-মৌসুমী