ছড়ার পাতা-দুই খুকি-পলাশ বন্দ্যোপাধ্যায়-শরত২০২৫

এই লেখকের আগের ছড়া- নিপাতনে সিদ্ধ, ডানপিটে, কানাঘুষো, খানা খাজানা

পুতুল পুতুল দেখতে দুটো
মিষ্টি খুকি পুঁচকে,
দিনের বেলায় কেবল রাখে
চোখ দু-জোড়া কুঁচকে।
করতে সেলাই জামা ইজের
সময় করে নিজের নিজের,
ফুটোর ভিতর ঢুকিয়ে সুতো
তৈরি করে ছুঁচকে।
খায় দু-বেলা ভাত দে’ মেখে
অ্যায়সা ঘন লস্যি,
ছোট্ট তবু তাগড়া হয়ে
ধেই নাচে দুই দস্যি।
তেজ বেরিয়ে মুণ্ড থেকে
চুলগুলো সব দেয় যে ঢেকে,
শনশনিয়ে আকাশ পানে
উড়তে থাকে রশ্মি।
বাচ্চা হলেও বলশালী যা
মাথায় তাদের গামলা,
তার ভিতরের ইট-পাথরের
ওজনটা কী! সামলা!
লাভ বেড়ে বেশ! সেসব নিয়ে
আস্ত সে ইট-পাথর দিয়ে
পালটা মারে দুই খুকি যেই
শত্রু করে হামলা।
ঘিলুর মাঝে বিদ্যা বোঝাই
ঠিক বুঝে যায় আয়েশে।
কেমনভাবে মিশিয়ে চিনি
মিষ্টি বানায় পায়েসে।
এইভাবে বেশ হয়ে মাহির
করে তাদের বুদ্ধি জাহির,
হঠাৎ দুইয়ে বিখ্যাত হয়
মুন্সিয়ানার দায়ে সে।
যদিও তারা দশ বছুরে
তবুও খ্যাতি সম্মানে,
এতই উঁচু হিংসাতে তার
বড়োরা সব থম মানে।
তাতে বলো দোষ কি কারও?
এমন করে বলতে পারো?
বেচারারা যদিও তোমায়
ভয় পেয়ে প্রায় যম মানে?
থাকলে এলেম তুমিও তবে
তাদের মতো হও গুণী!
এধার থেকে ওধার থেকে
গুণের নামে যা শুনি।
নইলে ছাড়ো ঝগড়াঝাঁটি,
নইলে গুণের সবই মাটি।
বরং চলো সবাই মিলে
নিত্য খুশির জাল বুনি।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply