ছড়ার পাতা-কুলপিওয়ালা-প্রকল্প ভট্টাচার্য -জয়ঢাক৪৮

প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়া-

chhoraarighna02

উফ কী গরম! দুপুরবেলা জানলা দিয়ে দেখি,
জুলপিওলা কুলপিওলা ঠেলছে গাড়ি। একি!
দিব্যি কেমন একটা কাঠি নিজেই মুখে পুরে
আরাম করে চোখ বুজিয়ে যাচ্ছে হেঁটে দূরে!!
ভাল্লাগেনা। কুলপিওলা নিজেই কেন তার
কুলপি খাবে! ঐগুলো তো আমার ও দাদার!
‘ও মা দ্যাখো! কুলপিওলা লোকটা কেমন পাজি,
রোজই বোধহয় সব খেয়ে নেয়,দেখতে পেলাম আজই!
বিকেলবেলা পার্কে গেলে বলবে যা, সব শেষ!
নালিশ শুনে মুচকি হেসে মা জানালো, বেশ।
আমি যখন রান্না করি পোলাউ বা চাউমিন,
তোমরা খেও, আমি বরং উপোস দিই সেদিন?
ও মা, সেকি, তুমি কেন খাবে না খাবার!
তাহলে কী দোষ হল ঐ কুলপিওলাটার?
সেও তো মানুষ! এই গরমে বেড়াচ্ছে রাস্তায়,
ভেবেছ কি, তারও কতো তেষ্টা, খিদে পায়!
নিজেই খেটে কুলপি বানায়, তোমরা খাবে বলে,
প্রাণ জুড়োবে, এবং পাবে আনন্দ সক্কলে!
নাহয় নিজেও একটা খেল? কী এসে যায় তাতে?’
শুনে আমার নজর গেল আবার সে রাস্তাতে।
দূরের একটা বাড়ির নিচে একটু ছায়া পেয়ে
কুলপিওলা ক্লান্ত, বোধহয় পড়েছে ঘুমিয়ে।
আমার তখন মায়াই হলো। সত্যি তো, বেচারা,
বাড়ির ভিতর বসেই আমি ঘেমে নেয়ে সারা,
আর ও এখন ঠেলবে গাড়ি ‘কুলপি খাবে ভাই’
মনে মনে জুলপিওলার কাছেই ক্ষমা চাই!!

ছবিঃ অরিঘ্ন

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply