শ্রদ্ধাঞ্জলি- চলে গেলেন আচার্য সুনীতি পাঠক-দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়-শীত ২০২৪

 IMG-20241207-WA0000

(১লা মে ১৯২৪-৪ ডিসেম্বর ২০২৪)

১০১ বছরে চলে গেলেন আচার্য সুনীতি কুমার পাঠক মহাশয়। যদিও তিনি বৌদ্ধ পন্ডিত নামে খ্যাত তথাপি এই রাষ্ট্রপতি পুরস্কার-সহ স্বর্ণপদক প্রাপ্ত পণ্ডিত ব্যক্তির দখলে ছিল বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতি, মঙ্গোলিয়ান, চিনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো ৯টি ভাষা । এমনকী, সব-কটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতা রয়েছে তাঁর । উল্লেখযোগ্য বিষয় হল, অধ্যাপক সি আর লামা ও সুনীতিবাবুর হাত ধরেই ১৯৫৪ সালে বিশ্বভারতীতে ভারত-তিব্বতী চর্চা বিভাগের শুরু হয়। গবেষণার সুবাদে তাঁর সংগ্রহে রয়েছে প্রাচীন তালপাতার পুথির ভাণ্ডার, যা ভাষাচর্চার জগতে অমূল্য সম্পদ।
১৯২৪ সালে মে মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। গতকাল অর্থাৎ ৪ ডিসেম্বর ২০২৪ এ আমাদের ছেড়ে চলে গেলেন এবং একটা পণ্ডিত যুগের অবসান হল।
এ বয়সে এসে বুঝি , যে জীবনে মহীরুহের ছায়ার তলায় বসা দরকার। সুনীতি পাঠকরা আমার কাছে বট , অশ্বত্থের মত সেই মহিরুহ যাদের ছায়ায় দু দন্ড হলেও বসেছি , কিছু শিখতে পারি না পারি । মায়ার এ সংসারে সংস্কার এভাবেই হস্তান্তর হয় । কারো জোটে কারো জোটে না ….
আজকের চারধারে ছায়াহীন আগাছা আর ঝোপঝাড়ের ভিড়ে সুনীতি পাঠকদের বড় মনে পড়বে। শূন্যতায় নাড়া বাঁধা অমন জীবন আজকের দিনে কোটিতে গুটিক!
দুঃখ থেকে গেল যে গত কয়েক বছরে গিয়ে একবার প্রণাম করে আসতে পারলাম না। উনি অর্হৎ হয়েছিলেন কিনা জানি না, তবে জন্মান্তরের অলাতচক্রে যদি আবার কখনো এ পৃথিবীতে আসেন তবে চাইব আবার ওঁর সাথে দেখা হোক আমার মৃত্যুর আগে ‌।

 

Leave a Reply