ক্রোড়পত্র- নোবেল ২০২৬ রসায়ন- অঁরি বি. কাগাঁ ও কেনসো সোআই-দেবজ্যোতি ভট্টাচার্য-শীত’২৬

অণুর দুই প্রতিবিম্ব

২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার যৌথভাবে দেয়া হল ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগাঁ (Henri B. Kagan) এবং জাপানি রসায়নবিদ কেনসো সোআই (Kenso Soai) – এই দুজনকে।কোন আবিষ্কারের জন্য এই পুরস্কার সেটা বুঝতে গেলে প্রথমে একটা গল্প শুনতে হবে। মনে করো তুমি একজোড়া দস্তানা বানাচ্ছ। এক্ষেত্রে একটা দস্তানা হল অন্যটার মিরর ইমেজ বা হুবহু প্রতিফলন। একে বলে প্রতিসাম্য। তুমি বাঁ ও ডান দুটো হাতের দস্তানাই সমসংখ্যায় বানাতে পারো। অন্যভাবে বললে, যে নির্মাণকাজটা প্রতিসম (যেমন দস্তানাজোড়া বানানো) তাতে দুটো প্রতিসম বস্তুই সমসংখ্যায় তৈরি হতে পারে। 

রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও এমন প্রতিসম বস্তু তৈরি হয়। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় যে, উৎপাদিত বস্তুগুলো প্রতিসম হলেও তারা হুবহু মিলছে না। যেমন ধরো নীচের ছবিটা।

এক্ষেত্রে একটাই বস্তু তৈরি হচ্ছে, তাতে বিভিন্ন পরমাণু বা পারমাণবিক সমষ্টিগুলোর অবস্থান অর্ধেক ক্ষেত্রে বাঁহাতি আর অর্ধেক ক্ষেত্রে ডানহাতি। কিন্তু মুশকিল হল এই দুজনের ত্রিমাত্রিক সজ্জায় খুব সামান্য তফাৎ থেকে যাচ্ছে। (যারা আরেকটু বড়ো তারা জানবে এই CO2H হল কার্বক্সিল গ্রুপ) 

এরা একে অপরের প্রতিবিম্ব, অথচ পুরোপুরি সমাপতিত নয়। যেমন খেয়াল করলে দেখবে আমাদের বাঁহাতটা ডানহাতের মিরর ইমেজ হলেও একটা হাতের ওপর আরেকটা হাত রাখলে দেখা যায় কোথাও কোথাও সামান্য গরমিল রয়ে যাচ্ছে। রসায়নে এই গরমিলের বৈশিষ্ট্যকে বলা হয় কাইরালিটি (Chirality)। গ্রিক শব্দ Cheir অর্থাৎ হাত থেকেই এই শব্দের উৎপত্তি।

এই ধরনের বস্তুদের বলি এনঅ্যান্টিওমার। এই সামান্য পার্থক্যই অনেক সময় এদের আচরণে বিরাট পরিবর্তন ঘটায়। উদাহরণ হিসেবে, একটি অণুর এক রূপ মানুষের শরীরে কাঙ্ক্ষিত ওষুধের কাজ করতে পারে, অথচ তার অপর প্রতিবিম্বটি অন্যরকম প্রভাব ফেলতে পারে। সুগন্ধি, খাদ্যরস, ওষুধ এবং জীবদেহের নানা রাসায়নিক বিক্রিয়ায় অণুর এই ডান-বাঁ বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবদেহে প্রোটিন তৈরির কাজে যে অ্যামিনো অ্যাসিড অণুদের কাজে লাগানো হয় তাদের মধ্যেও এই কাইরালিটি রয়েছে। দেখা যায় প্রোটিন তৈরি কাজে অ্যামাইনো অ্যাসিডের দুখানা কাইরালের মধ্যে সমবসময় একটা নির্দিষ্ট কাইরালকই বেছে নেয়া হচ্ছে। 

অর্থাৎ জীবনের রসায়ন এক ধরনের অণু-গঠনকে বেছে নিয়েছে, অন্যটিকে প্রায় সম্পূর্ণ এড়িয়ে গেছে। এই একমুখী প্রবণতাকে বলা হয় হোমোকাইরালিটি (Homochirality)। পৃথিবীতে প্রাণের উদ্ভবের আদিম পর্যায়ে এই প্রবণতা কীভাবে তৈরি হয়েছিল, তা দীর্ঘদিন বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে ছিল।

এই রহস্যের সমাধানে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন অঁরি কাগাঁ। ১৯৩০ সালে ফ্রান্সের বুলোন-বিয়াঁকুর শহরে জন্ম তাঁর। ১৯৬০ সালে কলেজ দ্য ফ্রাঁস থেকে ডক্টরেট অর্জন করেন। পরবর্তীকালে নিজের মেধা ও অবদানের জোরে ফরাসি রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয়ের এই জনপ্রিয় অধ্যাপক।

কাগাঁর গবেষণার মূল বিষয় ছিল অপ্রতিসম অনুঘটন (Asymmetric Catalysis)। সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় দুটি প্রতিবিম্ব-অণু সমান পরিমাণে তৈরি হওয়ার প্রবণতা থাকে। কিন্তু বিক্রিয়ার পরিবেশ, অনুঘটকের গঠন কিংবা অন্য কোনো সূক্ষ্ম প্রভাবের কারণে একটি রূপ অন্যটির তুলনায় সামান্য বেশি তৈরি হতে পারে।

কাগাঁ দেখিয়েছিলেন, এই সামান্য পার্থক্য সব সময় সামান্যই থেকে যায় না। রাসায়নিক বিক্রিয়ার গতিবিধি এবং অনুঘটকের দুই রূপের আচরণের মধ্যে জটিল সম্পর্ক তৈরি হলে, উৎপন্ন অণুর মধ্যে একটি রূপের আধিক্য অনেক বেশি হতে পারে।  ১৯৮৬ সালে তাঁর গবেষণা এই ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কাইরাল বৈষম্য কীভাবে বাড়তে পারে, সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা আসায় পরবর্তী গবেষকদের জন্য তা গুরুত্বপূর্ণ গবেষণা-অস্ত্র হয়ে ওঠে। 

কাগাঁ-র গবেষণার পর এই ক্ষেত্রে আরও যুগান্তকারী পদক্ষেপ নেন কেনসো সোআই। ১৯৫০ সালে জাপানের হিরোশিমায় জন্ম তাঁর। টোকিও বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। ১৯৭৪ সালে স্নাতক এবং ১৯৭৯ সালে ডক্টরেট অর্জন করেন। গবেষণার পর আমেরিকার নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল কাজ করেন। ১৯৮১ সালে টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সে অধ্যাপক হিসেবে যোগ দেন। সোআইয়ের গবেষণার বিষয়টা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে অণুঘটক বস্তুটা কী? 

অনুঘটক এমন একটি পদার্থ, যা কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায়, কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। সোআই দেখালেন, কিছু বিশেষ বিক্রিয়ায় উৎপন্ন অণুই পরবর্তী বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ বিক্রিয়া থেকে যে পদার্থ তৈরি হচ্ছে, সেই পদার্থই আবার তার নিজের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। এটি অনেকটা এমন, যেন একটি ছোট বীজ থেকে গাছ জন্মাল, আর সেই গাছ আবার আরও বীজ উৎপাদন করে নিজের অস্তিত্ব ও সংখ্যা বাড়িয়ে চলল।

এরপর দেখা গেল, সোআইয়ের গবেষণায় এই স্ব-অনুঘটক বিক্রিয়া কাইরাল অণু তৈরির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিক্রিয়ায় যদি প্রাথমিকভাবে একটি কাইরাল রূপ সামান্য বেশি তৈরি হয়, তবে সেই রূপটি পরবর্তী বিক্রিয়াকে নিজের অনুকূলে প্রভাবিত করতে পারে। ফলে প্রাথমিকভাবে যে বৈষম্য সামান্য থাকে তা ক্রমশ বেড়ে যেতে থাকে।, এবং একসময় দুটি প্রতিবিম্ব-অণুর মধ্যে একটি রূপ প্রবলভাবে আধিপত্য বিস্তার করে।

২০০৩ সালে সোআই এমন একটি বিক্রিয়া জনসমক্ষে আনলেন যেখানে দুই প্রতিবিম্ব-রূপের মধ্যে একটির প্রায় একক আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই বিক্রিয়াই আজ Soai Reaction নামে পরিচিত।

এই আবিষ্কারের তাৎপর্য কেবল পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে প্রাণের আবির্ভাবের আদিম পর্যায়ে অজৈব পদার্থ থেকে জৈব অণু তৈরি হয়েছিল। সেই অণুগুলির মধ্যে কোনটি কীভাবে প্রাধান্য পেল? কেন জীবনের রাসায়নিক কাঠামো একটি নির্দিষ্ট কাইরাল রূপকে বেছে নিল? যদি প্রথম দিকে দুই রূপই সমানভাবে তৈরি হয়ে থাকে, তবে কীভাবে একটি রূপ ক্রমশ অন্যটিকে ছাপিয়ে গেল?

সোআইয়ের স্ব-অনুঘটন এবং কাগাঁয়ের অরৈখিক প্রভাব দেখায়, প্রকৃতিতে সামান্য অসমতা থাকলেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তা বহুগুণ বৃদ্ধি পেতে পারে। যদিও তাঁদের গবেষণাগারের বিক্রিয়াগুলি সরাসরি পৃথিবীতে প্রাণের উৎপত্তির প্রমাণ নয়, তবু এই আবিষ্কার জীবনের প্রাথমিক রসায়নে একমুখী কাইরাল বৈশিষ্ট্য কীভাবে গড়ে উঠতে পারে, তার সম্ভাব্য ব্যাখ্যার পথ খুলে দিয়েছে।

এই গবেষণার ব্যবহারিক গুরুত্বও বিপুল। অনেক ওষুধের অণু কাইরাল। দুটি প্রতিবিম্ব-রূপের মধ্যে একটি চিকিৎসায় কার্যকর হতে পারে, অন্যটি কম কার্যকর কিংবা সম্পূর্ণ ভিন্ন আচরণ করতে পারে। ফলে ওষুধ তৈরির সময় কাঙ্ক্ষিত রূপটিকে বেশি করে উৎপাদন করা অত্যন্ত জরুরি।

কাগাঁ এবং সোআইয়ের গবেষণা এমন রাসায়নিক বিক্রিয়া তৈরিতে সাহায্য করে, যেখানে একটি নির্দিষ্ট কাইরাল রূপ অধিক পরিমাণে উৎপাদন করা যায়। এর ফলে ওষুধ তৈরির প্রক্রিয়া আরও দক্ষ, নির্ভুল এবং সম্ভাব্যভাবে নিরাপদ হতে পারে। শুধু ওষুধ নয়, সুগন্ধি, স্বাদ, কৃষি-রাসায়নিক এবং বিশেষ ধরনের উপাদান তৈরিতেও এই গবেষণার প্রভাব রয়েছে।

প্রকৃতির যে রহস্য এক শতাব্দীরও বেশি সময় ধরে অধরা ছিল, তা সমাধানের পথে কাগাঁ ও সোআই দেখিয়েছেন। প্রমাণ করেছেন, কখনও কখনও একটা ছোট্ট পার্থক্যও ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো পৃথিবীর বুকে জীবনের সূচনাকালেও এমনই কোনো সামান্য অসমতা একদিন এক বিরাট বদলের সূচনা করে পৃথিবীতে বিপুল জীববৈচিত্র্যের বীজ বুনেছিল! 

——————————–

তথ্যসূত্র: রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ২০২৬ সালের রসায়নে নোবেল ঘোষণাপত্র; Université Paris-Saclay ও Tokyo University of Science-এর জীবনী ও গবেষণা-সংক্রান্ত প্রকাশনা।

২০২৫-এর নোবেলজয়ীরা 

Leave a Reply