ক্রোড়পত্র- নোবেল ২০২৬ সাহিত্য- ধ্রুপদী-আধুনিক কবি অ্যান কারসন– দীপঙ্কর চৌধুরী-শীত’২৬

“Some say cavalry and others claim
infantry or a fleet of long oars
is the supreme sight on the black earth.
I say it is
the one you love”

কেউ বলে অশ্বারোহী সেনাদলের ছুট
কেউ বলে কামানগাড়ি গোলন্দাজের হানা
কেউ বলে নৌবহরের সাগর সাঁতার পাড়ি
দেখতে নয়নসুখ।
আমি বলি কেউ তারা নয় সেরা।
সবার সেরা আমার প্রিয়ার মুখ।

–——-

১৯৬০-এর দশকের মাঝামাঝি। 

বছর পনেরোর এক কিশোরী একদিন কানাডার হ্যামিলটন শহরের একটি বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে অচেনা এক কবির লেখা এই লাইনগুলি পড়ে মুগ্ধ হয়। 

কবি না, ‘কবয়িত্রী’, অর্থাৎ মহিলা-কবি।  প্রাচীন গ্রিক কবি তিনি। ভারতে মহাকবি বাল্মিকী যখন রামায়ণী গান বাঁধছেন তার সামান্য কিছু আগেকার বাসিন্দা তিনি, নাম ছিল তাঁর ‘সাপ্পো’।

তিনিও গীতিকবিতাই লিখে গিয়েছিলেন বা গেয়ে গিয়েছিলেন। আমেরিকান কবি উইলিস বার্নস্টোন কবি সাপ্পো-র কবিতাগুলির  ইংরিজি অনুবাদ করে বই ছেপেছিলেন— পৃষ্ঠার এক দিকে গ্রিকভাষায় আর পাশেই ইংরিজিতে।  

সাপ্পোর কবিতাগুলি পড়ে এই কিশোরী  এতই মুগ্ধ হয়েছিল যে নিজ উদ্যোগে ক্লাসিকাল ভাষা গ্রিক শিখতে শুরু করেন, এবং সারাজীবনই ধ্রুপদী সাহিত্য নিয়ে কাটিয়ে দেন। ত্রিশ বছর ধরে তিনি কানাডা ও মার্কিন দেশের নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদী গ্রিক সাহিত্য পড়িয়েছেন।

এবং অবশেষে, এই ধ্রুপদী সাহিত্যের সঙ্গে আধুনিকতার সাহসী মিশ্রণ ঘটিয়ে তিনি পেলেন এ’বছর সাহিত্যের নোবেল পুরস্কার [২০২৬]। 

তাঁর নাম অ্যান (Anne) কারসন। জন্ম ১৯৫০। এখন থাকেন উত্তরমেরুর কাছাকাছি আইসল্যান্ড দ্বীপে! 

***

অ্যান কারসনকে পুরস্কারটি প্রদান করতে গিয়ে নোবেল কমিটি বলেছে এটি দেওয়া হল, “তাঁর সাহসী ও উদ্ভাবনী রচনাসম্ভারের জন্য, যা ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সমকালীন সাহিত্যধারার অনায়াস মিলন ঘটিয়ে এক নতুন রূপ সৃষ্টি করেছে।”

এবং এটি করতে গিয়ে কারসন কাব্য, জ্ঞানচর্চা ও নান্দনিক শিল্পের সীমানাগুলি হেলায় একাকার করে দিয়েছেন। কারণ সাহিত্যে একঘেয়েমির ঘোর বিরোধী শ্রীমতি কারসন। একে তিনি মৃত্যুতুল্য আঁধার বলে মনে করেন! এই একঘেয়েমি থেকে বাঁচতেই তিনি যেমন একবার , একবার নয় দু’ দু’ বার, ইউনিভার্সিটির বাঁধাগতের সিলেবাস ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আবার সেই তিনিই ইউরিপিডিসের ‘হেলেন’ নাটকের ঢঙে Norma Jeane Baker of Troy [2019] লিখে ট্রয়ের হেলেন আর আধুনিকা মেরিলিন মনরোর সৌন্দর্য মিলিয়ে দেন!

এইভাবে তিনি প্রাচীন ক্লাসিককে পরিবেশন করেছেন বর্তমানের আঙিনায়। 

এবং এটা তিনি একবার নয়, বারেবারে করেছেন। 

যেমন, সাপ্পোর তুলনীয় আরেক প্রাচীন গ্রিক-কবি কিয়স-দ্বীপের সিমনাইডসকে রেখেছেন আধুনিককালের হলকস্টজয়ী রোমানিয়ন কবি পল সেলানের পাশে [‘Economy of the Unlost’ (1999)।

আবার, Men in the Off Hours (2000) গদ্যকাব্যে গ্রিক ঐতিহাসিক থুসিডিডিসকে মিলিয়ে দিচ্ছেন ভার্জিনিয়া উলফের সঙ্গে।

এখানেই কারসন অতুলনীয়া!

***

নতুন উদ্ভাবনের তারিফ সর্বদাই থাকে নোবেল কমিটির নির্বাচনে। বব ডিলান এই পুরস্কার পেলে (২০১৬) তাঁর গীতরচনার ‘new poetic expression’-এরও তারিফ তারা করেছিল , যেমন করেছিল ফরাসি গুস্তাফ ল্য ক্লেজিও-র ‘poetic adventure’-এর তারিফ , ২০০৮-এ’ যখন তিনি এই পুরস্কার পান।

প্রবাদপ্রতিম গ্রিক কবি ওডোসিয়াস এলাইটিস যখন সাহিত্যে নোবেল পান (১৯৭৯), নোবেল কমিটি তাঁর লেখায় ‘প্রাচীন গ্রিক ধারার সঙ্গে আধুনিক মানবের সংগ্রাম ও সৃজনশীলতার মেলবন্ধন’-এর তারিফ করেছিল।

অ্যান কারসন তারিফটি পেয়েছেন এই দুয়ের মেলবন্ধন ঘটিয়ে- একদিকে সাহসী উদ্ভাবন ও অন্যদিকে গ্রিক ধ্রুপদী ধারার।

 ***

এক থেকে আরেক শিল্পমাধ্যমে অনায়াস বিচরণ অ্যান কারসনের এক বিশেষত্ব।

১৯৭০-এর দশক থেকেই আমেরিকান শিল্পী লরা আ্যন্ডারসন ও তার কবি-গায়ক স্বামী লুইস রিড যেভাবে ভায়োলিন- গিটার- কবিতা- সিনেমা দিয়ে শিল্পমাধ্যম ভাঙতে ভাঙতে গড়তে গড়তে এগিয়ে চলেছিলেন তা যেন অ্যান কারসনের বহুরৈখিক ও বহুস্তরীয় শিল্পচারণার পটভূমি রচনা করে দিয়েছিল। তাঁর ‘Autobiography of Red’[1998] কাব্য-উপন্যাসে কারসন যখন গ্রিক পুরাকথার পুনরুপস্থাপন করছেন, আ্যন্ডারসন ততদিনে তাঁর বৈদ্যুতিন গল্পকথনে ‘ও- সুপারম্যান’ গেয়ে মাতিয়ে দিচ্ছেন [‘বিগ সায়েন্স’ সিরিজ], এবং রিডস ‘ম্যাজিক আ্যন্ড লস্‌’-এ’ যেন গাইছেন ‘মরণ রে তুঁহু  মম শ্যামসমান!’

রিডসের প্রয়াণোপরান্ত লরা আ্যন্ডারসন-আয়োজিত স্মরণসভায় এসে তাই অ্যান কারসন পাঠ করেছিলেন রিডসের কাব্য (২০১৬)। 

***

কারসনের সৃষ্টির এই এক মাধ্যম থেকে অপর শিল্পমাধ্যমে অনায়াস বিচরণ আবার দেখা গিয়েছিল যখন তাঁর কাব্যানুবাদ ‘An Oresteia ’(2009) লন্ডনে মঞ্চাভিনয় করেছিলেন প্রখ্যাতা অভিনেত্রী ব্রিয়ান লারসন। এটি ছিল তিন দিকপাল গ্রিক নাট্যকার এস্কাইলাস, সফোক্লিস ও ইউরিপিডিসের তিন অমর নাটকের কারসনীয় শৈলীতে ইঙ্গানুবাদ!

***

মহিলা নোবেল-বিজয়ী সাহিত্যিকদের মধ্যে নাডিন গর্ডিমার [১৯৯১] বা ডরিস লেসিং [২০০৭] এর মতো অত বেশি পরিমাণে কিন্তু লেখেননি অ্যান কারসন। প্রকাশিত বইয়ের সংখ্যা বাইশ। বর্তমানে অ্যানের বয়স ৭৬, এবং গত পাঁচ বছর আইসল্যাণ্ড দ্বীপের নাগরিকত্ব নিয়ে সেখানে বাস করছেন স্বামী রবার্ট কুরির সঙ্গে। ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কথা বলতে চান না উনি, যদিও তিনি যে নিঃসন্তান এটা জ্ঞাত। ভাই মাইকেলের অকালমৃত্যু অসম্ভব দাগা দিয়ে গিয়েছিল তাঁকে, যার কথায় আবার ফিরে আসব।

***

প্রাচীন গ্রিক সাহিত্য-ও-দর্শনে ‘প্রেমে পড়া’ বা ‘প্রেমানুভূতি’ বা ‘প্রেমোন্মত্ত অবস্থায় বিচরণ’ এক বহুচর্চিত ধারণা যা নিয়ে কম লেখালেখি হয়নি। গ্রিকভাষায় একে বলে ‘Eros’। আজকের নোবেলজয়ী অ্যান কারসনের প্রথম প্রকাশিত গ্রন্থ Eros the Bittersweet: An Essay (1986)—এর বিষয়ও ছিল এটাই, যার উপরেই এককালে ছিল ওঁর ডক্টরাল থিসিস (1981)। 

এর পরে ওঁর কাব্যোপন্যাস Autobiography of Red  (1998)  প্রকাশিত হলে খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে অ্যানের। এখানে প্রাচীন গ্রিক দৈত্য গেরিয়নকে উনি আঁকেন আধুনিককালের এক সমকামী কিশোর হিসেবে যে কিনা বিদ্রোহী হেরাক্লসের ব্যর্থ প্রেমে বিধ্বস্ত! ২০১৩-তে এর একখানি সিক্যুয়েলও লেখেন কারসেন- ‘Red Doc’ , যাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে দীর্ঘকবিতা The Glass Essay (1995), গদ্য ও কবিতার সমাহারে Men in the Off Hours (2000) , কাব্যসংগ্রহ The Beauty of the Husband (2001) , এবং জঁর-ও-ফর্মভাঙা কবিতাবলী Float (2016) . পাশাপাশি উনি অন্ততঃ সাতখানি গ্রিক নাটকের ইঙ্গানুবাদ করেছেন তাঁর মতো করে নিজস্ব শৈলীতে, যার সম্বন্ধে মজা করে উনি বলেন, ‘অনুবাদ করা যেন ক্রশওয়ার্ড পাজল করেই যাওয়া করেই যাওয়া! যদিও তার ফলাফলটা হয় উপাদেয়।’ 

কবিতা-অনুবাদ-অধ্যাপনার জগৎ নিয়ে মেতে থাকা মানুষটি নোবেল প্রাইজ পেয়ে সবিনয়ে বলেন, ‘আমার লেখালেখিটা হয়তো হঠাৎ ঘটে যাওয়া। হয়তো আরও কিছু করতে পারতাম।’…..সেই যে ওঁর একঘেয়েমির প্রতি গভীর বিরাগ—এ’ তো তা থেকেই উৎপন্ন।

***

প্রথম খ্রিস্টপূর্বাব্দের প্রখ্যাত লাতিন গীতিকবি গায়াস ক্যাটালুস তাঁর প্রিয় ভ্রাতার অকালমৃত্যুতে ব্যথিত হয়ে এক দীর্ঘ শোকগাথা রচনা করেছিলেন: ‘কবিতা-১০১’ , যার শেষ লাইনটি কিংবদন্তী হয়ে আছে: “ave atque vale” (“hail and farewell”)…. ‘শুভেচ্ছা ও বিদায়’!

ধ্রুপদী  কবয়িত্রী অ্যান কারসন এ’ কাব্যের এক ইঙ্গ-অনুবাদ করেন, যাকে অনেকে তাঁর শ্রেষ্ঠ কাব্য বলেছেন- ‘Nox’ (2010).

এ’কাব্যের একটি বিশেষত্ব ছিল।

১৯৭৮-এ’ অ্যানের ভাই মাইকেল এক ক্রিমিন্যাল কাজে ধরা পড়ে কিন্তু দোষ প্রমাণ হবার আগেই ভয়ে কানাডা ছেড়ে পালিয়ে যায়, যাকে অ্যান কারসন জীবনে আর চোখে দেখেননি। যদিও মাঝে মাঝে কানে শুনতেন তার কথা যে দীর্ঘ বাইশ বছর ধরে কখনও ভারতবর্ষে  কখনও বা ইউরোপে পালিয়ে পালিয়ে বেড়াত, এবং কখনও সখনও ফোনে মা-বোন-অসুস্থবাবার খবর নিত। ২০০০সালে কোপেনহেগেনের এক হোটেলে মাইকেল রহস্যজনকভাবে মারা যায়, যাতে অ্যান ভয়ংকর মানসিক কষ্টে ভেঙে পড়েন—সান্ত্বনা খুঁজে পান ঐ ক্যাটাল্যুসের লাতিন কাব্য-১০১ এর মধ্যে যাঁর ভাইও কিনা সুদূরদেশে গিয়ে প্রয়াত হয়।

—এই হচ্ছে অ্যান কারসনের প্রখ্যাত ‘নক্স’ কাব্যগ্রন্থের পটভূমিকা, যে বই এর পাতা গোটানো একোর্ডিয়ানের মতো একটি বক্সে ভরে বিক্রয় করত নিউডিরেকশন পাবলিশিং—তাতে ফ্যাক্সিমিলিতে কবি কারসনের হাতে লেখা নোটস, কাশ্মীর থেকে হোটেলের রাইটিং প্যাডে লেখা ভাইয়ের চিঠি, পুরনো সাদাকালো ফ্যামিলি-ফটোগ্রাফ—এ’সব  রয়েছে। আর রয়েছে অনেক অসমাপ্ত বাক্য, অসম্পূর্ণ শব্দ। নিউ ইয়র্ক বুক রিভিউ এ  এ’বইয়ের কথা বলতে গিয়ে বাক্যহারা হয়েছেন কবি ডান চিয়াসন, ‘…এ’যেন ফিনিক্স পাখির ডিম! ….পড়তে এক ঘণ্টা লাগে কিন্তু হৃদয়ঙ্গম করতে লাগে একটি জীবন!’

***

নোবেল সাহিত্য-পুরস্কারের ইদানীং সমালোচনা করা হয় যে তারা অনেক সময়ে নিরীক্ষাধর্মী রচনাকে পুরস্কৃত করে দিচ্ছে, যাঁদের বৃহত্তর পাঠককুলের সঙ্গে দীর্ঘ যোগাযোগ নেই।

এ’বছরের পুরস্কার নিয়ে অন্তত সে কথা বলা চলবে না কারণ অ্যান কারসেন অনেক বরিষ্ঠ অনেক প্রতিষ্ঠিত একজন কবি—নিবাস যাঁর ধ্রুপদী ঘরানায়।

২০২৫-এর নোবেলজয়ীরা 

Leave a Reply