সিনেমাহল-আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস-মহাশ্বেতা-জয়ঢাক৪৮

cinemahall4801

তিন ভাই বোন। বড় দিদি ভায়োলেট যন্ত্রী, সাধারণ আটপৌরে জিনিস দিয়ে তৈরি করে ফেলে অদ্ভুত অদ্ভুত যন্ত্র। মেজ ভাই ক্লস বড় মাপের পড়িয়ে, বাবা মায়ের বিশাল লাইব্রেরির প্রায় সমস্ত বইই তার পড়া, জাহাজ বানানো থেকে দর্শন, সবেতেই তার অগাধ জ্ঞান। সবার চেয়ে ছোট বোন সানির অবশ্য অন্য একটা গুণ আছে। সে কামড়াতে ওস্তাদ। তার দাঁতগুলো যেমন শক্ত, তেমন ছুঁচোল। তাই দিয়ে কখনো কখনো সে টেবিল কামড়ে ধরে ঝুলে থাকে। তিন ভাই বোন সুখে শান্তিতেই থাকত নিজেদের শখ-শৌখিনতা নিয়ে, কিন্তু একটা ঘটনা তাদের আরামের জীবন একেবারেই বদলে দিল। একটা রহস্যময় অগ্নিকান্ডে জ্বলে গেল তাদের অত প্রিয় বাড়ি। মারা গেলেন বাবা ও মা। বাবা মায়ের উইল অনুসারে তাদের নতুন অভিভাবক হল কাউন্ট ওলাফ, কিন্তু সেই লোকটাকে তারা জীবনে চোখেও দেখেনি। কিছুদিন তার সঙ্গে থাকার পরই বুঝতে পারল যে লোকটা এক নম্বরের শয়তান। সকাল হতেই ভাই বোনের হাতে একটা বিশাল বাড়ির কাজের ফর্দ ধরিয়ে দিয়ে যায়, মাঝে মাঝে তার নাটকের দলকে সঙ্গে নিয়ে এসে উদ্ভট রিহার্সাল দেয় বসবার ঘরে আর যখন পারে ভায়োলেট, ক্লস আর সানিকে অপমান করে। শুধু তাই নয়, তারা এও টের পেল যে ওলাফের ঝোঁক শুধু তাদের বাবা মায়ের রেখে যাওয়া বিশাল সম্পত্তির দিকেই, তাদের প্রতিপালন করার ব্যাপারটা আসলে শুধু লোক দেখানোর জন্য। সম্পত্তির কাগজ হাতে পাওয়া মাত্রই ওলাফ যে তাদের সরানোর চেষ্টা করবে এও বুঝতে পারল তারা। আর হলও ঠিক তাই। সাজানো দুর্ঘটনায় একবার মরতে মরতে বাঁচল, শুধু তাদের উপস্থিত বুদ্ধির কল্যানে। তারপর ওলাফকে ছেড়ে অন্য অভিভাবকের বাড়িতে গেল বটে, কিন্তু ওলাফ তাদের পিছু ছাড়ে না। রহস্যময়ভাবে, উদ্ভট সব ছদ্মবেশে, নাটকের দলের সাহায্যে তাদের পিছু করতেই লাগল বিভিন্ন ভাবে। আর ভাইবোনের অ্যাডভেঞ্চারের সাথে সাথে ক্রমশ ঘন হতে থাকে রহস্য ও দুর্ভাগ্যজনক ঘটনার জাল। বাকিটা জানতে দেখে নাও ‘লেমনি স্নিকেটসঃ আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস’। অবশ্য একটা কথা বলে রাখি- রহস্য, দুর্ভাগ্যজনক ঘটনা, ইটালিয়ান খাবার, ছদ্মবেশ অথবা ষড়যন্ত্র যদি তোমাদের ভাল না লাগে, তাহলে এই ছবিটা না দেখে বরং অন্য কিছু দেখ। কিন্তু, যদি এর মধ্যে একটাও তোমার পছন্দের জিনিস হয়ে থাকে, তাহলে কিন্তু ভুলেও ছবিটা দেখতে ভুলো না। ভাল লাগবে।

তথ্য

নামঃ লেমনি স্নিকেটসঃ আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস

ভাষাঃ ইংরিজি

বছরঃ ২০০৪

রেটিং- বাবা মায়ের সাথে দেখা উচিৎ

Leave a Reply