ছড়ার পাতা-ভূতের ইচ্ছে-রঞ্জন কুমার বন্দ্যোপাধ্যায়-শরৎ ২০২৫

এই কবির আগের ছড়া- অর্ধেক ভূত, আরে


ভূতের ইচ্ছে বিশাল হবে

পা হবে তালগাছের মতো লম্বা,
মুলোর মতো দাঁত হবে আর
নাকটিও তার থাকবে কেন কম বা?
কান দুটি তার লটপটাবে
ঝুলবে যেন বিরাট দুটি কুলো,
ইচ্ছে চরিতার্থ করতে
পঞ্চু ওঝা ভূতের শরীর ছুঁল।
যেই না ছোঁয়া কী আশ্চর্য
ভূতটা হল বিরাট দশাসই,
দাড়ি কাটতে নাপিত ভায়ার
লাগবে এখন বাষট্টি হাত মই।
পঞ্চু বলে ঝামেলা নেই
নাপিতকেও তো লম্বা করতে পারি,
তবেই তো আর গোল থাকে না
মই না চেপেই কাটবে ভূতের দাড়ি।
এমন কথা শুনেই নাপিত
পঞ্চুকে সে শুধোয় ভয়ে ভয়ে,
মানুষ হয়ে বাষট্টি হাত
লম্বা হব, কেমন করে হয় এ?
বুঝিয়ে আমায় বলবে নাকি
যা বললে তাই এক্কেবারে সত্যি?
এমন মন্ত্র আছে তোমার
যার প্রয়োগে মানুষ হবে দত্যি?
আরে বোকা, পঞ্চু বোঝায়,
লম্বা হবি মানুষ হয়ে কেন?
তোকেও আমি ভূত বানাব
চিন্তা কীসের? ভয় পাসনে যেন।
শুনেই নাপিত কাঁপতে থাকে
ঠকঠকিয়ে, চুল হল তার খাড়া
আর কথা নেই এক ছুটেতে
নাপিত তখন পালায় ছেড়ে পাড়া।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply