জয়ঢাক প্রকাশন থেকে প্রকাশিত হিমালয় অভিযান বইটি এই লিঙ্কে কিনতে পারবেন– হিমালয় অভিযান (ছাপা বই), হিমালয় অভিযান (ইবুক)
হিমালয় অভিযান- পর্ব-১
সাহিত্যিক, গবেষক, নাট্যকার ও সম্পাদক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তের জন্ম ১৮৮৩ সালে। বর্তমান বাংলাদেশের মূলচর নিবাসী যোগেন্দ্রনাথ গুপ্তের সাহিত্যচর্চার শুরু অল্প বয়সেই। নাট্যকার হিসেবে খ্যাতিমান ছিলেন। ছোটোগল্প সঙ্কলন ‘কল্পকথা’ বা কবিতা সংগ্রহ ‘কবিতা মঞ্জরী’র কথা বিদগ্ধ পাঠক আজও মনে রেখেছেন। কিন্তু এরই পাশাপাশি তিনি বিপুল অবদান রেখেছেন ইতিহাসচর্চায়। সমসাময়িক ইতিহাস রচনার রাজা-উজিরের কাহিনির বাঁধা পথ ছেড়ে তাঁর কলমে উঠে এসেছে বাংলার ডাকাতদের ইতিহাস, উঠে এসেছে বিক্রমপুরের ইতিহাস, বাঙ্গালার ইতিহাস , ২১ খণ্ডে বিশ্বের ইতিহাস এবং ‘হিমালয় অভিযান’ নামের আলোচ্য বইটি। ইতিহাসচর্চার পাশাপাশি সম্পাদক হিসেবে শিশুকিশোরদের জন্য খণ্ডে খণ্ডে অসামান্য বিশ্বকোষ ‘শিশুভারতী’ তাঁর আর এক উল্লেখযোগ্য অবদান। সম্পাদনা করেছিলেন ছোটোদের পত্রিকা ‘কৈশোরক।’ জীবনীকার হিসেবে তাঁর কলমে উঠে এসেছে আব্রাহাম লিঙ্কন থেকে রানি দুর্গাবতী হেন অজস্র মনীষী ও মহীয়সীদের কথা। এবারে হিমালয় অভিযান বইটি পর্বে পর্বে জয়ঢাকে প্রকাশিত হবে।
দীপঙ্করের তিব্বত-যাত্রা
এইবার দীপঙ্কর মনঃস্থির করিয়া তিব্বত-যাত্রা করিতে উদ্যোগী হইলেন। প্রথমে তিনি বিক্রমশীলা বিহারের মহাস্থবির রত্নাকরের নিকট বলিলেন—“আমি তিব্বতীয় শিষ্যগণের সহিত তীর্থদর্শনে যাইবার সঙ্কল্প করিয়াছি। আপনি আমার প্রত্যাগমন পর্যন্ত সুস্থ ও সবল থাকেন ইহাই ভগবান তথাগতের নিকট প্রার্থনা করিতেছি।” রত্নাকরও তাঁহার সহিত তীর্থ-যাত্রার অভিলাষী হইলেন। রত্নাকরের এই কথায় দীপঙ্কর নীরব রহিলেন। রত্নাকর বলিলেন—“দীপঙ্কর, আমি তোমার মনোভাব বুঝিতে পারিয়াছি। তুমি অষ্ট পুণ্যস্থান দেখিবার ছল করিয়া বিনয়ধর (নাগ-চো), গ্যায়ৎসো এবং তাঁহাদের সঙ্গী অন্য পাঁচজন শ্রমণের সহিত তিব্বত-যাত্রার অভিলাষী হইয়াছ। একবার আমি তোমার যাইবার পক্ষে বাধা স্বরূপ হইয়াছিলাম। এইবারও যদি তোমার যাইবার কথা কোনরূপে নৃপতির কর্ণে গিয়া পৌঁছায় তাহা হইলে তোমার যাওয়া সম্ভবপর হইবে না, বিশেষ এই দুইজন তিব্বতীয় ভিক্ষুরও জীবন সংশয়াপন্ন হইবে। কিন্তু আমি ইহাদিগকে শিষ্যরূপে গ্রহণ করিয়াছি, অতএব ইহাদের প্রতি কোনরূপ বিরুদ্ধাচরণ করা কর্ত্তব্য নহে। তারপর ইহারা তিব্বতীয় মহারাজার নিকট হইতে যে মহদুদ্দেশ্যের বাৰ্তা লইয়া এখানে উপস্থিত হইয়াছেন এইরূপ স্থলে আমি সংশয়াপন্ন হইয়া পড়িয়াছি, কি করিব তবে আমি তিন বৎসরের জন্য তোমাকে যাইতে দিতে পারি।”
মহাস্থবির রত্নাকরের এই অভিপ্রায় অল্প সময়ের মধ্যেই বিক্রমশীলা বিহারের সর্ব্বত্র প্রচারিত হইল। বিহারের ভিক্ষুগণ, অধ্যাপকগণ সকলেই দীপঙ্করের তিব্বত-যাত্রা সম্পর্কে বিরোধী হইয়া দাঁড়াইলেন। কিন্তু দীপঙ্করের প্রাণে নবীন উৎসাহ উদ্দীপিত হইয়া উঠিয়াছিল। তিব্বতের মৃত মহারাজার বৌদ্ধ-ধর্ম্মের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির কথা স্মরণ করিয়া তাঁহার হৃদয় উদ্বেলিত হইয়াছিল। তিনি তিব্বত-যাত্রার জন্য আয়োজন ও উদ্যোগ করিতে আরম্ভ করিলেন। তিব্বতের রাজার প্রেরিত স্বর্ণ, দীপঙ্কর চারিভাগে বিভক্ত করিয়া তাহার একভাগ দিলেন বিক্রমশীলার অধ্যাপকদিগকে, অপর একভাগ দিলেন স্থবির রত্নাকরের হাতে, তৃতীয় ভাগ তিনি বজ্রাসন বিহারের সাহায্যার্থে প্রেরণ করিলেন আর চতুর্থ ভাগ রাজভাণ্ডারে দেওয়ার জন্য, যথোপযুক্ত উপদেশ দিলেন এবং বলিয়া দিলেন যেন এই স্বর্ণ বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের কল্যাণার্থ ব্যয়িত হয়।
তারপর আসিল একদিন বিদায় মুহূর্ত্ত। সে সময়ে বিক্রমশীলা বিহারের শ্রমণগণ অধ্যাপকগণ ও শিষ্যগণ সকলে অশ্রুপূর্ণ-লোচনে দীপঙ্করের দিকে চাহিয়া রহিলেন। দীপঙ্কর সেই স্তব্ধ ও শোকাকুল জনতার দিকে চাহিয়া ম্রিয়মাণ হইয়া পড়িলেন।
দীপঙ্করের মনে পড়িল— বিক্রমশীলা বিহারের শত স্মৃতি। মনে পড়িল প্রতিদিন প্রত্যূষে তিনি যখন বিহারের বাহিরে আসিতেন, তখন ভিখারী বালকগণ করুণ-নয়নে তাঁহার দিকে চাহিয়া ছোট ছোট হাতগুলি বাড়াইয়া বলিত, “বাবা, ভিক্ষা দে! বাবা ভিক্ষা দে!” মনে পড়িল কিরূপ ন্যায়নিষ্ঠার সহিত তিনি এই বিহারের প্রধান আচার্য্যরূপে শাসনদণ্ড পরিচালনা করিয়াছিলেন। এমনকি দিবাকরচন্দ, রামপাল প্রভৃতির ন্যায় শিষ্যদিগকেও বিক্রমশীলা বিহার হইতে তাঁহাদের অপরাধের জন্য বিতাড়িত করিতে তিনি ইতস্তত করেন নাই।
আজ সেই কীৰ্ত্তিক্ষেত্র বিক্রমশীলা বিহার পরিত্যাগ করিয়া গমন করিতে তাঁহার প্রাণে যে কত বড় ক্লেশ বোধ হইতেছিল, তাহা সহজেই বুঝিতে পারা যায়।
দীপঙ্কর বুঝিতে পারিয়াছিলেন যে বিহারের শ্রমণগণ, শিষ্যগণ, কেহই তাঁহাকে তিব্বতের ন্যায় দুর্গম প্রদেশে যাইতে দিতে সম্মত হইবেন না। এই জন্যই “অষ্ট মহাস্থান”* দেখিবার ছল করিয়া তাঁহাকে বিহার হইতে বাহির হইতে হইয়াছিল।
[*বৌদ্ধদের অষ্ট ‘মহাস্থান’ বা তীর্থস্থান হইতেছে (১) লুম্বিনী উদ্যান (বর্তমানে নেপাল তরাইস্থিত রুমিনদেই) বুদ্ধদেব যেখানে জন্মগ্রহণ করেন। (২) বুদ্ধগয়া এইস্থানে বুদ্ধ বুদ্ধত্ব (সম্যক সম্বুদ্ধ) লাভ করিয়াছিলেন। গয়া সহর হইতে ছয় মাইল দূরে বুদ্ধগয়া অবস্থিত। (৩) মৃগদাব (Deer-park, বৰ্ত্তমান সারনাথ)। বুদ্ধদেব ‘সম্যক্ সম্বুদ্ধ’ এই পদ প্রাপ্তির পর ধ্যানযোগে জানিতে পারিলেন যে এক্ষণে তাঁহার বুদ্ধত্ব প্রাপ্তির পূর্ব্বেকার পাঁচজন শিষ্য মৃগদাবে (সারনাথে) আছেন। ইহা জানিয়া তিনি সারনাথে আসিয়া আপনার ধম্মোপদেশ প্রথমে ঐ পাঁচজনকে প্রদান করেন। বুদ্ধদেবের জীবনের এই ঘটনা “ধৰ্ম্মচক্র প্রবর্তন” নামে প্রসিদ্ধ। কেননা এইখানেই তিনি তাঁহার সেই পঞ্চবর্গীয় ভিক্ষুদিগকে বৌদ্ধধৰ্ম্মে দীক্ষা দিয়াছিলেন। সারনাথের প্রাচীন নাম ‘ইসিপতন মিগদাব।’ সারনাথের মাটি খুঁড়িয়া অনেক প্রাচীন কীৰ্ত্তি আবিষ্কৃত হইয়াছে। এখানে একটি যাদুঘরও প্রতিষ্ঠাপিত হইয়াছে। (৪) কুশীনারা বর্তমান কাশিয়া বা কুশীনগর) ইহা মল্লদিগের নগর ছিল। মল্লদের শালবনে বুদ্ধদেব মহাপরিনির্ব্বাণ লাভ করিয়াছিলেন। (৫) জেতবন-শ্রাবন্তীর নিকট (বর্তমান সাহেৎ মাহেৎ) এখানে বুদ্ধদেবের অলৌকিক লীলা-মাহাত্ম্য প্রকাশিত হইয়াছিল৷ (৬) বৈশালী (বসার) এখানে একটি হনুমান বুদ্ধদেবকে ভোজন করাইয়াছিল। (৭) সাঙ্কাস্য (বর্তমানে সাঙ্কিসা) এখানে তিনি বিমান হইতে অবতরণ করেন। (৮) রাজগৃহ, বর্তমান রাজগীর — এখানে তিনি একটি বন্য হস্তীকে দমন করিয়াছিলেন।]
তাঁহার এই তীর্থযাত্রা যে তিব্বত-যাত্রা তাহা বিক্রমশীলা বিহারের সকলেই কিন্তু বুঝিতে পারিয়াছিল। কাজেই তাঁহার যাত্রাকালে সকলের প্রাণেই একান্ত গভীর বেদনা ও দুঃখ সঞ্চারিত হইয়াছিল। কিন্তু মহাপ্রাণ দীপঙ্কর তাঁহার বয়স ও পথের দারুণ ক্লেশের কথাও বিস্মৃত হইলেন, যখন তাঁহার মনে পড়িল পবিত্র বৌদ্ধ-ধর্ম্মের তিব্বতে কি দারুণ অবনতিই না হইয়াছে! তখন তাঁহার মনে হইল—ধর্ম্মপ্রাণ রাজ-সন্ন্যাসী জে-সে-হোড তাঁহাকে তিব্বতে নিবার জন্য ব্যর্থ মনোরথ হইয়াই প্রাণ-বিসর্জন দিয়াছেন।
দীপঙ্করের তিব্বত-যাত্রাকালে তাঁহার বয়স কত ছিল, সে বিষয়ে বিভিন্নরূপ মত দেখিতে পাওয়া যায়। কাহারও কাহারও মতে তিনি ১০৪২ খ্রীঃ অঃ ৫৯ বৎসর বয়সে তিব্বত-যাত্রা করেন।*
[*Antiquities of Tibet Pt 1 by A H Francke, pp 50-52. In AD 1013 the Indian Pandit Dharmapala came to Tibet with several of his disciples, and in 1042, the famous ATISHA, a native of Bengal, who is known in Tibet as Jo-Vo-rje or Jo-Vo-rtishe, also came here. ~ The Life of Buddha. Translated by W. W. Rockhill, p.227, 1884]
এল. এ. ওয়াডেল [L. A. Waddell] সাহেবের মতে দীপঙ্কর ১০৩৮ খ্রীঃ অঃ তিব্বতে গমন করেন। সে সময়ে তাঁহার বয়স ৫৮-৫৯ বৎসর ছিল। রক হিল সাহেবও দীপঙ্কর ৫৯ বৎসরে তিব্বতে গমন করেন সেই কথা বলিয়াছেন। তবে তাঁহার হিসাব মানিয়া লইতে হইলে দীপঙ্করের জন্ম ৯৮৩ খ্রীঃ অঃ হইয়াছিল বলিয়া মানিয়া লইতে হয়। কিন্তু আমরা তিব্বতের ইতিহাস এবং অন্যান্য ঐতিহাসিকগণের লেখা হইতে সুস্পষ্টভাবে জানিতে পারিতেছি যে দীপঙ্কর ৫৯ বৎসর বয়সে অর্থাৎ আসন্ন ষাট বৎসর বয়সে তিব্বত-যাত্রা করেন তাহাই প্রামাণিক রূপে পাইতেছি। তাঁহার জন্মের বৎসর স্বর্গত শরৎচন্দ্র দাসের মতে ৯৮০ খ্রীঃ অঃ। ইহাই এতদিন কিন্তু প্রামাণিকরূপে গৃহীত হইয়াছিল। অতীশের জন্ম ৯৮২ বা ৯৮৩ খ্ৰীঃ অঃ হউক না কেন, তিনি যে ৫৯ বৎসর বয়সে তিব্বত-যাত্রা করেন, সে বিষয়ে আমাদের কোনও সন্দেহের কারণ নাই।
তবে কোন সময়ে গিয়াছিলেন, তাহা লইয়াই তর্ক উপস্থিত হয়। আমাদের মনে হয় অধিকাংশ লেখকই যখন অতীশ ১০৪২ খ্রীঃ অঃ তিব্বত গমন করিয়াছিলেন বলিয়া বলিতেছেন, তখন আমরাও ১০৩৮ খ্রীঃ অঃ এর পরিবর্তে ১০৪২-৪৩ খ্ৰীঃ অঃ তিনি তিব্বত গিয়াছিলেন সে কথাই প্ৰামাণিক বলিয়া গ্রহণ করিলাম।
অতীশের তিব্বত-যাত্রার সঙ্গী হইলেন পণ্ডিত ভূমিসঙ্ঘ, বীৰ্য্য-চন্দ্ৰ, নাগ-ছো, গ্যায়ৎসো এবং অনেক অনুচর ও ভৃত্যমণ্ডলী। তাঁহারা যাত্রাপথে প্রথমে মিত্রবিহারে আসিলেন। সেই বিহারের শ্রমণগণ এই যাত্রীদলকে পরম সমাদর সহকারে অভ্যর্থনা করিলেন। তাঁহারা অতীশকে শ্রদ্ধা ও ভক্তিসহকারে অভিনন্দন জ্ঞাপন করিলেন। এই বিহার হইতেই তাঁহারা তিব্বতের উদ্দেশ্যে চলিতে লাগিলেন। গ্যায়ৎসোর সঙ্গে ছিল দুইজন ভৃত্য, নাগ-ছোর সহিত ছিল ছয়জন এবং অতীশের সঙ্গে ছিল কুড়িজন অনুচর। তাঁহারা চলিতে চলিতে ক্রমে ভারতের সীমান্ত প্রদেশে আসিয়া উপস্থিত হইলেন। সেখানে একটি ছোট বিহার ছিল—সেই বিহারের শ্রমণগণ সঙ্ঘবদ্ধভাবে অতীশ এবং তাঁহার সঙ্গিগণকে পরম শ্রদ্ধার সহিত আশ্রমের অতিথিরূপে গ্রহণ করিলেন। ভারতের সীমান্ত প্রদেশস্থিত এই শ্রমণগণ আপনাদের মধ্যে এইরূপ আলোচনা করিতেছিলেন: “যদি অতীশের এই তিব্বত-যাত্রা আমরা প্রতিরোধ করিতে পারিতাম, তাহা হইলে খুবই ভাল হইত, কেননা আমরা ইহা বিশেষভাবে উপলব্ধি করিতেছি যে অতীশের ন্যায় একজন মহাপণ্ডিতের ভারতবর্ষ হইতে প্রস্থানের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ হইতে বৌদ্ধধর্ম্মের গৌরবসূর্য্য অস্তমিত হইবে। অতএব আমাদের কর্ত্তব্য হইতেছে মহাপণ্ডিত আচাৰ্য্য অতীশকে তাঁহার তিব্বত-যাত্রার অভিপ্রায় হইতে নিবৃত্ত করা। আবার সঙ্ঘের অন্যান্য শ্রমণেরা বলিলেন: “বিক্রমশীলা বিহারের আচার্য্যগণ যখন তাঁহাকে নিবৃত্ত করিতে পারেন নাই তখন আমাদের এইরূপ চেষ্টা করা সম্পূর্ণ যুক্তি-বিরুদ্ধ।”
বিহারের শ্রমণগণ অশ্রুপূর্ণ-লোচনে অতীশ ও তাঁহার সঙ্গিগণকে পর্ব্বতে আরোহণ করিতে দেখিলেন।
অতীশ এবং তাঁহার সঙ্গিগণ ভারতের সীমান্ত প্রদেশ অতিক্রম করিয়া তীর্থিকদের গন্তব্যস্থল অতি পবিত্র একটি বিহারে আসিয়া পৌঁছিলেন। সেস্থানে অতীশের মতাবলম্বী পঞ্চদশজন বৌদ্ধাচার্য্য বাস করিতেছিলেন। এই আশ্রমের আচাৰ্য্যগণ তাঁহার সহিত পরিচিত হইয়া আপনাদিগকে ধন্য মনে করিলেন। সারাদিন অতীশের সহিত তাঁহারা ধর্ম্মালোচনা করিলেন। অতীশ তাঁহাদিগকে এইরূপ সরলভাবে বৌদ্ধধর্ম্মের নিগূঢ় তত্ত্ব সমুদয় বুঝাইয়া দিলেন যে সেই আশ্রমবাসী শ্রমণগণ অতীশের পাণ্ডিত্য ও অমায়িক ব্যবহারে একান্ত প্রীত হইয়া প্রত্যেকে তাঁহাকে একটি ছত্র উপহার দিলেন। তাঁহারা অতীশের সহিত একান্ত অনুগতের মত ব্যবহার করিয়াছিলেন।
এই স্থান পরিত্যাগ করিয়া তাঁহারা ক্রমশ পাৰ্ব্বত্য-পথে চলিতে লাগিলেন। এই পথে অনেক তীর্থিকেরাও তাঁহাদের সঙ্গী ছিল। তীর্থিকদলের মধ্যে শৈব, বৈষ্ণব, কপিলাশ প্রভৃতি নানা সম্প্রদায়ের লোক ছিল, তাহারা বৌদ্ধধর্ম্ম-বিদ্বেষী ছিল। ইহারা তিব্বতে বৌদ্ধধর্মের প্রচার ও সংস্কারের পক্ষপাতী ছিল না। এই তীর্থিকদলের মধ্যে কেহ কেহ অতীশকে হত্যা করিতে উদ্যোগী হইয়াছিল। একবার তাহারা আঠারো জন দুর্দ্দান্ত দস্যুকে এই কার্য্যে প্ররোচিত করে, কিন্তু সেই দস্যুগণ অতীশের সৌম্য, শান্ত ও জ্যোতিষ্মান মুখশ্রী দেখিয়া এমনভাবে অভিভূত হইয়া পড়িল যে, তাহাদের হাতের অস্ত্র হাতেই রহিয়া গেল—প্রস্তর মূর্ত্তির মত সকলে নির্ব্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। অতীশ কিছুদূর অগ্রসর হইয়া বলিলেন—’আমার এই হতভাগ্য দস্যুদের জন্য দুঃখ হইতেছে!’ এইরূপ বলিয়া তিনি মাটির উপর কয়েকটি মুর্ত্তি অঙ্কিত করিয়া যেমন মন্ত্রোচ্চারণ করিলেন অমনি নির্ব্বাক্ ও অচল দস্যুদল আবার বাকশক্তি লাভ করিল এবং চলিতে সক্ষম হইল।
একদিন পথিমধ্যে এক স্থানে অতীশ দেখিতে পাইলেন, তিনটি কুকুরের বাচ্চা শীতে জড়সড় হইয়া কষ্ট পাইতেছে। কেহ তাহাদের দিকে ফিরিয়াও তাকাইতেছে না। অতীশ কুকুরের বাচ্চা তিনটিকে তুলিয়া তাঁহার গাত্রাবরণের মধ্যে লইলেন এবং বলিলেন— ‘আহা! বাছারা, তোমরা বড় কষ্ট পাইতেছ!’ এই কথা বলিয়া তিনি পুনরায় পথ চলিতে আরম্ভ করিলেন। এমনি ছিল তাঁহার দয়া ও মহত্ত্ব।
এ স্থানের রাজা (জমিদার) এই যাত্রীদলের প্রতি অত্যন্ত দুর্ব্ব্যবহার করিয়াছিলেন। অতীশের সহিত চন্দন কাষ্ঠের নিৰ্ম্মিত একটি ছোট টেব্ল (table) ছিল। রাজা দীপঙ্করের নিকট সেই টেব্লটি অভদ্রভাবে দাবী করিলেন। অতীশ বলিলেন: “আমি তিব্বতের রাজাকে উপহার দিবার জন্য এই টেব্লটি লইয়া যাইতেছি। আমি ইহা কোন প্রকারেই হস্তান্তরিত করিতে পারিব না। রাজা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং তাঁহাকে বিপন্ন করিবার জন্য পথে এক দস্যুদলকে পাঠাইয়া দিলেন, যেন তাহারা পরদিন প্রত্যূষে অতীশ ও তাঁহার সঙ্গিগণ যেমন এ পথ দিয়া যাইবেন, সে সময়ে তাঁহাদিগকে আক্রমণ করিয়া সমুদয় দ্রব্যাদি লুণ্ঠন করে এবং তাঁহাদের প্রাণনাশ করে।
পরদিন প্রত্যূষে রাজা যেমন যাত্রীদলের নিকট হইতে বিদায় লইয়া গেলেন, তখন দীপঙ্কর তাঁহার সঙ্গিগণকে সম্বোধন করিয়া বলিলেন—“তোমরা সতর্ক থাকিবে। আজ পথে পাহাড়িয়া দস্যুরা আসিয়া আমাদিগকে আক্রমণ করিবে।” তাহাই হইল, কিন্তু অতীশের মন্ত্র-প্রভাবে তাহারা নিৰ্ব্বাকভাবে যন্ত্রচালিত পুতুলের ন্যায় চলিয়া গেল।
এইবার তাঁহারা নেপালের নিকটে আসিয়া পৌছিলেন। দূর হইতে পুণ্য পীঠস্থানের আর্য্য স্বয়ম্ভুর মন্দির দেখিয়া তাঁহাদের মন ও প্রাণ আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। তাঁহারা সকলে একটি শাখা-প্রশাখা-বিশিষ্ট শ্যামল-পত্ররাজি-শোভিত বিরাট বৃক্ষের নীচে শিবির সন্নিবেশ করিলেন। এইখানে ভারবাহী জন্তুর পৃষ্ঠ হইতে মালপত্র নামানো হইল। আর্য্য-স্বয়ম্ভুর মন্দির দর্শনে দীপঙ্করের প্রাণ এতদূর আনন্দে বিভোর হইয়াছিল যে তিনি অপলকনেত্রে সেইদিকে তাকাইয়াছিলেন। অতীশ বৃক্ষের শীতল ছায়ায় উপবেশন করিলেন। তাঁহার দক্ষিণ দিকে গ্যায়ৎসো এবং বাম দিকে বসিয়াছিলেন তাঁহার ভ্রাতা বিজয়চন্দ্র। আর মধ্যস্থলে একটি উচ্চ আসনে বসিয়াছিলেন রাজসন্ন্যাসী মহারাজা ভূমিসঙ্ঘ। এই ভূমিসঙ্ঘ অতীশের প্রিয়তম শিষ্য।
এস্থানের নৃপতি অতীশকে সদলবলে রাজসম্মানে অভ্যর্থনা করিলেন। তাঁহার ও তদীয় সঙ্গিগণের সর্ব্ববিধ সুব্যবস্থার জন্য রাজকর্ম্মচারীদিগের উপর ভার দিলেন। মগধের শ্রেষ্ঠ আচার্য্যকে নৃপতি অনন্তকীর্তি অনেকদূর হইতেই পরম সমাদরে অভ্যর্থনা করিয়া রাজপ্রাসাদে আনিয়া তাঁহার থাকিবার সর্ব্ববিধ সুব্যবস্থা করিলেন৷ তিনি নিজে সম্মুখে উপবেশন করিয়া আচার্য্য অতীশের উপদেশাবলী শ্রবণ করিয়া আপনাকে ধন্য মনে করিতে লাগিলেন।
এই স্থানে গ্যায়ৎসো কঠিন রোগে আক্রান্ত হইলেন। গ্যায়ৎসোকে আরোগ্য করিবার সমুদয় চেষ্টাই ব্যর্থ হইল। একদিন গভীর রাত্রিতে গ্যায়ৎসোর মৃত্যু হইল। অতীশের অনুচরগণ অতিগোপনে রাত্রিকালেই নদীর তীরে লইয়া যাইয়া তাঁহার দেহের সৎকার করিল। পরদিন প্রত্যূষে যাত্রাকালে গ্যায়ৎসোর পরিত্যক্ত শয্যাদ্রব্যাদি একটা ডুলির মধ্যে এমনভাবে সাজানো হইল যেন লোকে মনে করে যে পীড়িত গ্যায়ৎসো ডুলিতে চড়িয়া যাইতেছেন। পাছে নেপাল সরকার কোনরূপ অনুসন্ধান করিয়া তাঁহাদিগকে বিপন্ন করে এজন্যই তাঁহারা এরূপ করিতে বাধ্য হইয়াছিলেন। নতুবা অনাবশ্যকভাবে যাত্রা-পথে বিলম্ব ও বিঘ্ন ঘটিত।
নেপালে অবস্থান কালে অতীশ, নৃপতি নয়পালকে একখানি উপদেশপূর্ণ লিপি প্রেরণ করেন। ঐ লিপিখানি ‘বিমলরত্নলেখ’ নামে পরিচিত। অতীশ তাঁহার সঙ্গীয় দ্বিভাষীর সাহায্যে ঐ সুন্দর উপদেশপূর্ণ পত্রখানি তিব্বতীয় ভাষায় অনূদিত করিয়াছিলেন। এইবার পুনরায় অতীশ ও তাঁহার সহযাত্রীগণ নেপাল পরিত্যাগ করিয়া তিব্বত-যাত্রা করিলেন।
অতীশ ও তাঁহার অভিযাত্রীদল যখন তিব্বতে প্রবেশ করিলেন, তখন তাঁহারা দেখিতে পাইলেন রাজা চ্যাং-চুবের প্রেরিত একশত অশ্বারোহী পুরুষ কারুকার্য্য-পরিশোভিত শ্বেতপরিচ্ছদে সজ্জিত হইয়া অতীশ ও তাঁহার সঙ্গিগণকে অভ্যর্থনা করিবার জন্য উপস্থিত হইয়াছেন। ইহারা চারিজন সৈন্যাধ্যক্ষের নেতৃত্বাধীনে আসিয়াছিল। তাঁহাদের নাম লা-ওয়াংপো, লা-লো দোই, লা-সিরাব এবং লা-শে-জোন। ইঁহাদের প্রত্যেকের হাতে ছিল ষোলটি করিয়া বর্শা। বর্শার উপরে ছিল শ্বেতপতাকা। অশ্বারোহীদের প্রত্যেকের হস্তে ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র শ্বেতপতাকা এবং কুড়িটি শ্বেত সাটিনের ছত্র। ইঁহারা বিবিধ বাদ্যযন্ত্র সহযোগে চারিদিক নিনাদিত করিয়া—“ও মণিপদ্মে হুম” এই পবিত্র মন্ত্র গান করিতে করিতে মগধের বিখ্যাত আচার্য্য দীপঙ্করকে রাজা চ্যাং-চুবের নামে আসিয়া প্ৰণতি পূর্ব্বক সাদর অভিনন্দন জ্ঞাপন করিলেন। সেদিনকার সেই অভিনন্দন, তিব্বতীয়দের ভক্তি-প্রণত ভাব অতীশের চিত্তকে বিশেষরূপে মুগ্ধ করিয়াছিল। তাঁহার হৃদয় তখন আনন্দে অভিষিক্ত হইয়াছিল এবং তাঁহার এই তিব্বত আগমন যে এইভাবে সার্থক হইতে চলিয়াছে তাহা হৃদয়ঙ্গম করিয়া তিনি পুলকিত হইয়াছিলেন। তিব্বতের গুজে নামক স্থানেই তাঁহাকে এইরূপ অভ্যর্থনা করা হইয়াছিল।
এই গুজেতেই অতীশ সৰ্ব্বপ্রথম চা পান করেন। তিনি গুজেতে আসিয়া পৌঁছিলে পর এবং বিশ্রামাদি করিবার সময়ে গুজের অভিনন্দনকারীগণ তাঁহার নিকট তিব্বতীয় রীতিতে চা প্রস্তুত করিয়া উপস্থিত করিলেন এবং বলিলেন—“মহাত্মন্! আপনি যদি অনুমতি করেন তবে আপনাকে আমাদের দেশের এই স্বর্গীয় পানীয় পান করিবার জন্য অনুরোধ করিতেছি।” অতীশ বলিলেন,—“এই পানীয়ের কি নাম? তোমরা যার এত সুখ্যাতি করিতেছ?” তিব্বতীয়েরা বলিলেন,—“মহাত্মন্! ইহার নাম চা। এই গাছের ছাল খাইতে নাই, কিন্তু ইহার পাতা চূর্ণ করিয়া উষ্ণ জলে ভিজাইয়া পান করিতে হয়। এই পানীয়ের অনেক কিছু গুণ রহিয়াছে।” অতীশ তাহাদের কথা শুনিয়া বলিলেন— “এমন উত্তম পানীয় নিশ্চয়ই তিব্বতীয় ভক্ত শ্রমণগণের প্রার্থনার ফলে বিধাতা দান করিয়াছেন। আমি ইহা পান করিয়া তৃপ্তি লাভ করিলাম।”
গুজে হইতে এই যাত্রীদল একে একে নানাস্থান অতিক্রম করিয়া [ডোক্] নামক স্থানে আসিলেন। এই স্থানটী মানস-সরোবর নামক হ্রদের অল্প দূরে অবস্থিত। এই স্থানে দলে দলে গ্রামবাসিগণ আসিয়া তাতীশকে বিবিধ উপহার দিয়া পরিতুষ্ট করিতে লাগিল। ডোক্ নামক স্থানে প্রাতর্ভোজন ইত্যাদি সমাপন করিয়া তাঁহারা মানসসরোবরের তীরে আসিয়া পৌছিলেন। মানস- সরোবরের নির্ম্মল নীলাভ সলিলরাশি এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখিয়া দীপঙ্কর এতদূর মুগ্ধ হইয়াছিলেন যে তিনি এই স্থানে এক সপ্তাহকাল অবস্থান করেন। এই স্থানের সৌন্দর্য্য তাঁহার চিত্তশতদল নবারুণ-দীপ্তিতে বিকশিত করিয়া তুলিয়াছিল। অতীশ যখন মানস-সরোবরের তীরে বাস করিতেছিলেন, ঠিক সেই সময়ে নাগ-ছোও এখানে আসিয়া তাঁহার সহিত মিলিত হইলেন। অতীশ একদিন যখন মানস সরোবরের পবিত্র জলের মধ্যে দণ্ডায়মান হইয়া পিতৃ-পুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করিতেছিলেন, সে সময়ে নাগ-ছো জিজ্ঞাসা করিলেন—“আপনি জলে দাঁড়াইয়া কি করিতেছেন?” অতীশ বলিলেন,—“আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করিতেছি, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব প্রভৃতি দেবতার উদ্দেশ্যে স্তুতি জানাইয়া পিতৃ-পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিতেছি। কেন তোমাদের তিব্বতীয়দের মধ্যে কি তর্পণের রীতি প্রচলিত নাই?” নাগ-ছো কহিল—“হাঁ আমাদের দেশে মঞ্জুশ্রী দেবী এবং অন্যান্য দেব-দেবীর উদ্দেশ্যে অর্চ্চনা করিবার মন্ত্র রহিয়াছে।” অতীশ নাগ-ছোকে তর্পণের প্রয়োজনীয়তা সম্বন্ধে বিবিধ উপদেশ প্রদান করিলেন।
অতীশ মানস সরোবরের তীর পর্য্যন্ত আসিয়া পৌছিয়াছেন, ইতিমধ্যেই এই সংবাদ দিকে দিকে প্রচারিত হইয়াছিল। মানস-সরোবরের তীরবর্ত্তী তিনটি প্রদেশ হইতে দলে দলে লোক তাঁহাকে দর্শন করিবার জন্য আসিতে লাগিল। তিব্বতের ধর্ম্মবিপ্লবের ও অবনতির যুগে ভারতীয় শ্রেষ্ঠ পণ্ডিতের আগমন তাহাদের নিকট এক নূতন উৎসাহ ও আনন্দের প্রেরণা আনিয়া দিয়াছিল।
এ সময়ে অতীশকে রাজধানীতে লইয়া যাইবার জন্য ৩০০ অশ্বারোহী আসিয়া উপস্থিত হইল। ইহারা সকলেই শ্বেত-পরিচ্ছদ পরিহিত ছিল। তিন শতাব্দী পূর্ব্বে আচার্য্য শান্তিরক্ষিতকে যেমন তিব্বতীয়েরা অভ্যর্থিত করিয়া লইয়া গিয়াছিলেন—অতীশকেও তেমনি শ্রদ্ধা ও প্রীতির সহিত পরম ভক্তি-সহকারে আজ আবার রাজার অনুচরবর্গ অভ্যর্থনা করিতে লাগিলেন। তাঁহারা অতীশকে সম্বোধন করিয়া বলিলেন, “হে পরম প্রবীণ, ভারতীয় শ্রেষ্ঠ পণ্ডিত, দেবতা যেমন ভক্তের প্রার্থনায় ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য আসিয়া দৰ্শন দেন, তেমনি হে মহাপ্রাণ মহাপুরুষ, আপনি তিব্বতীয়গণের সনির্ব্বন্ধ অনুরোধে দয়া করিয়া তিব্বতে আসিয়া উপস্থিত হইয়াছেন। আপনি ‘চিন্তামণি’, — আপনি পরশমণি, যাহার স্পর্শে লৌহও স্বর্ণ হয়, যাহার নিকট প্রার্থনা করিলে কোন কিছুই অপূর্ণ থাকে না! তেমনি জানি আপনি আমাদের প্রার্থনা পূর্ণ করিবার জন্যই এখানে আসিয়াছেন। আমরা জানি, আমাদের এই দেশ ধর্ম্ম সম্বন্ধে হীন—যে ধর্ম্ম-গৌরবে ভারত গরীয়ান, সে ধর্ম্ম গৌরব আমাদের নাই তবু আমাদের দেশের প্রতি বিশ্বপ্রকৃতির অশেষ রূপ করুণা-ধারা বর্ষিত হইয়াছে। আমাদের দেশে সূর্যের প্রখর প্রতাপ নাই, আমাদের দেশ শীতল ও শান্তিপ্রদ। আমাদের দেশে নীল-সলিলপূর্ণ হ্রদ এবং নির্ঝরিণী রহিয়াছে অসংখ্য। তিব্বতের জলবায়ু মানুষকে সজীব করিয়া তোলে। তিব্বতের পার্বত্য প্রদেশ পর্ব্বতান্তরালে অবস্থিত বলিয়া শীতের প্রখরতা সেখানে উপলব্ধি হয় না। সেখানকার উষ্ণতা শরীর ও মনকে কর্মঠ এবং উৎসাহী করিয়া থাকে।
“হে প্ৰধান পণ্ডিত! যখন আমাদের দেশে বসন্ত ঋতুর সমাগম হয়, তখন খাদ্যের কোনওরূপ অপ্রাচুর্য্য থাকে না। তখন আমাদের দেশে জননী লক্ষ্মীর শুভদৃষ্টিতে সমুদয় শস্যক্ষেত্র স্বর্ণ-শস্য-সম্ভারে পরিপূর্ণ হয়। শরৎ ঋতুতে তিব্বতের প্রকৃতি সবুজ সৌন্দর্য্যে হাস্যময়ী হয়। মাঠে মাঠে, বনে-বনে পৰ্ব্বতে-পৰ্ব্বতে শ্যামলশ্রী উদ্ভাসিত হইয়া উঠে। হে পরম শ্রেষ্ঠ পণ্ডিত! আমাদের দেশ প্রত্যেক বিষয়েই শ্রেষ্ঠ। আমাদের জন্মভূমি আমাদের নিকট সৰ্ব্বাপেক্ষা শ্রেষ্ঠতম। আজ আপনার শুভাগমনে আমাদের দেশ পবিত্র হইয়াছে। আপনি আমাদের রাজার পক্ষ হইতে আমাদের মুখে সর্ব্বপ্রথম সাদর স্বাগত-বাণী শ্রবণ করুন। যদিও আমাদের বৃদ্ধ নৃপতি লা-জে-শে হোড পরলোক গমন করিয়াছেন, তথাপি আমাদের বর্তমান নৃপতি চ্যাং-চুব অতিশয় বিচক্ষণ ও ধর্ম্মপরায়ণ ব্যক্তি। তিনি প্রজাদের কল্যাণের জন্য, ধর্ম্মের সংস্কারের জন্য, হে মহানুভব ভারতীয় শ্রেষ্ঠ পণ্ডিত! আপনাকে আমাদের তিব্বতে আনয়ন করিয়াছেন। আপনি যখন আমাদের দেশে শুভাগমন করিয়াছেন, তখন নিশ্চয়ই আপনার মহৎ উপদেশে আমরা ধন্য হইব। আমাদের নৃপতি যেমন আপনার শুভাগমনে প্রীতিলাভ করিয়াছেন, তেমনি আমরা সকলে আপনার আদেশ ও উপদেশ মান্য করিয়া কৃতার্থ হইব। তিব্বতের গৌরব ও প্রতিষ্ঠা পুনরায় সর্ব্বত্র ব্যাপ্ত হইবে, আমরাও দীর্ঘ জীবন লাভ করিয়া আপনার মহিমাগীতিতে ধন্য হইব।”
এইবার অতীশ রক্ষীদল-পরিবেষ্টিত হইয়া চ্যাং-চুবের রাজধানী থোলিং নগরের দিকে অগ্রসর হইলেন। তাহারা ‘লো আ, লোমা, লোলা লোলা’ ইত্যাদি গীতরবে চারিদিক মুখরিত করিতে করিতে চলিল।
অতীশের বয়স প্রায় ষাট বৎসর হইলেও তাঁহার শারীরিক সৌন্দর্য্য, মধুর হাস্যময় মুখমণ্ডল, স্নেহপূর্ণ ব্যবহার সঙ্গিগণকে প্রীতিমুগ্ধ করিয়াছিল। এই দেব-প্রকৃতির ভারতীয় পণ্ডিতকে দেখিয়া তিব্বতীয় অনুচরবৃন্দ পরম প্রীতি ও আনন্দ লাভ করিয়াছিলেন। তাঁহার সহাস্য মুখমণ্ডল হইতে সংস্কৃত শ্লোকের আবৃত্তি বড় মধুর শুনাইত। তিনি চলিবার সঙ্গে সঙ্গে সর্ব্বদা বিবিধ মন্ত্র উচ্চারণ করিতে করিতে চলিতেন। এই যে অজ্ঞাত দুর্গম গিরিপথে চলিতেছেন, বৃদ্ধ বয়সে বিবিধ ক্লেশ সহ্য করিতেছেন তবু সকলের সঙ্গে সুমিষ্টভাবে কথাবার্তা বলিতেছেন, “অতি ভালো! অতি ভালো! অতি ভালো! অতি মঙ্গল! অতি ভালো হে মহাকরুণিকা তারা! শাক্যমুনি দেখ!” এই কয়েকটি কথা প্রতি নিয়ত তাঁহার মুখ হইতে উচ্চারিত হইতেছিল।
চ্যাং-চুবের প্রেরিত লোকজনের প্রতি প্রশংসমান দৃষ্টিতে চাহিয়া অতীশ বলিতেছিলেন–“এই রাজকর্ম্মচারিগণ আনন্দে ও হাস্য-কৌতুকে গন্ধর্ব্ব-নৃপতি প্রমোদকেও হার মানাইয়াছে। ইহারা দেখিতে রক্ষ জাতীয় যক্ষ সদৃশ। সত্য সত্যই হিমাবৎ প্রদেশ অবলোকিতেশ্বর দেবের লীলানিকেতন। তাঁহারই কৃপাবলে তিব্বতীয়দের ন্যায় দুর্দ্ধষ-প্রকৃতির ‘পার্ব্বত্যজাতীয় লোকেরা’ মহদ্ধর্ম্মের আশ্রয় গ্রহণ করিয়াছে। এই দুর্দান্ত জাতীয় লোকেরা দেখিতে কদাকার ও ভীষণাকৃতি হইলেও ইহাদের প্রকৃতি দিব্য বিনয়পূর্ণ এবং ভক্তি অনুগত। ইহারা সত্য সত্যই দেব অবলোকিতেশ্বরের অনুগত সেবক। মনে হইতেছে ইহাদের যিনি নৃপতি, তাঁহার প্রভাব ও প্রতিপত্তি নিশ্চয়ই দেবরাজ ইন্দ্রতুল্য হইবে।”
থোলিংয়ের পথে
এইভাবে আনন্দ-অভিযান করিতে করিতে দীপঙ্কর যখন রাজধানী থোলিংয়ের নিকটবর্ত্তী হইলেন, তখন নৃপতি চ্যাং-চুবের প্রধান অমাত্য ওয়ান্ চুগ্, অতীশকে অভ্যর্থনা করিতে আসিলেন। মন্ত্রী ওয়াংচুগ্ অতীশের দুইখানি হস্ত নিজ হস্তমধ্যে ধারণ করিয়া বলিলেন,- “হে প্রভু! আমরা আপনাকে রাজনির্দ্দেশ মত অভ্যর্থনা করিতে অগ্রসর হইয়াছি। আপনি বৌদ্ধধর্ম্মের তত্ত্বজ্ঞ মহাপুরুষ। আপনি দয়া করিয়া আমাদের দেশে আগমন করিয়া আমাদিগকে ধন্য করিয়াছেন। আপনি দারুণ পথ-ক্লেশ সহ্য করিয়াও যে আমাদিগকে মুক্তি-পথের সন্ধান দেখাইতে আসিয়াছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতাপূর্ণ সাদর অভিনন্দন গ্রহণ করুন।” মন্ত্রী এই কথা বলিয়া একটি চিত্র-পট (Tapestry) উপহার দিলেন। ঐ পটে অবলোকিতেশ্বর দেবের মূর্ত্তি অঙ্কিত ছিল। এই পটটি প্রায় চল্লিশ হস্ত পরিমিত দীর্ঘ ছিল। এবং উহা অতি সুন্দরভাবে স্বর্ণ সূত্র দ্বারা কারুকার্য্যখচিত ছিল।
রাজা চ্যাং-চুবের নিকট, দীপঙ্কর তিব্বতে আসিয়া পৌঁছিয়াছেন এই সংবাদ যাওয়া মাত্র ন্যাহারি নামক স্থানের লোকেরা দলে দলে তাঁহাকে দেখিতে আসিতে লাগিল। এই ভারতীয় পণ্ডিত তিব্বতীয়গণের একমাত্র আলোচনার বিষয় হইয়া দাঁড়াইলেন। প্রত্যেক গ্রামবাসী, প্রত্যেক নাগরিকের মুখেই এই মহাপণ্ডিতের কথা শুনা যাইতে লাগিল। উচ্চ, নীচ এবং সাধারণ জনগণেরও তাঁহার মুখে ম্যা-ফ্যাম্ বা মানস-সরোবরের বিষয় অবগত হইবার জন্য আগ্রহ দেখা গেল। রাজা যে মহামানবকে তিব্বতে আনয়ন করিবার জন্য এত অর্থব্যয় করিলেন, যাঁহাকে আনিবার চেষ্টায় বহু লোকের অকালে মৃত্যুমুখে পতিত হইতে হইয়াছে, না জানি সেই শ্রেষ্ঠ ভারতীয় পণ্ডিত কিরূপ দেখিতে, কিরূপ তাঁহার পাণ্ডিত্য, কিরূপ তাঁহার বাক্য ও উপদেশ। এইরূপ ব্যগ্রভাব যে জনসাধারণের পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক, সে-কথা সহজেই বুঝিতে পারা যায়। রাজা চ্যাং-চুব ও তাঁহার কর্মচারীদের প্রমুখাৎ দীপঙ্করের সম্বন্ধে নানা বিষয়ে জানিবার জন্য কৌতূহলি হইয়াছিলেন।
রাজা চ্যাং-চুব যখন ব্যগ্রভাবে দীপঙ্করের বিষয় জানিবার জন্য উৎসুক হইয়াছিলেন, ঠিক সেই সময়ে তাঁহার মন্ত্রী লা-লোদাই দশজন অশ্বারোহী শরীররক্ষীসহ নৃপতিসকাশে আসিয়া উপনীত হইলেন এবং বলিলেন, “মহারাজ! যে মুহূর্তে বহু শাস্ত্র-বিশারদ পণ্ডিত দীপঙ্কর নেপালের পালপা নামক স্থানে আসিয়া পৌছিয়াছিলেন, সে সময়ে নেপালের মহারাজা অতি বিপুলভাবে তাঁহাকে সম্বৰ্দ্ধনা করেন, এমন কি তাঁহার পুত্র পর্য্যন্ত অতীশের নিকট দীক্ষিত হইয়া ‘দেবেন্দ্ৰ’ নামে অভিহিত হইয়াছেন। অতীশের সহিত সমগ্র পশ্চিম ভারতের একজন রাজ-শ্রমণও আসিয়াছেন, তাঁহার নাম ভূমিসঙ্ঘ। ভূমিসঙ্ঘ নানা গুণে গুণান্বিত, সসাগরা ধরণীর মহারাজচক্রবর্ত্তী সম্রাট হইবার যোগ্য। ধর্ম্মের জন্য পৃথিবীর সমুদয় বিলাস-সুখ ও ধনৈশ্বর্য্যের মায়া পরিত্যাগ করিয়া, তিনি জ্ঞানী মহাপুরুষ দীপঙ্করের নিকট দীক্ষা লাভ করিয়া শ্রমণ-ব্রত গ্রহণ করিয়াছেন। তিনি অতীশের একান্ত অনুগত বলিয়াই আমাদের তিব্বতে আগমন করিয়াছেন। মানস সরোবরের তীর পর্য্যন্ত প্রায় ৪২৫ জন নেপাল-রাজ-অনুচর দীপঙ্করের অনুগামী হইয়াছিলেন। সেখানে হাজার হাজার কৃষক ও রাখালেরা আসিয়া মহামতি দীপঙ্করকে বন্দনা করিয়া গিয়াছে এবং তাঁহাকে দর্শন করিয়া ধন্য হইয়াছে।”
মন্ত্রীর মুখে দীপঙ্কর তাঁহার যাত্রা-পথে যে সৰ্ব্বত্র বিশেষভাবে সম্মানিত হইয়াছেন এমন কি নেপাল-রাজও যে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করিয়াছেন ইহাতে নৃপতি অত্যন্ত প্রীতিলাভ করিলেন। দীপঙ্কর যখন থোলিং রাজদরবারে আসিয়া উপস্থিত হইলেন, তখন স্বয়ং নৃপতি এবং রাজদরবারের সকলে দণ্ডায়মান হইয়া অতীশকে অভ্যর্থনা করিলেন। কিন্তু একজন বৃদ্ধ লামা দীপঙ্করকে দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন না, সম্ভবত বার্দ্ধক্যের দরুনই তিনি দণ্ডায়মান হইতে পারেন নাই। এই বৃদ্ধ লামার নাম ছিল, রিন্-চেন্-জং-পো। রিন-চেন-জং-পোর প্রতি এক সময়ে রাজা কর্তৃক তিব্বতের পুরাণ এবং রং প্রদেশের উপর ধর্ম্মনেতৃত্ব ভার প্রদত্ত হইয়াছিল। রিন-চেন-জং-পো তিব্বতের ঐ সকল প্রদেশে অনেক মঠ, মূর্ত্তি ও বিদ্যা-কেন্দ্র প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং বহু গ্রন্থ প্রণয়ন করেন। তাঁহার শিষ্যগণ মধ্যে দশজন সংস্কৃত ভাষায় বিশেষ ব্যুৎপন্ন হইয়াছিল। এবং তাহারা “লোচবা” বা দ্বিভাষী নামে পরিচিত ছিল। রিন-চেন-জং-পো সংস্কৃত ও তিব্বতীয় ভাষায় একখানি অভিধান প্রণয়ন করিয়াছিলেন। তাঁহার প্রতিষ্ঠাপিত তান্ত্রিক ধর্মাচার তিব্বতে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করে। গল্প আছে যে একবার রিন-চেন-জং-পো একটা দুরন্ত দৈত্যকে দমন করিয়াছিলেন।
দীপঙ্করের সহিত রিন-চেন-জং-পোর যখন প্রথম সাক্ষাৎ হইল তখন তাঁহার বয়স ছিল ৮৫ বৎসর। দীপঙ্কর তাঁহার বয়ঃকনিষ্ঠ, এজন্য রিন-চেন-জং-পো ভারতীয় পণ্ডিতকে দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন না, কিন্তু পরে দীপঙ্করের মুখে পাণ্ডিত্যপূর্ণ বিবিধ দেবতাগণের স্তোত্র প্রভৃতি শুনিয়া তিনি একান্ত মুগ্ধ হইলেন। সর্ব্বোপরি দীপঙ্করের তাঁহার প্রতি বিনয়পূর্ণ ব্যবহার তাঁহাকে একান্ত মুগ্ধ করিল। অবশেষে বৃদ্ধ রিন-চেন-জং-পোও বিনীতভাবে দীপঙ্করের নিকট দণ্ডায়মান হইয়া সম্মান প্ৰদৰ্শন করিলেন। বৃদ্ধ রিন-চেন-জং-পো ৯৫ বৎসর বয়সে পরলোক গমন করেন।
এইভাবে তিব্বত-রাজ দীপঙ্করকে পরম সমাদরের সহিত আপনার দেশে অভ্যর্থনা করিয়া লইলেন। রাজা, প্রজাদের প্রতি এইরূপ অনুজ্ঞা প্রচার করিলেন যে: “তাহাদের দীপঙ্করের আদেশ ও উপদেশ অনুযায়ী ধর্ম্মপথে পরিচালিত হইতে হইবে।” ভারতীয় পণ্ডিতগণের মধ্যে দীপঙ্কর যে অতি শ্রেষ্ঠ ব্যক্তি ভাহা তিনি সহজেই বুঝতে পারিলেন। রাজা দীপঙ্করের বিদ্যাবত্তা ও বিবিধ গুণ দেখিয়া তাঁহাকে জো-বো-জে অর্থাৎ প্রভুস্বামী বা স্বামী ভট্টারক উপাধি প্রদান করিলেন।
দীপঙ্কর থোলিং উপনীত হইয়া তিব্বতে মহাযান মত প্রচার করিলেন। এবং তাঁহার প্রস্তাবিত মত সম্বন্ধে বহু গ্রন্থ প্রণয়ন করিয়া প্রকাশ করিলেন। তিনি ক্রমশঃ তিব্বতের ধর্ম্ম-সংস্কারে প্রবৃত্ত হইয়া অল্প সময়ের মধ্যেই তাহার সংস্কার করিতে সমর্থ হইলেন। অতীশের চেষ্টা ও যত্নে তিব্বতের লুপ্তপ্রায় বৌদ্ধধর্ম্মের গরিমা পুনরায় ফিরিয়া আসিল।
দীপঙ্করের উপদেশানুসারে চলিয়া তিব্বতীয় লামারা বৌদ্ধ-ধর্ম্মের প্রকৃত মর্ম্ম কি তাহা হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইয়াছিলেন। অতীশ প্রায় বারো বৎসর কাল তিব্বতে বাস করেন, এই সময়ের মধ্যে তিনি তিব্বতের বিভিন্ন প্রদেশে পর্য্যটন করিয়া বৌদ্ধ-ধর্ম্মের পবিত্রতা এবং প্রকৃত ধর্মতত্ত্ব জনগণ মধ্যে প্রচারিত করিয়াছিলেন। তাঁহার উপদেশ, ধৰ্ম্ম-জীবন, গ্রন্থ প্রণয়ন ইত্যাদি এবং অমানুষিক কঠোর পরিশ্রমের কাজ দেখিয়া তিব্বতবাসী তাঁহাকে দেবতার ন্যায় শ্রদ্ধা ও ভক্তি করিতে আরম্ভ করিয়াছিল। দীপঙ্কর কিভাবে তিব্বতবাসীদিগের মধ্যে ধৰ্ম্ম প্রচার করিয়া নৈতিক উন্নতি ও মঙ্গল বিধান করিতে সমর্থ হইয়াছিলেন, সেকথা সৰ্ব্বজনবিদিত।
লাশার নিকটবর্ত্তী ন্যাথাং নামক স্থানে ১০৫৩ খ্রী অ ৭২ বা ৭৩ বৎসর বয়সে তাঁহার মৃত্যু হয়। এই গ্রামটি নেতাং নামে পরিচিত। কেহ কেহ এই স্থানের নাম নের্তাম বলেন। চীনারা বলে ই-তাং। এসিয়ার সর্ব্বত্র, তিব্বতের প্রসিদ্ধ স্থান-সমূহে যেখানে যেখানে বৌদ্ধধর্ম প্রচলিত আছে সেই সেই স্থানে তিনি দেবতার ন্যায় পূজা পাইয়া আসিতেছেন। সকলের হৃদয়-মন্দিরে তাঁহার স্মৃতি পরম শ্রদ্ধার সহিত ভক্তির পুষ্পাঞ্জলি লাভ করিয়া আসিতেছে। তিব্বতের বৌদ্ধধর্ম্মের অন্যতম ধর্ম্মনেতা ব্রোমতোনের ছিলেন তিনি ধর্ম্মাচার্য্য।
দীপঙ্কর বহু গ্রন্থ প্রণয়ন করিয়াছেন। এবং তিনি একশতটি মহাযান ধৰ্ম্ম-সম্পর্কিত উপদেশ দিয়াছেন। এখানে আমরা তাঁহার লিখিত কতিপয় পুস্তকের নাম দিলাম (১) বোধিপথপ্রদীপ, (২) চর্য্যা-সংগ্রহ-প্রদীপ, (৩) মধ্যমোপদেশ, (৪) সংগ্রহগর্ভ, (৫) মহাযান পথসাধন-বর্ণ সংগ্রহ, (৬) মহাযান-পথ-সাধন-সংগ্রহ, (৭) দশকুশল-কর্ম্মোপদেশ, (৮) গুরুকর্ম্মবিভঙ্গ, (৯) সূত্রার্থ সমুচ্চয়োপদেশ, (১০) সপ্তকবিধি, (১১) গুরুক্রিয়াক্রম, (১২) সরঙ্গতায়দশ। দীপঙ্কর নয়পালকে উপদেশপূর্ণ যে পত্র লেখেন, তাহা ‘বিমলরত্ন-লেখ’ নামে পরিচিত। তিব্বতে দীপঙ্কর ক-দং নামক বৌদ্ধসম্প্রদায়ের সৃষ্টি করিয়াছিলেন।
অতীশের সমাধি-মন্দির গ্রো-ম নামে পরিচিত। নাম নামক গ্রামের যে স্থানে অতীশের সমাধি-মন্দিরটি অবস্থিত, সে স্থানটি অতি নির্জ্জন। যে দীপঙ্কর তিব্বতীয়দের ধর্ম-সংস্কারের জন্য জীবন আহুতি দিয়াছিলেন, তাহারা কিন্তু অতীশের সমাধি-মন্দিরটি রক্ষার দিকে একান্ত উদাসীন। ওয়াডেল সাহেব অতীশের সমাধি-মন্দিরটি দেখিয়া লিখিয়াছেন:–“আমি নাম গ্রামে দীপঙ্করের সমাধি-মন্দিরটির ধ্বংসপ্রায় অবস্থা দেখিয়া অবাক হইলাম। যে ধৰ্ম্মপ্রাণ সাধু মহাত্মা তিব্বতের ধর্ম্ম-সংস্কারের জন্য সুদূর তিব্বতের নির্জ্জন প্রান্তরে জীবন বিসর্জন দিলেন, দুঃখের কথা তিব্বতীয়েরা কিনা তাঁহার সমাধি-ভবনটিকে রক্ষা করিবার প্রতি একান্ত উদাসীন। যে গৃহের মধ্যে অতীশের দেহাবশেষ রক্ষিত, তাহা একটা গোলা-ঘরের ন্যায় কক্ষ মাত্র। বাহিরের দিকটা পীতবর্ণানুরঞ্জিত, উহার চারিদিকে কতকগুলি প্রাচীন উইলো তরু মাথা তুলিয়া একটি বীথি রচনা করিয়াছে। মন্দিরটির আকার অনেকটা চুরতেনের মত। উহার উচ্চতা ১৪ ফিট, পরিধিও তদনুরূপ। ইহার উপরটা বালিচুণের কাজ করা এবং মন্দিরের প্রাচীরের গাত্র অপটু চিত্রকরের অঙ্কিত কয়েকটি বুদ্ধ এবং অতীশের নিজেরও কয়েকটি চিত্র দ্বারা শোভিত রহিয়াছে। দীপঙ্করের চিত্রে দেখিতে পাওয়া যায় তিনি পদ্মাসনে বসিয়া আছেন। নিম্নভাগে শ্বেত হস্তী, শ্বেত ছত্র প্রভৃতি পবিত্র সপ্ত চিহ্ন রহিয়াছে। ছয় জন অশিক্ষিত লামার উপর এই সমাধি-মন্দির রক্ষণাবেক্ষণের ভার রহিয়াছে। ইহারা সমাধি-মন্দিরের ২০০ শত গজ দূরে একটি তরুলতা-গুল্মহীন প্রস্তরাকীর্ণ পর্ব্বতের নিম্নভাগে বাস করে। এই ছয়জন লামার মধ্যে মাত্ৰ একজন সামান্য-ভাবে কিছু লিখিতে পড়িতে জানে। এখানকার পৰ্ব্বত-গাত্রে খোদিত মূর্ত্তি ও নিকটবর্ত্তী স্থানের স্থাপত্য ও ভাস্কর্য্য রীতি দেখিয়া মনে হয় যে অতীশ ও তাঁহার সঙ্গিগণ এই স্থানের কাছাকাছি কোথাও হয়ত বা বাস করিতেন।”
দীপঙ্কর ন্যা-থ্যাং নামক স্থানে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করিয়াছিলেন। ন্যা-থাং লাশা হইতে অল্প দূরে অবস্থিত। ন্যা-থাংয়ের বিহারটি বর্তমান সময়েও বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়া আসিতেছে।(বর্তমানে সিকিম সীমান্তে)

এখানে এখনও প্রায় পঞ্চাশ জন লামা বাস করেন। আজ পর্যন্ত বংশপরম্পরাগতভাবে তিব্বতীয় গল্পপ্রিয় বুদ্ধগণ ও লামাগণ ভারতীয় মহাপুরুষ দীপঙ্কর ও তাঁহার সঙ্গীগণের মহানুভবতার কথা বলিয়া থাকেন।
ক্রমশ
শীর্ষচিত্র- নিকোলাস রোয়েরিখ
জয়ঢাকের অভিযান লাইব্রেরি- এভারেস্ট-এরিক শিপটন(অনু-বাসব চট্টোপাধ্যায়) অন্নপূর্ণা-মরিস হারজগ(অনু তাপস মৌলিক) কন-টিকি অভিযান- থর হেয়ারডাল (অনু-শান্তনু বন্দ্যোপাধ্যায়)
